২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

এআই নিয়ে আলোচনায় অ্যানথ্রপিক প্রধানের সঙ্গে বসছেন ট্রাম্প

অ্যানথ্রপিকের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর প্রধান নির্বাহীরাও ক্রমেই সক্ষম এআই ব্যবস্থা তৈরির গতি কমানোর আহ্বান জানিয়েছেন।

এআই নিয়ে আলোচনায় অ্যানথ্রপিক প্রধানের সঙ্গে বসছেন ট্রাম্প

এআই কোম্পানিগুলোর প্রধান নির্বাহীরা ক্রমেই সক্ষম এআই ব্যবস্থা তৈরির গতি কমানোর আহ্বান জানিয়েছেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 04:10 PM

Updated : 28 Sep 2026, 04:10 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইয়ের সঙ্গে রোববার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নৈশভোজে বৈঠক হবে। তবে এআই উন্নয়নের গতি কমানোর পক্ষে তিনি নন।

ট্রাম্প মনে করেন, এআই নিয়ে নতুন নিয়ন্ত্রণ আরোপ করলে চীন এই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেতে পারে। দ্রুতগতিতে এআই উন্নয়ন ঝুঁকি বাড়াতে পারে বলে আমোদেইয়ের উদ্বেগের কথা স্বীকার করলেও ট্রাম্প বলেন, চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতি ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ।

রয়টার্সের প্রতিবেদন বলছে, ইলিনয়ে প্রেসিডেন্টস কাপ গলফ টুর্নামেন্টে অংশ নেওয়ার সময় ফক্স নিউজকে ট্রাম্প বলেন, “আমরা সম্ভবত চীনের চেয়ে প্রায় দেড় বছর এগিয়ে আছি। আমরা নেতৃত্ব দিচ্ছি এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করছি। তাহলে আমরা কেন সেটা ছেড়ে দেব?”

অ্যানথ্রপিকের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর প্রধান নির্বাহীরাও ক্রমেই সক্ষম এআই ব্যবস্থা তৈরির গতি কমানোর আহ্বান জানিয়েছেন। এসব কোম্পানির মধ্যে রয়েছে ওপেনএআই, গুগলের ডিপমাইন্ড, মাইক্রোসফট এবং এক্সএআই।

এর আগে রয়টার্স ও অ্যাক্সিওসের প্রতিবেদনে ট্রাম্পের সঙ্গে আমোদেইয়ের বৈঠকের কথা প্রকাশিত হয়েছিল। রোববার ফক্স নিউজকে ট্রাম্পও বৈঠকটির বিষয়টি নিশ্চিত করেছেন।

এআই নিয়ে ফেডারেল পর্যায়ে নিয়ন্ত্রণের দাবিও জোরালো হয়েছে। জুলাইয়ে ওপেনএআই প্রকাশ করে, নিরাপত্তা পরীক্ষার সময় তাদের একটি স্বয়ংক্রিয় এআই এজেন্ট নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অন্য একটি কোম্পানির সিস্টেমে প্রবেশের জন্য হ্যাকিং চালিয়েছিল।

তবে এমন নিয়ন্ত্রণহীন এআই এজেন্টের ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ দেখছেন না ট্রাম্প। ফক্স নিউজকে তিনি বলেন, “আমি এটা নিয়ে চিন্তিত নই।” প্রযুক্তি এবং এর সম্ভাবনার ওপর তার আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Image

ট্রাম্পের সঙ্গে আমোদেইয়ের বৈঠকের কথা আগে থেকেই নির্ধারিত রয়েছে। ছবি: রয়টার্স

এআই নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসও। রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, এআই ক্ষেত্রে তার দীর্ঘদিনের কাজ এবং এই প্রযুক্তি কতটা আলাদা ও গুরুত্বপূর্ণ, সে বিষয়ে তার উদ্বেগ ট্রাম্পের কাছে তুলে ধরতে চান।

গেটস বলেন, “এই বিষয়ে আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে যখন বলি, বিষয়টি কতটা স্বতন্ত্র ও ভিন্ন এবং এটি নিয়ে আমি কতটা উদ্বিগ্ন, তখন আশা করি আমার এই অভিজ্ঞতা অন্যদের কাছ থেকে পাওয়া তার তথ্যের সঙ্গে বাড়তি গুরুত্ব যোগ করবে।”

এআই ব্যবস্থায় নিরাপত্তা ও নজরদারি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থা এবং রাজনীতিবিদদের আলোচনায় যুক্ত হওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন গেটস। তার ভাষায়, “নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি কেমন হবে, তা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থা ও রাজনীতিবিদদের আলোচনায় আসতে হবে। আর এটি বাধ্যতামূলক হতে হবে।”

এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা অবশ্য নতুন নয়। তবে চলতি মাসে শীর্ষস্থানীয় এআই গবেষণাগারের কয়েকজন গবেষক এসব ঝুঁকির সঙ্গে সম্ভাব্য সময়সীমা ও আশঙ্কার হিসাব যুক্ত করায় বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন সতর্ক করে বলেন, এই দশকের শেষ নাগাদ এআইয়ের কারণে মানুষের অস্তিত্ব বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। তার এই সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এআই নিয়ন্ত্রণে নতুন বিধি তৈরির আহ্বান জানান।

এনবিসির সাক্ষাৎকারে গেটসও এআইয়ের সম্ভাব্য বিপদের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “এআই অবশ্যই এতটাই শক্তিশালী যে এটি এমন ঘটনা ঘটাতে পারে, যার ফলে একশ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।”

এর আগে এআই নিয়ে উদ্বেগ প্রকাশকারীদের বক্তব্যকে ‘ভাঁওতা’ বলে অভিহিত করেছিলেন ট্রাম্প। তবে গেটস বলেন, এআইয়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা তৈরি করলে প্রযুক্তি খাতের অগ্রগতি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হবে না এবং এসব ব্যবস্থা না থাকলে ঝুঁকিও বাস্তব।

“এটি মোটেও ভাঁওতা নয়,” এনবিসিকে বলেন গেটস।

অ্যানথ্রপিকের অ্যালাইনমেন্ট সায়েন্স বিভাগের প্রধান ইভান হুবিঙ্গারও কক্সনের সতর্কবার্তার সঙ্গে সুর মিলিয়ে বলেন, আগামী এক দশকের মধ্যে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা ১০ শতাংশের বেশি।