১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টেসলার গাড়িতে আসছে গ্রক এআই

এ সপ্তাহে বিতর্কের মুখে পড়েছে গ্রক। কিছু এক্স ব্যবহারকারীর অভিযোগ, গ্রক এমন কিছু কনটেন্ট তৈরি করেছে, যেখানে ইহুদি বিদ্বেষী ধারণা ও হিটলারের প্রশংসা করেছে এটি।

টেসলার গাড়িতে আসছে গ্রক এআই
সম্প্রতি নিজেদের নতুন ও প্রধান এআই মডেল গ্রক ৪ উন্মোচন করেছে এক্সএআই। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2025, 01:06 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

আগামী সপ্তাহেই মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা টেসলার গাড়িতে আসছে ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআইয়ের চ্যাটবট গ্রক।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে টেসলার সিইও মাস্ক বলেছেন, “দেরিতে হলেও আগামী সপ্তাহের মধ্যে টেসলা সর্বশেষ মডেলের বিভিন্ন গাড়িতে ব্যবহার করা যাবে গ্রক এআই।”

এক্সএআই বুধবার নিজেদের নতুন ও প্রধান এআই মডেল গ্রক ৪ উন্মোচন করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। 

এর আগে, মাস্ক বলেছিলেন, টেসলার গাড়িতেও আসবে গ্রক। তবে ওই সময় কবে নাগাদ গাড়িতে এআই আসবে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

গাড়িতে গ্রক আনার বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি টেসলা।

এদিকে, এ সপ্তাহে বিতর্কের মুখে পড়েছে মাস্কের এআই চ্যাটবট গ্রক। কারণ, কিছু এক্স ব্যবহারকারী অভিযোগ তুলেছেন, গ্রক এমন কিছু কনটেন্ট তৈরি করেছে, যেখানে ইহুদি বিদ্বেষী ধারণা ও অ্যাডলফ হিটলারের প্রশংসা করেছে চ্যাটবটটি। 

এমন অভিযোগের পর ওই ধরনের পোস্টগুলো সরিয়ে ফেলেছে কোম্পানিটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন স্ক্রিনশটে দেখা গিয়েছে, ‘বর্ণবাদ সংক্রান্ত এক প্রসঙ্গের’ জবাবে হিটলারকে ‘সেরা ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছে গ্রক।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, তার প্রয়াত মা ও দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে ‘অপমানজনক’ কথা বলায় গ্রককে নিষিদ্ধের নির্দেশ দিয়েছে দেশটির এক আদালত।

অন্যদিকে, পোল্যান্ড সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে অভিযোগ করেছে, দেশটির রাজনীতিবিদদের, বিশেষ করে প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্কের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছে চ্যাটবটটি।