ব্যাটারিবিহীন ভবিষ্যতের পথ তৈরি করবে এই সৌরকোষ
নতুন এসব সৌরকোষ ঘরের ভেতরের আলোর ৩৭.৬ শতাংশকে বিদ্যুতে রূপান্তর করতে পারে।
পরবর্তী প্রজন্মের প্রযুক্তিতে তৈরি সৌরকোষ ব্যবহার করে ঘরের ভেতরের আলো থেকেই শক্তি আহরণের নতুন এক রেকর্ড স্থাপনের দাবি করেছেন গবেষকরা।
‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’ বা ইউসিএল-এর বিজ্ঞানীদের নেতৃত্বে গবেষকদের একটি দল বলেছে, তাদের এ সাফল্য এমন এক ভবিষ্যতের পথ দেখাবে, যেখানে রিমোট কন্ট্রোল বা হেডফোনের মতো বিভিন্ন ডিভাইস কেবল আশপাশের আলো থেকেই শক্তি নিয়ে চলবে, আলাদা করে ব্যাটারির প্রয়োজন হবে না।
পরিবেশবান্ধব জ্বালানির ক্ষেত্রে বিপ্লব ঘটানোর জন্য সুপরিচিত পেরোভস্কাইট। এর অসাধারণ নানা বৈশিষ্ট্য রয়েছে। যার ফলে এটি প্রচলিত সিলিকন সৌরকোষের তুলনায় অনেক বেশি দক্ষতার সঙ্গে আলোকে বিদ্যুতে রূপান্তর করতে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। গবেষকরা এই পেরোভস্কাইট নিয়েই গবেষণা করেছেন।
পেরোভস্কাইট সৌরকোষগুলো কম খরচে ও সহজেই উৎপাদন করা যায়। তবে এর মধ্যে উচ্চ ঘনত্বের ‘ট্র্যাপ’ বা দাগ বা ফাঁদ থাকার কারণে তা চার্জের নিরবচ্ছিন্ন প্রবাহে ব্যাঘাত ঘটাতে পারে ও তাপ হিসাবে শক্তির অপচয় করতে পারে।
এ সমস্যার সমাধানে পেরোভস্কাইটে ‘রুবিডিয়াম ক্লোরাইড’ নামের এক রাসায়নিক যোগ করে এসব ট্র্যাপের ঘনত্ব কমাতে পেরেছে ইউসিএল-এর গবেষণা দলটি। ফলে ইনডোর লাইট বা ঘরের ভেতরের আলো থেকে শক্তি সংগ্রহের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন তারা।
নতুন এসব সৌরকোষের পরীক্ষায় দেখা গিয়েছে, এগুলো ঘরের ভেতরের আলো থেকে ৩৭.৬ শতাংশকে বিদ্যুতে রূপান্তর করতে পারে। একইসঙ্গে একশ দিন পরও ৯০ শতাংশের বেশি কর্মসক্ষমতা ধরে রাখতে পেরেছে এসব কোষ।
ইউসিএল-এর ‘ইনস্টিটিউট ফর ম্যাটিরিয়ালস ডিসকভারি’র সহকারী অধ্যাপক ড. মোজতোবা আবদি জালেবি বলেছেন, “বর্তমানে ঘরের ভেতরের আলো থেকে শক্তি সংগ্রহে ব্যবহৃত বিভিন্ন সৌরকোষ ব্যয়বহুল ও খুব একটা কার্যকর নয়।
“আমাদের তৈরি বিশেষ ধরনের এসব পেরোভস্কাইট সৌরকোষ প্রচলিত বিভিন্ন সৌরকোষের চেয়ে অনেক বেশি শক্তি সংগ্রহ করতে পারে ও অন্যান্য প্রোটোটাইপের চেয়ে বেশি টেকসই।”
ঘরের ভেতরের সৌরকোষ বহু দশক ধরেই রয়েছে এবং ক্যালকুলেটরে এ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছিল ১৯৭০-এর দশকেই।
বর্তমানে ডাই-সেন্সিটাইজড সৌরকোষ ব্যবহার করে সূর্যের আলো থেকে মোমবাতির আলো পর্যন্ত বিভিন্ন আলোর উৎস থেকে ইলেকট্রনিক যন্ত্রপাতি চালাচ্ছে বিভিন্ন কোম্পানি।
বিশ্বের অন্যতম বড় সৌরকোষ নির্মাতা কোম্পানি স্টকহোমে অবস্থিত ‘এক্সেগার’। তাদের ‘পাওয়ারফয়েল’ নামের সৌরকোষগুলো এতটাই নমনীয় এবং টেকসই যে সেগুলো বাইক হেলমেট, লেদারের ব্যাগ ও ব্লুটুথ স্পিকারেও লাগানো যায়।
তবে ত্বকের মতো দেখতে এ উপাদানটি পানি ও ধুলারোধী এবং শকপ্রুফ হলেও তা ইউসিএল-এর পরীক্ষাগারে তৈরি পেরোভস্কাইট ব্যবহার করে তৈরি সৌরকোষের মতো একইরকম সক্ষমতা দিতে পারে না।
বর্তমানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে মিলে এ প্রযুক্তিকে বাণিজ্যিকীকরণের উপায় খুঁজছেন ইউসিএল-এর গবেষকরা।
এ গুরুত্বপূর্ণ গবেষণাটি ‘এনহ্যান্সিং ইনডোর ফটোভোল্টাইক এফিসিয়েন্সি টু ৩৭.৬% থ্রু ট্রিপল প্যাসিভেশন রিঅ্যাসেম্বলি অ্যান্ড এন-টাইপ টু পি-টাইপ মডুলেশন ইন ওয়াইড ব্যান্ডগ্যাপ পেরোভস্কাইটস’ শিরোনামে প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘অ্যাডভান্সড ফাংশনাল ম্যাটিরিয়ালস’-এ।
