Published : 06 Aug 2025, 02:48 PM
হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যাওয়া অত্যন্ত তিক্ত অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি। নিজেদের গুরুত্বপূর্ণ ফাইল ও ডেটা দিনের পর দিন হার্ড ড্রাইভে রেখে অনেকেই নিশ্চিন্তে থাকেন, ফলে এগুলো ভালোভাবে সচল রাখা এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য করে রাখা অত্যন্ত জরুরি।
যদিও হার্ড ড্রাইভ নষ্ট হওয়া থেকে সবসময় বাঁচানো সম্ভব নয় তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে এক্সটার্নাল হার্ড ড্রাইভের আয়ু বাড়ানো সম্ভব।
এক্সটার্নাল হার্ড ড্রাইভের আয়ু বাড়ানোর ৭ উপায়
এক্সটার্নাল হার্ড ড্রাইভ যত ভালোভাবে ব্যবহার করবেন ও যত্ন নেবেন তত দীর্ঘদিন এটি টিকবে। তবে মনে রাখবেন, কোনো কিছুই গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ রাখার বিকল্প নয়। কারণ, যে কোনও সময় যে কোনও ড্রাইভই বিকল হতে পারে।
১. সবসময় প্লাগ ইন করে রাখবেন না
এক্সটার্নাল হার্ড ড্রাইভের আয়ু বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো এটা একটানা ব্যবহার না করা। এই অভ্যাস গড়ে তোলার সবচেয়ে ভালো উপায় হলো ড্রাইভটিকে শুধু ব্যাকআপ ড্রাইভ হিসেবে ব্যবহার করা।
অর্থাৎ, যখন দরকার হবে, তখন সংযোগ দিন, প্রয়োজনীয় ফাইল পিসিতে কপি করে নিন, তারপর আবার খুলে রাখুন। এটা মিডিয়া ফাইলের জন্য সবচেয়ে কার্যকর, তবে প্রতিদিনের কাজের ফাইলের ক্ষেত্রে অপ্রায়োজনীয় হতে পারে।
এই পদ্ধতির মাধ্যমে ড্রাইভে কম সময় বিদ্যুৎ প্রবাহিত হবে এবং সেটি দীর্ঘদিন সচল থাকবে।
তবে যদি এই পদ্ধতিতে অভ্যস্ত না হন, তাহলে ডেটা ব্যাকআপের অন্য বিকল্পও রয়েছে। আর যদি সম্পূর্ণ হার্ড ড্রাইভ কপি করে রাখতে চান, তাহলে ডিস্ক ক্লোনিং সফটওয়্যারের সাহায্য নিতে পারেন।
২. অতিরিক্ত গরম হতে দেবেন না
যখন একটি হার্ড ড্রাইভ ঘুরতে থাকে, তখন তা তাপ উৎপন্ন করে। অতিরিক্ত তাপ ইলেকট্রনিক যন্ত্রাংশের জন্য ক্ষতিকর। দীর্ঘ সময় উচ্চ তাপমাত্রায় চললে ড্রাইভের স্থায়ী ক্ষতি হতে পারে এবং আয়ু কমে যেতে পারে। যদি ব্যবহার করার সময় দেখেন ড্রাইভটি খুব গরম হয়ে যাচ্ছে, তাহলে তা খুলে রাখুন এবং ঠান্ডা হতে দিন, তারপর আবার ব্যবহার করুন।
৩. সঠিকভাবে সংরক্ষণ করুন
ইলেকট্রনিকস ও আর্দ্রতা একসঙ্গে চলে না। যেসব ড্রাইভ নষ্ট হয়ে যায়, সেগুলো থেকে ডেটা উদ্ধার করা বেশ কঠিন। অনেকেই ব্যবহার না করার সময় ড্রাইভ কোথায় এবং কীভাবে রেখে দিচ্ছেন, সে ব্যাপারে সচেতন নন। আর্দ্র পরিবেশ হার্ড ড্রাইভের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে, তাই একে ঠান্ডা এবং বাতাস চলাচল করে এমন জায়গায় সংরক্ষণ করা ভালো।
৪. চরম আবহাওয়ায় ব্যবহার করবেন না
আগেই উল্লেখ করা হয়েছে তাপ ও আর্দ্রতা চলমান ড্রাইভের ক্ষতি করতে পারে। তাই এক্সটার্নাল হার্ড ড্রাইভ কখনও খুব গরম বা অতিরিক্ত আর্দ্র পরিবেশে ব্যবহার করবেন না। বাতাসে যদি অতিরিক্ত স্যাঁতস্যাঁতে ভাব থাকে বা তাপমাত্রা খুব বেশি হয়, তখন ড্রাইভ একেবারেই না চালানোই ভালো।
৫. ধুলা থেকে দূরে রাখুন
ধুলা হার্ড ড্রাইভের জন্য বিপজ্জনক, কারণ এটি ড্রাইভের ভিতরে প্রবেশ করে ক্ষতি করতে পারে ফলে ডেটা রিডিংয়ে সমস্যা বা ডিস্ক স্কিপিংয়ের মতো সমস্যা দেখা দিতে পারে। আপনি যেখানে ড্রাইভ ব্যবহার করছেন, সেই ঘরটি যেন ধুলামুক্ত থাকে বা যতটা সম্ভব কম ধুলাবালি থাকে, সেটা নিশ্চিত করুন।
৬. যত্ন করে ব্যবহার করুন
এক্সটার্নাল হার্ড ড্রাইভ ব্যবহার করার সময় যেন অযত্নে বা ধাক্কা দিয়ে না ফেলা হয় তা নিশ্চিত করুন। হার্ড ড্রাইভ পড়ে গেলে ভেতরের যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে এবং তা আর কাজ না-ও করতে পারে। তাই যত্ন করে ব্যবহার করুন, যাতে ড্রাইভটি দীর্ঘদিন টিকে থাকে।
৭. বারবার সঙ্গে নিয়ে ঘোরা ঠিক না
এক্সটার্নাল হার্ড ড্রাইভকে যতটা সম্ভব নির্দিষ্ট জায়গায় রাখা উচিত। হাঁটা বা গাড়িতে চলার সময় ব্যাগে রাখলে এবং ড্রাইভটি বার বার ধাক্কা খেলে ভেতরের নড়াচড়া করা যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে করে ড্রাইভের আয়ু অনেক কমে যেতে পারে।
প্রযুক্তিবিষয়ক সাইট ‘মেইক ইউজ অফ’ লিখেছে, সবসময় সংযুক্ত থাকা ডিস্ক ড্রাইভগুলো সাধারণত চার থেকে ছয় বছর বা তার বেশি সময় ধরে ভালোভাবে কাজ করে। কিন্তু যদি উপরের পরামর্শগুলো মেনে চলা হয় যেমন ব্যবহার শেষে খুলে রাখা, ধুলা ও তাপ থেকে রক্ষা করা, ঠিকঠাক সংরক্ষণ করা তাহলে এক্সটার্নাল হার্ড ড্রাইভ আরও অনেক বছর টিকতে পারে।
ড্রাইভ কতদিন টিকবে তা নির্ভর করে কত ঘন ঘন এটি চালু করবেন, কীভাবে ব্যবহার করেন। তবে ঠিকঠাক ব্যবহারের মাধ্যমে একটি ভালো মানের এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে ১০ বছর এমনকি ১৫ বছরেরও বেশি সময় সেবা পাওয়া সম্ভব।