একই ক্রিপ্টো নেটওয়ার্কে ট্রাম্পের ব্যবসা ও ইরানি লেনদেন
নোবিটেক্সের নিয়ন্ত্রণ রয়েছে ইরানের এক প্রভাবশালী পরিবারের দুই ভাইয়ের হাতে, যাদের সঙ্গে দেশটির নতুন সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টো প্রজেক্ট ও ইরানের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ উভয়ই তাদের লেনদেন ও ব্যবসায়িক প্রসারের জন্য এই খাতের শীর্ষ দুটি নেটওয়ার্ক ব্যবহার করেছে।
রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ‘ট্রন’ ও ‘বিএনবি চেইন’ নামের দুটি মাধ্যম ব্যবহার করে একদিকে যেমন ইরানের শত শত কোটি ডলার পারাপার হয়েছে, অন্যদিকে ট্রাম্পের ক্রিপ্টো উদ্যোগও আর্থিক সুবিধা পেয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব ক্রিপ্টো প্রজেক্ট একদম শুরুর দিকে এই দুটি নেটওয়ার্কই সেই নতুন উদ্যোগকে বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতা পেতে সাহায্য করেছিল।
২০২৩ সাল থেকে ‘ট্রন’ ও ‘বিএনবি চেইন’-এর মাধ্যমে ২৩০ কোটি ডলার লেনদেন করেছে ইরানের ‘নোবিটেক্স এক্সচেঞ্জ’। এ ব্লকচেইন দুটি যথাক্রমে ক্রিপ্টো ধনকুবের জাস্টিন সান ও চ্যাংপেং ঝাও-এর হাত ধরে তৈরি। এসব নেটওয়ার্ক সুরক্ষিত ও জালিয়াতিমুক্ত ডিজিটাল খতিয়ান হিসেবে কাজ করে, যা ব্যবহারের জন্য গ্রাহকদের নির্দিষ্ট ফি দিতে হয়।
আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এই দুটি ডিজিটাল মাধ্যমের সাহায্যে ইরানি অর্থের লেনদেন সচল রয়েছে।
এদিকে, জাস্টিন সান ও চ্যাংপেং ঝাও-এর ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘বাইনান্স’ উভয়ই ট্রাম্প ও তার পরিবারের প্রতিষ্ঠিত ক্রিপ্টো কোম্পানি ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স’-এর অন্যতম প্রধান পৃষ্ঠপোষক।
অবশ্য ইরানের এ লেনদেনের বিষয়ে ট্রাম্প পরিবার আগে থেকে কিছু জানত– এমন কোনো প্রমাণ বা ইঙ্গিত মেলেনি।
এরপরও ইরানের এ অর্থ লেনদেনের ঘটনাটি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বড় ব্যবসায়িক স্বার্থের কারণে তৈরি হওয়া স্বার্থের সংঘাতকে স্পষ্ট করে তুলেছে। যেমন, ট্রাম্প পরিবারের রিয়াল-এস্টেট ব্যবসা ‘ট্রাম্প অর্গানাইজেশন’ এখনও বিভিন্ন দেশের সঙ্গে নিজেদের বৈদেশিক বিভিন্ন চুক্তি চালিয়ে যাচ্ছে।
মার্কিন ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ বা এসইসি’র ইন্টারনেট এনফোর্সমেন্ট দপ্তরের সাবেক প্রধান জন রিড স্টার্ক বলেছেন, “যুক্তরাষ্ট্র যে দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে সেই দেশের বিভিন্ন কোম্পানির এসব ব্লকচেইনের ব্যবহার ‘চরম এক নাটকীয় পরিহাস’। যেসব গোষ্ঠী এসব প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রিপ্টো অর্থায়ন করছে যুদ্ধক্ষেত্রে প্রেসিডেন্ট ঠিক তাদেরকেই পরাস্ত করার চেষ্টা করছেন।”
অবশ্য ট্রাম্প প্রশাসন তার ব্যবসার কারণে কোনো ধরনের ‘স্বার্থের সংঘাত’ তৈরির বিষয়টি অস্বীকার করেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইরানের ব্যাংকিং ব্যবস্থার সম্পর্ক খোঁজার বিষয়ে রয়টার্সের এই অদ্ভুত চেষ্টা একেবারেই হাস্যকর।”
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে তিনি রয়টার্সকে সরাসরি ‘ওয়ার্ল্ড লিবার্টি’র সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।
‘ওয়ার্ল্ড লিবার্টি’র একজন মুখপাত্র বলেছেন, নোবিটেক্সের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা পুরোপুরি মার্কিন আইন মেনে চলেন।
“ওয়ার্ল্ড লিবার্টি কোনোভাবেই ট্রনের মালিকানা, পরিচালনা বা নিয়ন্ত্রণ করে না এবং এ নেটওয়ার্কে হওয়া কোনো লেনদেনের ওপর আমাদের কোনো কর্তৃত্ব নেই।”
ক্রিপ্টো অ্যানালিটিক্স ফার্ম ‘আর্কহাম’-এর ব্লকচেইন ডেটা বিশ্লেষণ করে রয়টার্স প্রতিবেদনে লিখেছে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি কোম্পানি ও সাধারণ নাগরিকদের মাধ্যমে ব্যাপকহারে ব্যবহৃত ‘নোবিটেক্স’ ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ট্রন নেটওয়ার্কের মাধ্যমে ২০০ কোটি ডলারেরও বেশি লেনদেন সম্পন্ন করেছে।
এ ছাড়াও ২০২৩ সাল থেকে নোবিটেক্স ‘বিএনবি চেইন’-এর মাধ্যমে ৩১ কোটি ৭০ লাখ ডলার লেনদেন করেছে। এ ‘বিএনবি চেইন’ আগে ‘বাইনান্স স্মার্ট চেইন’ নামে পরিচিত ছিল, যা বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইনান্সের তৈরি।
রয়টার্সই প্রথম ‘আর্কহাম’-এর দেওয়া এসব তথ্য প্রকাশ করল। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে আর্কহামের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
এ বছরে ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিএনবি চেইনের মাধ্যমে নোবিটেক্সে ২ কোটি ২৬ লাখ ডলার ও ট্রন নেটওয়ার্কের মাধ্যমে ৫ লাখ ৫০ হাজার ডলার মূল্যের ক্রিপ্টো মুদ্রা লেনদেন হয়েছে।
১ মে রয়টার্স এক প্রতিবেদনে লিখেছিল, নোবিটেক্সের নিয়ন্ত্রণ রয়েছে ইরানের এক প্রভাবশালী পরিবারের দুই ভাইয়ের হাতে, যাদের সঙ্গে দেশটির নতুন সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে। এ দুই ভাইয়ের নেতৃত্বে এক্সচেঞ্জটি একটি সাধারণ স্টার্টআপ থেকে ইরানের সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থার মূল কেন্দ্রে পরিণত হয়েছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত হয়।
রয়টার্স জানতে পেরেছে, নোবিটেক্সের ব্যবহারকারীদের মধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংক ও দেশটির বিশেষ সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ও রয়েছে।
এর আগে, ২০২২ সালের এক প্রতিবেদনে রয়টার্স বলেছিল, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে নোবিটেক্স ও বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে প্রায় ৭৮০ কোটি ডলার মূল্যের ক্রিপ্টোর লেনদেন হয়েছে। বাইনান্সের মাধ্যমে লেনদেন হওয়া এই ইরানি তহবিলের প্রায় তিন-চতুর্থাংশই ছিল ট্রনের ক্রিপ্টো মুদ্রা।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, নোবিটেক্স তাদের গ্রাহকদের ট্রন ব্যবহারের পরামর্শ দিত, যাতে তারা ‘নিষেধাজ্ঞার কারণে নিজেদের সম্পদ ঝুঁকিতে না ফেলে’ পরিচয় গোপন রেখে লেনদেন করতে পারে।
বিএনবি চেইন ও ট্রনের মাধ্যমে নোবিটেক্স ২৩০ কোটি ডলারের লেনদেন করেছে। রয়টার্সের এ হিসাবটি চারজন ক্রিপ্টো বিশ্লেষক যাচাই করে দেখেছেন, যাদের মধ্যে দুজন ইরানের ডিজিটাল সম্পদ ব্যবহারের বিষয়ে বিশেষজ্ঞ। তারা সবাই নিশ্চিত করেছেন, এই হিসাবটি সঠিক।
ইরান বিষয়ক বিশেষজ্ঞদের একজন স্বাধীন গবেষক ও তদন্তকারী রিচ স্যান্ডার্স বলেছেন, প্রকৃত লেনদেনের পরিমাণ সম্ভবত এর চেয়েও বেশি। কারণ কেবল নোবিটেক্সের মালিকানাধীন বলে পরিচিত বিভিন্ন ওয়ালেট অ্যাড্রেসের লেনদেনই ট্র্যাক করা সম্ভব হয়েছে।
ইরানি কোম্পানিটি অবশ্য প্রকাশ্যে স্বীকার করেছে, লেনদেনের উৎস খোঁজা ও তহবিল আটকে দেওয়া কঠিন করতে তারা প্রতিনিয়ত তাদের ওয়ালেট অ্যাড্রেস পরিবর্তন করে থাকে।
এ প্রতিবেদনের একটি বিস্তারিত সারাংশ দেখানোর পর, বাইনান্স ও বিএনবি চেইন উভয় কোম্পানির মুখপাত্রই রয়টার্সকে বলেছেন, বাইনান্স কোনোভাবেই বিএনবি চেইন পরিচালনা বা নিয়ন্ত্রণ করে না।
বিএনবি চেইনের মুখপাত্র আনা নিকোয়ারা বলেছেন, “বিএনবি চেইন উন্মুক্ত ও বিকেন্দ্রীকৃত পাবলিক ব্লকচেইন, যা বিশ্বজুড়ে স্বাধীন যাচাইকারী দলের এক কমিউনিটির মাধ্যমে পরিচালিত হয়, যা কোনো এক্সচেঞ্জ বা কোম্পানি নয়।”
এদিকে, বাইনান্সের মুখপাত্র বলেছেন, তাদের কোম্পানিটি শুরুতে বিএনবি চেইনের ‘প্রাথমিক সহায়তাকারী ও পৃষ্ঠপোষক’ ছিল এবং শুরুর দিকে কার্যক্রম পরিচালনায় সাহায্য করেছিল। ২০২৩ সালে ব্যবহারকারী ও ডেভেলপারদের মূল মাধ্যম ‘বিএনবি চেইন ওয়েবসাইট’-এর সব ধরনের কার্যক্রম ও বুদ্ধিবৃত্তিক সম্পদ ‘বিএনবি চেইন টেকনোলজি হোল্ডিং লিমিটেড’ নামের এক কোম্পানির কাছে হস্তান্তর করা হয়।
তবে আবুধাবির প্রাতিষ্ঠানিক নথিপত্র ঘেঁটে রয়টার্স দেখেছে, বাইনান্স ও বিএনবি চেইন টেকনোলজির মধ্যে এখনও সম্পর্ক রয়েছে। বাইনান্সের প্রতিষ্ঠাতা ও প্রধান শেয়ারহোল্ডার চ্যাংপেং ঝাও-ই হলেন ‘বিএনবি চেইন টেকনোলজি’র একমাত্র তালিকাভুক্ত শেয়ারহোল্ডার।
ট্রনের প্রতিষ্ঠাতা জাস্টিন সান ও ট্রাম্পের কোম্পানি ‘ওয়ার্ল্ড লিবার্টি’র মধ্যকার সম্পর্ক সম্প্রতি তিক্ততায় রূপ নিয়েছে। গেল এপ্রিলে জাস্টিন সান ওয়ার্ল্ড লিবার্টির বিরুদ্ধে একটি মামলা করেছেন।
তার অভিযোগ, প্রতিষ্ঠানটির একটি স্টেবলকয়েনে বিনিয়োগের জন্য তাকে অন্যায়ভাবে চাপ দেওয়া বা ব্ল্যাকমেইল করা হচ্ছিল। জবাবে মে মাসের শুরুতে ওয়ার্ল্ড লিবার্টিও মানহানির অভিযোগ এনে সানের বিরুদ্ধে পাল্টা মামলা করে।
নোবিটেক্সের ট্রন নেটওয়ার্ক ব্যবহারের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রনের এক মুখপাত্র বলেছেন, ট্রন কেবল একটি প্রযুক্তি সরবরাহকারী কোম্পানি। ফলে তাদের পক্ষে ‘প্রতিটি ব্যবহারকারী ও লেনদেন তদারকি বা তদন্ত করা’ বা তাদের বাণিজ্য বন্ধ করা সম্ভব নয়।
এ বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেছেন, জাস্টিন সান আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সঙ্গে মিলে কাজের জন্য একটি উদ্যোগ তৈরি করতে সাহায্য করেছেন। এ উদ্যোগের মাধ্যমে এরইমধ্যে ‘শত শত কোটি’ ডলারের তহবিল জব্দ করা হয়েছে, যার মধ্যে ‘নিষেধাজ্ঞাপ্রাপ্ত গোষ্ঠী ও সন্ত্রাসী অর্থায়নের সঙ্গে জড়িত’ তহবিলও রয়েছে।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইরান সরকারের সঙ্গে নিজেদের সরাসরি কোনো যোগাযোগ বা রাষ্ট্রকে সহায়তার বিষয়টি অস্বীকার করেছে নোবিটেক্স। তাদের দাবি, তাদের এক্সচেঞ্জের মাধ্যমে যদি কোনো অবৈধ অর্থ লেনদেন হয়েও থাকে তবে তা কর্তৃপক্ষের অনুমোদন বা অজান্তেই হয়েছে।
বাইনান্স, ট্রন ও ইরানের অবৈধ তহবিলের মধ্যকার এ সম্পর্কের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইরান সরকার ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো সাড়া পায়নি রয়টার্স।
একটি ব্যাংকের চেইন
বাইনান্সের মতো বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জ এমন কিছু প্ল্যাটফর্ম বা মাধ্যম, যেখানে মানুষ ডিজিটাল সম্পদ কেনাবেচা বা লেনদেন করে। অন্যদিকে, ‘বিএনবি চেইন’ ও ‘ট্রন’-এর মতো ব্লকচেইনগুলো উন্মুক্ত ডিজিটাল খতিয়ান বা হিসাবের খাতা, যা সব ধরনের লেনদেন এবং লেনদেনে ব্যবহৃত ডিজিটাল হিসাবের রেকর্ড রাখে। বাইনান্সের মতো কিছু এক্সচেঞ্জ নিজস্ব ব্লকচেইন চালু করেছে ও নিজেদের ডিজিটাল টোকেনও বাজারে এনেছে।
অন্যান্য ব্লকচেইনের মতোই ট্রন ও বিএনবি চেইনও বিভিন্ন ধরনের ক্রিপ্টো টোকেন পরিচালনা করে। যার মধ্যে ট্রন ও বাইনান্সের নিজস্ব কয়েন থেকে শুরু করে ‘টিথার’-এর মতো স্টেবলকয়েনও রয়েছে, যেগুলোর মূল্য সাধারণত অন্য কোনো সম্পদের মূল্যের সঙ্গে নির্ধারণ করা থাকে।
তবে এসব নেটওয়ার্কের মোট লেনদেনের তুলনায় ইরানের সঙ্গে জড়িত লেনদেনের পরিমাণ খুবই সামান্য।
স্যান্ডার্স ও নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একজন ইরান ক্রিপ্টো বিশেষজ্ঞ বলেছেন, ট্রন ও বিএনবি চেইন ব্যবহারকারীদের মধ্যে ‘সেন্ট্রাল ব্যাংক অফ ইরান’ বা ইরানের কেন্দ্রীয় ব্যাংকও ছিল। ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ ও লেবাননের হেজবুল্লাহকে শত শত কোটি ডলার দেওয়ার অভিযোগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র এ কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
ব্লকচেইন বিশ্লেষণকারী কোম্পানি ‘এলিপটিক’ ও ওই দুইজন ইরান বিশেষজ্ঞের এ বছরের জানুয়ারির এক প্রতিবেদন বলছে, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুনের মধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংক ট্রন নেটওয়ার্কের মাধ্যমে ৫০ কোটি ডলারেরও বেশি মূল্যের টিথার কিনেছে।
‘এলিপটিক’ রয়টার্সকে বলেছে, গত বছরের প্রথম ছয় মাসে এ তহবিলের প্রায় ৩৪ কোটি ৭০ লাখ ডলার ট্রন ব্যবহার করে নোবিটেক্সে পাঠানো হয়েছিল।
ইরান বিশেষজ্ঞরা আরও বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক নিজেদের লেনদেনের উৎস লুকাতে এসব টিথারকে অন্য কয়েনে রূপান্তর ও বিএনবি চেইনসহ অন্যান্য ব্লকচেইন ব্যবহার করে।
স্যান্ডার্স ও অপর বিশেষজ্ঞ বলেছেন, পরবর্তীতে সেসব ক্রিপ্টোমুদ্রার কিছু অংশ আবারও টিথারে রূপান্তর করে নোবিটেক্স ও অন্যান্য এক্সচেঞ্জে পাঠানো হয়।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত বিভিন্ন ওয়ালেট পর্যবেক্ষণকারী ক্রিপ্টো বিশ্লেষকদের হিসাব অনুসারে, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে নোবিটেক্স ইরানের কেন্দ্রীয় ব্যাংক ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’সহ বিভিন্ন নিষেধাজ্ঞাপ্রাপ্ত গোষ্ঠীর সঙ্গে জড়িত কোটি কোটি ডলারের লেনদেন সম্পন্ন করেছে।
তবে ট্রন ও বিএনবি চেইন কর্তৃপক্ষ জানত কি না যে তাদের নেটওয়ার্ক ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং নোবিটেক্স ব্যবহার করছে তা স্পষ্ট নয়। নোবিটেক্সের ওপর সুনির্দিষ্টভাবে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে সার্বিক পশ্চিমা নিষেধাজ্ঞা অনুসারে, যে কোনো ইরানি কোম্পানির সঙ্গে ব্যবসা করা নিষিদ্ধ। যুক্তরাষ্ট্র কেন নোবিটেক্সের ওপর সরাসরি নিষেধাজ্ঞা দেয়নি, তা রয়টার্স নিশ্চিত করতে পারেনি।
টিথার স্টেবলকয়েন ইস্যুকারী কোম্পানিটি বলেছে, ইসরায়েলের অনুরোধে তারা নোবিটেক্সের সঙ্গে জড়িত বেশ কয়েকটি ওয়ালেট অ্যাড্রেস ফ্রিজ বা অবরুদ্ধ করেছে। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে ইসরায়েলের ‘ন্যাশনাল ব্যুরো ফর কাউন্টার টেরর ফাইন্যান্সিং’ কোনো সাড়া দেয়নি।
টিথার ইস্যুকারী কোম্পানিটি বলেছে, সেকেন্ডারি মার্কেটে বা উন্মুক্ত বাজারে লেনদেনের ক্ষেত্রে নিয়মকানুন মেনে চলার মূল দায়িত্ব ক্রিপ্টো এক্সচেঞ্জ ও প্ল্যাটফর্মগুলোরই।
ক্রিপ্টো-বান্ধব হোয়াইট হাউস
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ও ক্রিপ্টো মুদ্রার প্রতি তার অকুণ্ঠ সমর্থন প্রেসিডেন্টের পরিবার, জাস্টিন সান ও চ্যাংপেং ঝাও-এর ভাগ্য বদলে দিয়েছিল।
গেল বছর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প পরিবারের সদস্যরা ‘ওয়ার্ল্ড লিবার্টি’সহ বেশ কিছু ক্রিপ্টো ব্যবসা চালু করেছেন, যা ২০২৫ সালে শত শত কোটি ডলার আয় করেছে।
২০২৪ সালের অক্টোবরে যাত্রা শুরুর পর ‘ওয়ার্ল্ড লিবার্টি’ বিনিয়োগকারী আকর্ষণে হিমশিম খেলেও ট্রনের প্রতিষ্ঠাতা জাস্টিন সান কোম্পানিটির ‘ডব্লিউিএলএফআই’ টোকেনে কোটি কোটি ডলার বিনিয়োগ করেন। তার এই বিনিয়োগ ট্রাম্পের নতুন কোম্পানিটিকে ঘুরে দাঁড়াতে বড়সড় গতি এনে দেয়।
২০২৫ সালের শুরুর দিকে আবুধাবিভিত্তিক এক বিনিয়োগ কোম্পানি ‘এমজিএক্স’ বাইনান্সের ২০০ কোটি ডলারের শেয়ার কেনে। এর পরপরই ‘ওয়ার্ল্ড লিবার্টি’ ঘোষণা করেছিল, এ লেনদেনটি তাদের নিজস্ব ‘ইউএসডি১’ স্টেবলকয়েনের মাধ্যমে হবে।
বাইনান্সের মাধ্যমে ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স’-এর এ স্টেবলকয়েনটি গ্রহণের ফলে নতুন বাজারে আসা টোকেনটির গ্রহণযোগ্যতা ও বিশ্বস্ততা বেড়ে যায়। ‘ওয়ার্ল্ড লিবার্টি’ স্টেবলকয়েনটিকে বাজারে ‘ইউএসডি১’-এর প্রতি ‘বিশ্বজুড়ে অসাধারণ চাহিদার’ প্রমাণ হিসেবে তুলে ধরেছিল।
গেল বছর রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এমজিএক্স-এর এ অধিগ্রহণ থেকে ট্রাম্প পরিবার বছরে কোটি কোটি ডলার আয় করতে পারে।
এমজিএক্স বলেছে, তারা বেশ কয়েকটি স্টেবলকয়েন যাচাই-বাছাই করার পরই ‘ইউএসডি১’ বেছে নিয়েছে এবং বাইনান্স নিজেই এ লেনদেনে ক্রিপ্টো মুদ্রা ব্যবহারের অনুরোধ করেছিল।
২০২৫ সালের অক্টোবরে ট্রাম্প বাইনান্সের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী চ্যাংপেং ঝাও-এর রাষ্ট্রীয় ক্ষমা মঞ্জুর করেন। ফলে মানি লন্ডারিং বা অর্থ পাচার বিরোধী কার্যকর ব্যবস্থা ধরে রাখতে ব্যর্থ হওয়ার কারণে ঝাও-এর যে ফেডারেল সাজা হয়েছিল তা পুরোপুরি মওকুফ হয়ে যায়।
অবশ্য বাইনান্স ও ঝাও-এর আইনজীবীরা বলেছেন, ‘ইউএসডি১’ কয়েন ব্যবহার ও এই ক্ষমার পেছনে কোনো পারস্পরিক সম্পর্ক ছিল না।
ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প ক্রিপ্টো-বান্ধব বেশ কিছু নীতি চালু করেছেন এবং মার্কিন বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাও ক্রিপ্টো কোম্পানি ও এর শীর্ষ কর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক আইনি ব্যবস্থা স্থগিত করেছে।
‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ জাস্টিন সানের বিরুদ্ধে আনা জালিয়াতির একটি মামলা মার্চ কেবল ১ কোটি ডলারের বিনিময়ে নিষ্পত্তি করে, যেখানে সান নিজের কোনো দোষ স্বীকার করেননি।
সর্বশেষ বাজারমূল্য অনুসারে রয়টার্সের হিসাব বলছে, জাস্টিন সানের কাছে বর্তমানে যে ৪০০ কোটি ‘ডব্লিউএলএফ’I টোকেন রয়েছে তার মূল্য প্রায় ২৬ কোটি ৬০ লাখ ডলার।
এ ছাড়া সান ট্রাম্পের ‘মিম কয়েন’-এ বিনিয়োগ করেছেন এবং ‘ওয়ার্ল্ড লিবার্টি’র দ্বিতীয় ক্রিপ্টো মুদ্রা ‘ইউএসডি১’-এর প্রচারণায় নিজের বিভিন্ন ক্রিপ্টো প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন।
অন্যদিকে, বাইনান্সও ‘ইউএসডি১’ টোকেনটিকে সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। তারা অন্যান্য ক্রিপ্টো কয়েনের সঙ্গে এ টোকেনটির লেনদেনের সুবিধা চালু এবং সাধারণ ব্যবহারকারীদের তা ধরে রাখতে উৎসাহিত করছে।
আর্কহাম-এর তথ্য অনুসারে, বাইনান্সের কাছে বর্তমানে ট্রাম্পের এ টোকেনের প্রায় ৩৮০ কোটি ডলার সমমূল্যের তহবিল রয়েছে।
