১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্পেসএক্সের আরও ১৪০ কোটি ডলারের শেয়ার কিনলেন মাস্ক

স্পেসএক্সের বাজারমূল্য প্রতি ৫০ হাজার কোটি ডলার করে বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এসব শেয়ার ধাপে ধাপে মাস্কের মালিকানায় যোগ হবে।

স্পেসএক্সের আরও ১৪০ কোটি ডলারের শেয়ার কিনলেন মাস্ক
নিজস্ব ট্রাস্টের মাধ্যমে এসব শেয়ার কিনেছেন তিনি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 04:01 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

গত বছর সাবেক ও বর্তমান স্পেসএক্স কর্মীদের কাছ থেকে ১৪০ কোটি ডলারের শেয়ার কিনে কোম্পানিতে নিজের মালিকানার অংশ বাড়িয়েছেন ইলন মাস্ক।

সম্প্রতি কোম্পানিটির আইপিও সংক্রান্ত খসড়া নথি থেকে এ তথ্য জানিয়েছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ইনফরমেশন।

রয়টার্স লিখেছে, এর মাধ্যমে মহাকাশ অভিযান কোম্পানিটিতে মাস্কের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হল। 

মঙ্গলবার ইনফরমেশন প্রতিবেদনে লিখেছে, গত বছর বর্তমান ও সাবেক কর্মীদের কাছ থেকে ১৪০ কোটি ডলারের শেয়ার কেনার মাধ্যমে স্পেসএক্সে নিজের মালিকানা বাড়িয়েছেন মাস্ক। নিজস্ব ট্রাস্টের মাধ্যমে এসব শেয়ার কিনেছেন তিনি।

গেল মাসে একটি পরিকল্পনা অনুমোদন করেছে স্পেসএক্স।

পরিকল্পনা অনুসারে, কোম্পানির বাজারমূল্য যদি ১.১ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে ৬.৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেভেলপারদের কম্পিউটিং সুবিধা দিতে মহাকাশে ডেটা সেন্টার তৈরির উচ্চাভিলাষী লক্ষ্য পূরণ হয় তবে মাস্ক অতিরিক্ত আরও ৬ কোটি শেয়ার পাবেন।

স্পেসএক্সের বাজারমূল্য প্রতি ৫০ হাজার কোটি ডলার করে বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এসব শেয়ার ধাপে ধাপে মাস্কের মালিকানায় যোগ হবে।

ইনফরমেশনের এ প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। এ ছাড়া এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়াও দেয়নি স্পেসএক্স।

জানুয়ারিতে রয়টার্স এক প্রতিবেদনে বলেছিল, কোম্পানিটি গেল বছরের মার্চে যুক্তরাষ্ট্রে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য গোপনভাবে আবেদন করেছে।

গত বছর ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ কোটি ডলার আয়ের বিপরীতে কোম্পানিটির মুনাফা হয়েছে প্রায় ৮০০ কোটি ডলার।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, স্পেসএক্স তাদের শেয়ারের জন্য ‘ডুয়াল-ক্লাস’ কাঠামো ব্যবহারের পরিকল্পনা করছে।

এর ফলে ‘ক্লাস বি’ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ১০টি করে ভোট দেওয়ার ক্ষমতা পাবেন, যা মাস্ক ও কোম্পানির ভেতরের কয়েকজন কর্মকর্তার হাতেই সব ক্ষমতা কেন্দ্রীভূত রাখবে।

অন্যদিকে, সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা ‘ক্লাস এ’ শেয়ারের বিপরীতে থাকবে কেবল একটি করে ভোট।