১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এআই ফিচারওয়ালা উইন্ডোজ ব্রাউজার আনল স্যামসাং

ওপেনএআইয়ের অ্যাটলাস, মাইক্রোসফটের এজ কোপাইলট মোড, অপেরার নিওন ও পারপ্লেক্সিটির কমেট ব্রাউজারের মতো স্যামসাংও এখন এই প্রতিযোগিতায় নামল।

এআই ফিচারওয়ালা উইন্ডোজ ব্রাউজার আনল স্যামসাং
স্যামসাংয়ের এ উদ্যোগের মূল উদ্দেশ্য এআই ইন্টিগ্রেশন বাড়ানো। ছবি: স্যামসাং

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 02:19 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

স্যামসাং তাদের মোবাইল ওয়েব ব্রাউজার ‘স্যামসাং ইন্টারনেট’-এর ডেস্কটপ ভার্সন চালু করেছে। কোম্পানিটি বৃহস্পতিবার উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য এই ভার্সন উন্মোচনের ঘোষণা দিয়েছে।

এটি দেখতে কেবল একটি মোবাইল ব্রাউজারের ডেস্কটপ সংস্করণ মনে হলেও স্যামসাং বলছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইন্টিগ্রেশন বাড়ানো। কোম্পানিটি নতুন ব্রাউজারকে ব্যবহারকারীর ইনপুটের জন্য অপেক্ষা করা এক সাধারণ পিসি ব্রাউজার থেকে একটি এআই প্ল্যাটফর্মে রূপান্তরের অংশ হিসেবে বর্ণনা করেছে।

নতুন ‘স্যামসাং ইন্টারনেট’ উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য ‘ক্রস-প্ল্যাটফর্ম সিঙ্কিং’ সুবিধা দিচ্ছে যার মাধ্যমে মোবাইল ও ডেস্কটপে বুকমার্ক, ব্রাউজিং হিস্ট্রি, অটোফিল ডেটা একসঙ্গে ব্যবহার করা যাবে। এ ছাড়া ব্রাউজারটিতে ট্র্যাকার ব্লকিং ও প্রাইভেসি ড্যাশবোর্ডের মতো নিরাপত্তা ফিচারও রয়েছে।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, এগুলো হয়তো স্যামসাংয়ের মূল লক্ষ্য নয়। মূলত, দ্রুত বিকশিত হতে থাকা এআই ব্রাউজার প্রতিযোগিতায় নিজেদের জায়গা তৈরি করতেই কোম্পানিটি নতুন করে ডেস্কটপ ভার্সন উন্মোচন করেছে।

এর আগে ২০২৪ সালে স্যামসাং অল্প সময়ের জন্য উইন্ডোজে এই ব্রাউজার চালু করেছিল। তবে কোনো ঘোষণা ছাড়াই তারা সেটি পরে সরিয়ে নেয়।

বর্তমানে প্রযুক্তি জগতে এআই-চালিত ব্রাউজারের আগমন লক্ষ্য করা যাচ্ছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি অ্যাটলাস, মাইক্রোসফটের এজ কোপাইলট মোড, অপেরার নিওন ও পারপ্লেক্সিটির কমেট ব্রাউজারের মতো নতুন উদ্যোগগুলোর সঙ্গে তাল মিলিয়ে স্যামসাংও এখন এই প্রতিযোগিতায় নামল।

কোম্পানিটি বলছে, তাদের নতুন ক্রস-প্ল্যাটফর্ম ব্রাউজার ‘এম্বিয়েন্ট এআই’-এর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখবে যা ব্যবহারকারীর প্রয়োজন আগেভাগে বুঝে আরও ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারবে।

স্যামসাং ইন্টারনেটের বেটা ভার্সন বর্তমানে উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১-এর জন্য উন্মুক্ত। ব্রাউজারটি ব্যবহারে আগ্রহীরা স্যামসাংয়ের প্রোডাক্ট পেইজে গিয়ে সাইন আপ করতে পারবেন।