০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আইএসএস থেকে ভূমিতে ফিরলেন প্রথম ভারতীয় নভোচারী

ভারতীয় নভোচারী শুক্লা বলেছেন, “ভারতের মহাকাশ গবেষণার যাত্রা কঠিন হতে পারে, তবে সেই যাত্রা শুরু হয়ে গিয়েছে।”

আইএসএস থেকে ভূমিতে ফিরলেন প্রথম ভারতীয় নভোচারী
মিশনের গ্রুপ ক্যাপ্টেন শুক্লা হলেন মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয়। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 09:49 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

ফিরে এসেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস পা রেখে ভারতের ইতিহাসে নাম লেখানো প্রথম নভোচারী শুভাংশু শুক্লা।

সরাসরি এক টেলিভিশন সম্প্রচারে দেখা গিয়েছে, সোমবার চার সদস্যের দল নিয়ে আইএসএস থেকে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে ‘এক্সিয়ম-৪’ নামের মিশনটি। ভারতীয় সময় দুপুর ৩টা ১ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে অবতরণ করেছে ক্যাপসুলটি।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক নভোচারী পেগি হুইটসনের নেতৃত্বে ও গ্রুপ ক্যাপ্টেন শুক্লার পরিচালনায় ‘এক্সিয়ম-৪’ মিশনটি ২৬ জুন আইএসএসে পৌঁছেছিল। এই মিশনের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন পোল্যান্ডের স্লাওসজ উজনানস্কি-উইসনিয়েস্কি ও হাঙ্গেরির তিবোর কাপু। 

মিশনের গ্রুপ ক্যাপ্টেন শুক্লা হলেন মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয়। ১৯৮৪ সালের পরে এবারই প্রথম কোনো ভারতীয় আবার মহাকাশে গেলেন। 

এর আগে, ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে রুশ সয়ুজ মহাকাশযানে করে মহাকাশে গিয়েছিলেন নভোচারী রাকেশ শর্মা।

‘এক্সিয়ম-৪’ হচ্ছে এক বাণিজ্যিক মহাকাশযাত্রা, যেটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের হিউস্টনভিত্তিক ব্যক্তিমালিকানাধীন কোম্পানি ‘এক্সিয়ম স্পেস’।

যৌথ উদ্যোগের এ মিশনটিতে অংশ নিয়েছে নাসা, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’, ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইএসএ’ ও ইলন মাস্কের মহাকাশ কোম্পানি ‘স্পেসএক্স’।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আইএসএস লিখেছে, ‘এক্সিয়ম-৪’ মিশনের ক্রু সদস্যরা মহাকাশযানে তাদের আসন গ্রহণ করেছেন এবং যানটির হ্যাচ বা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। মহাকাশযানটির আইএসএস থেকে বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তটিও সরাসরি সম্প্রচারিত হয়েছে।

রোববার আইএসএস থেকে বিদায় বক্তব্যে ভারতীয় নভোচারী শুক্লা বলেছেন, “ভারতের মহাকাশ গবেষণার যাত্রা কঠিন হতে পারে, তবে সেই যাত্রা শুরু হয়ে গিয়েছে।

“এ ছিল এক অসাধারণ যাত্রা। এখন এই অধ্যায়ের শেষ পর্যায়ে এসে পৌঁছলেও আপনি আর আমি, আমাদের পথ এখনও অনেক দূর বাকি রয়ে গিয়েছে। আমাদের মানব মহাকাশ মিশনের যাত্রা অনেক দীর্ঘ ও কঠিন। তবে আমাদের ইচ্ছাশক্তি দৃঢ় হলে তারারও নাগাল পাব আমরা।”