০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অবশেষে প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স চুক্তি হল ১১ হাজার কোটি ডলারে

এর মাধ্যমে বিশ্বের অন্যতম বড় দুটি ফিল্ম স্টুডিওসহ সিবিএস, সিএনএন, এমটিভি ও ‘কমেডি সেন্ট্রাল’-এর মতো জনপ্রিয় নেটওয়ার্কগুলোও একই ছাদের নিচে চলে এসেছে।

অবশেষে প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স চুক্তি হল ১১ হাজার কোটি ডলারে

প্যারামাউন্ট ও ডব্লিউবিডি’র সম্মিলিত কোম্পানিটি প্রতি বছর বড় পর্দায় ৩০টি সিনেমা এবং ১৮০টিরও বেশি টিভি শো ও সিরিজ মুক্তির পরিকল্পনা নিয়েছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 10:07 AM

Updated : 07 Oct 2026, 10:07 AM

প্রায় এক বছরের আলোচনা, বিরোধ ও নানামুখী নিয়ন্ত্রক বাধা পেরিয়ে অবশেষে সম্পন্ন হল প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের বহু প্রতীক্ষিত একত্রীকরণ চুক্তি।

মঙ্গলবার ১১ হাজার কোটি ডলারের এ বড় চুক্তি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

নতুন এই বড় মিডিয়া সাম্রাজ্যের নাম দেওয়া হয়েছে ‘স্কাইড্যান্স’। এর মাধ্যমে বিশ্বের অন্যতম বড় দুটি ফিল্ম স্টুডিওসহ সিবিএস, সিএনএন, এমটিভি ও ‘কমেডি সেন্ট্রাল’-এর মতো জনপ্রিয় নেটওয়ার্কগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে স্কাইড্যান্সের হাতে।

এ ছাড়া জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিস ‘এইচবিও ম্যাক্স’ ও ‘প্যারামাউন্ট প্লাস’ও এখন একই মালিকানায় চলে এসেছে।

স্কাইড্যান্স বলেছে, প্যারামাউন্ট ও ডব্লিউবিডি’র সম্মিলিত এ কোম্পানিটি প্রতি বছর বড় পর্দায় ৩০টি সিনেমা এবং ১৮০টিরও বেশি টিভি শো ও সিরিজ মুক্তির পরিকল্পনা নিয়েছে।

নতুন এই মিডিয়া সাম্রাজ্যের পরিধি বিশাল। স্কাইড্যান্সের পোর্টফোলিওতে এখন যোগ হয়েছে ‘ডিসি’, ‘হ্যারি পটার’ ও ‘গেইম অফ থ্রোনস’-এর মতো জনপ্রিয় টাইটেল।

পাশাপাশি আছে ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজি, ‘লর্ড অফ দ্য রিংস’, ‘স্টার ট্রেক’, ‘লুনি টিউনস’ ও ‘স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস’।

এ ছাড়া ‘টিএনটি, ‘অ্যাডাল্ট সুইম’, ‘কার্টুন নেটওয়ার্ক’ ও ‘নিকেলোডিয়ন’ও মার্জার সম্পন্ন হওয়ার পর এখন একই কোম্পানির অধীনে চলে এল।

মঙ্গলবার থেকেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ‘এসকেওয়াইডি’ প্রতীকে লেনদেন শুরু করবে স্কাইড্যান্স। অন্যদিকে, নাসডাক থেকে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শেয়ারের লেনদেন আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়েছে।

নতুন কোম্পানির মোট বার্ষিক আয় প্রায় ৭ হাজার কোটি ডলারে পৌঁছেছে।

তবে ভ্যারাইটি’র প্রতিবেদন বলছে, এই মেগা-মার্জারের ফলে কোম্পানিটিকে তাৎক্ষণিকভাবেই ৮ হাজার কোটি ডলার ঋণের বোঝা ঘাড়ে নিতে হচ্ছে।

বিবৃতিতে স্কাইড্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড এলিসন বলেছেন, “আজকের দিনটি কেবল স্কাইড্যান্সের জন্যই নয়, বরং আমাদের পুরো শিল্পের জন্যই ঐতিহাসিক দিন।

“শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল, এ দুটি স্টুডিওকে একত্র করে আরও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী গড়ে তোলা, যার প্রতিটি প্ল্যাটফর্মে ও প্রতিটি জঁরায় দারুণ সব গল্প বলার মতো প্রতিভা, সম্পদ ও পরিধি থাকবে।

“আজ সেই লক্ষ্য বাস্তবে রূপ নিয়েছে।”

গেল সপ্তাহেই এলিসন ঘোষণা করেছিলেন, তার নতুন কোম্পানিটি ‘স্কাইড্যান্স’ নামে আত্মপ্রকাশ করবে। ২০০৬ সালে তিনি নিজের প্রতিষ্ঠিত প্রথম প্রোডাকশন কোম্পানির জন্য এ নামই ব্যবহার করেছিলেন।

এর আগে, গেল গ্রীষ্মে ৮ হাজার কোটি ডলারে প্যারামাউন্ট অধিগ্রহণ ও নেটফ্লিক্সের তীব্র প্রতিযোগিতাকে সফলভাবে ঠেকানোর পরই ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণের এই বড় চুক্তি সম্পন্ন হল।