Published : 18 Nov 2025, 04:34 PM
এআই টুল যা বলে তার সবই মানুষের ‘অন্ধভাবে বিশ্বাস’ করা উচিত নয়– এমনই বলেছেন অ্যালফাবেট প্রধান সুন্দার পিচাই।
বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গুগল প্রধান পিচাই বলেছেন, বিভিন্ন এআই মডেলের ‘ভুল করার প্রবণতা’ রয়েছে। ফলে মানুষকে এআইয়ের সঙ্গে অন্যান্য তথ্যসূত্রও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তিনি।
পিচাই বলেছেন, কেবল এআইয়ের ওপর ভরসা করে তথ্য জেনে সিদ্ধান্ত নেওয়া নিরাপদ নয়, বরং আমাদের বিস্তৃত ও সমৃদ্ধ তথ্যভিত্তিক পরিবেশ থাকাটা গুরুত্বপূর্ণ।
“এ কারণেই মানুষ গুগল সার্চও ব্যবহার করে এবং আমাদের আরও কিছু পণ্য রয়েছে, যা সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে বেশি নির্ভরযোগ্য।
“সৃজনশীলভাবে কিছু লিখতে চাইলে এআই টুল খুবই সহায়ক। তবে এগুলো যে কাজে ভালো সেই কাজেই এসব এআই টুলের ব্যবহার করা শিখতে হবে মানুষকে। আর এসব টুল যা বলে তা সবকিছু অন্ধভাবে বিশ্বাস করা যাবে না।
“যতটা সম্ভব সঠিক তথ্য দিতে আমরা যে পরিমাণ পরিশ্রম করি তা নিয়ে আমরা গর্বিত। কিন্তু যতই আধুনিক হোক বর্তমান এআই প্রযুক্তি এখনও পুরোপুরি নিখুঁত নয়। মাঝেমধ্যে এ প্রযুক্তিতেও কিছু ভুল হওয়ার ঝুঁকি থাকে।
এক নতুন অধ্যায়
গুগলের ভোক্তা এআই মডেল ‘জেমিনাই ৩.০’-এর সর্বশেষ সংস্করণ চালুর জন্য বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে প্রযুক্তি জগৎ, যা চ্যাটজিপিটির কাছ থেকে ধীরে ধীরে বাজারের অংশীদারিত্ব পেতে শুরু করেছে।
এ বছরের মে থেকে নিজেদের সার্চে নতুন ‘এআই মোড’ চালু করেছে গুগল। এতে কোম্পানিটির জেমিনাই চ্যাটবট অন্তর্ভুক্ত রয়েছে, যা ব্যবহারকারীকে এমন অনুভূতি দিতে চায় যেন একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন তিনি।
সেই সময় পিচাই বলেছিলেন, জেমিনাইকে সার্চের সঙ্গে সংযোগ করা এআই প্ল্যাটফর্মের জন্য ‘এক নতুন ধাপের সূচনা’ করছে।
গুগলের পদক্ষেপটি এমন এক চেষ্টার অংশ, যেখানে চ্যাটজিপিটির মতো বিভিন্ন এআই সেবার বিরুদ্ধে প্রতিযোগিতায় যেন টিকে থাকতে পারে তারা। কারণ অন্যান্য প্রযুক্তি জায়ান্টের এসব সেবা গুগলের অনলাইন সার্চের আধিপত্যকে হুমকির মুখে ফেলেছে।
পিচাই বলেছেন, প্রযুক্তি কত দ্রুত বিকশিত হচ্ছে ও এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব রোধের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে তার মধ্যে কিছুটা বৈপরীত্য আছে।
অ্যালফাবেটের ক্ষেত্রে পিচাই বলেছেন, এই বৈপরীত্য পরিচালনার মানে ‘একইসঙ্গে সাহসী ও দায়িত্বশীল হওয়া’।