Published : 10 Jan 2026, 01:17 PM
জিমেইল সেবায় এআই চ্যাটবট জেমিনাইয়ের নতুন কিছু সুবিধা যোগ করছে সার্চ জায়ান্ট গুগল।
বৃহস্পতিবার কোম্পানিটি বলেছে, এ নতুন সুবিধার ফলে এআইয়ের সাহায্যে ইমেইলের দীর্ঘ কথোপকথনের সারসংক্ষেপ বা সামারি এখন থেকে সহজেই পাবেন ব্যবহারকারীরা।
এক ব্লগ পোস্টে গুগল বলেছে, “আপনি যখন মেইলের অনেকগুলো রিপ্লাই বা উত্তর সম্বলিত কোনো ইমেইল খুলবেন তখন পুরো কথোপকথনটি বিশ্লেষণ করে এর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে এক সংক্ষিপ্ত সারসংক্ষেপ তৈরি করে দেবে জিমেইল।”
কোম্পানিটি বলেছে, জিমেইলের ইনবক্সে ‘এআই ওভারভিউস’ সুবিধাটি আনছে তারা, যা সাধারণত গুগল সার্চ রেজাল্টের একদম উপরে দেখা যায়।
গুগলের বিভিন্ন পণ্যে জেমিনাই এআই প্রযুক্তি যোগের অংশ হিসেবে এসব নতুন আপডেট আনছে কোম্পানিটি।
সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, বর্তমানে এআই বাজারে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই ও এআই স্টার্টআপ অ্যানথ্রপিক-এর মতো কোম্পানির সঙ্গে পাল্লা দিতে নিজেদের বড় গ্রাহক সংখ্যার ওপর ভরসা করছে গুগল।
কোম্পানিটির তথ্য অনুসারে, বর্তমানে জিমেইল ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটির বেশি।
এআইয়ের অভাবনীয় উন্নতির ওপর ভর করে ২০১৯ সালের পর গেল বুধবার প্রথমবারের মতো বাজার মূলধনের দিক থেকে অ্যাপলকে ছাড়িয়ে গেছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট।
গত বছর বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির মধ্যে শেয়ারবাজারে সবচেয়ে ভালো অবস্থানে থাকা এ কোম্পানিটির অগ্রযাত্রা এখনও অব্যাহত রয়েছে।
অন্যদিকে, গত বছরের শেষদিকে ওপেনএআইয়ের বাজার মূল্য ৫০ হাজার কোটি ডলারে পৌঁছেছে এবং বুধবার অ্যানথ্রপিক বলেছে, নতুন বিনিয়োগের পর তাদের বর্তমান বাজার মূল্য হয়েছে ৩৫ হাজার কোটি ডলার।
গুগল বলেছে, কোম্পানিটি সর্বশেষ বিভিন্ন আপডেট ধাপে ধাপে চালু করবে তারা। কিছু ফিচার ইনবক্সে আগে থেকেই সচল থাকবে। ফলে যেসব ব্যবহারকারী এগুলো ব্যবহার করতে চান না তারা চাইলে সেটিংসে গিয়ে সেগুলো বন্ধ করে দিতে পারবেন।
নতুন এসব ফিচারের মধ্যে একটি হচ্ছে ‘সাজেস্টেড রিপ্লাই’। গুগল বলেছে, ব্যবহারকারীর ইমেইলের কনটেন্ট বুঝে নিয়ে ‘এক ক্লিকে’ উত্তর দেওয়ার সুবিধা তৈরি করবে এই ফিচার।
কোম্পানিটির আগের ‘স্মার্ট রিপ্লাই’ টুলটিরই উন্নত এক সংস্করণ এই ফিচার। নিজেদের ‘প্রুফরিডিং’ অপশনটিকেও আরও উন্নত করছে গুগল, যা ব্যাকরণ বা গ্রামার পরীক্ষার পাশাপাশি বিভিন্ন মেসেজকে আরও সংক্ষিপ্ত ও গোছানো করতে সাহায্য করবে।
গত বছর জিমেইলে গুগলের জেমিনাই যোগ হওয়ার ফলে বিভিন্ন সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। এর মাধ্যমে এখন ইমেইল সার্চ, প্রম্পট লিখে নতুন ইমেইল ড্রাফট, ব্যাকরণ বা গ্রামার ঠিক করা ও নিজের পছন্দমতো উত্তর তৈরির মতো কাজ সহজেই করা যাচ্ছে।