Published : 11 Jun 2026, 05:07 PM
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রোফাইলের গ্রিড বা পোস্টগুলোর অবস্থান ইচ্ছামতো সাজিয়ে নেওয়ার সুবিধা এনেছে জনপ্রিয় সামাজিক মাধ্যম অ্যাপ ইনস্টাগ্রাম।
এ পদক্ষেপের মাধ্যম মেটা মালিকানাধীন অ্যাপটিতে নিজের প্রোফাইলকে মনের মতো করে সাজিয়ে তোলা এখন আরও সহজ হয়ে গেল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
প্রায় এক বছর আগে প্রথম এ ফিচারটির আভাস দিয়েছিলেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি।
‘ইউএসএ টুডে’র এক প্রতিবেদন বলছে, সোমবার থেকে বিশ্বের যে কোনো প্রান্তের ব্যবহারকারী তাদের পুরানো বা নতুন যে কোনো পোস্টের ক্রম পরিবর্তন করে প্রোফাইলটিকে আকর্ষণীয় রূপ দিতে পারবেন।
এ নতুন পরিবর্তনের বিষয়ে মেটা বলেছে, “আমরা জানি, এ সুবিধাটি আনতে দেরি হয়েছে, তবে আমরা কিছুটা সময় নিয়ে হলেও ব্যবহারকারীদের জন্য নিখুঁত অভিজ্ঞতা নিশ্চিত করতে চেয়েছিলাম।”
এদিকে, এরইমধ্যে ফিচারটি অনেকের ফোনে সচল হতে শুরু করেছে।
ইনস্টাগ্রাম প্রোফাইলের বিভিন্ন ছবি নিজের পছন্দমতো সাজিয়ে নেওয়ার সুবিধাটি ব্যবহারকারীদের অন্যতম প্রধান দাবি ছিল। মেটা অবশ্য অ্যাডাম মোসেরির গত বছরের ঘোষণারও অনেক আগে থেকে এই ফিচারটি নিয়ে কাজ করছিল।
অ্যাপগুলোর রিভার্স-ইঞ্জিনিয়ারিং করে গোপন বা অপ্রকাশিত ফিচার খুঁজে বের করার জন্য পরিচিত আলেসান্দ্রো পালুজ্জি ২০২২ সালের দিকেই ইনস্টাগ্রাম অ্যাপে ‘এডিট গ্রিড’ বা গ্রিড পরিবর্তনের একটি অপশন খুঁজে পেয়েছিলেন।
ফলে কোনো ব্যবহারকারী যদি সময়ের ক্রমানুসারে সাজানো পোস্টগুলো দেখে বিরক্ত হয়ে থাকেন ও নিজের প্রোফাইলে নতুন লুক দিতে চান তবে প্রক্রিয়াটি এখন খুবই সহজ।
সাধারণভাবেই ব্যবহারকারীর প্রোফাইলে গিয়ে যে কোনো পোস্টের ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখুন, সেখানে আগে থেকেই থাকা ‘পিন টু মেইন গ্রিড’ ও ‘আর্কাইভ’ অপশনের পাশাপাশি এখন ‘রিঅর্ডার গ্রিড’ নামে নতুন অপশন দেখতে পাবেন।
এ অপশনে ট্যাপ করলে ব্যবহারকারীকে নতুন উইন্ডোতে নিয়ে যাওয়া হবে, যেখানে তিনি বিভিন্ন পোস্টকে টেনে এনে ইচ্ছামতো সাজিয়ে নিতে পারবেন, যতক্ষণ না প্রোফাইলটি ঠিক তার মনের মতো হচ্ছে।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ব্যহারকারীর পিন করে রাখা বিভিন্ন পোস্ট সবসময় প্রোফাইলের একদম ওপরেই থাকবে এবং গ্রিড রিঅর্ডার করার উইন্ডোটিতে সেগুলো কিছুটা ঝাপসা বা ‘ব্ল্যাকড আউট’ দেখাবে।