২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেন কাজ ফেলে রাখে মানুষ, ব্যাখ্যা দিচ্ছে মস্তিষ্ক

নতুন গবেষণায় দেখা যাচ্ছে, অস্বস্তিকর কাজ এড়াতে মস্তিষ্কে কাজ করে নির্দিষ্ট এক স্নায়ু সার্কিট।

কেন কাজ ফেলে রাখে মানুষ, ব্যাখ্যা দিচ্ছে মস্তিষ্ক
কাজটা জরুরি। কাজটা করলে উপকারও আছে। তবু শুরু করতে মন চায় না। এর কারণ কী? ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 01:15 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

কাজটা জরুরি। কাজটা করলে উপকারও আছে। তবু শুরু করতে মন চায় না। ঘর পরিষ্কার করা, কঠিন কোনো ইমেইল লেখা বা চাপের মধ্যে নিতে হবে এমন কোনো সিদ্ধান্ত। এসব ক্ষেত্রে দেরি করার প্রবণতাকে এতদিন আলস্য বা অভ্যাসের বিষয় হিসেবে দেখা হতো। তবে নতুন গবেষণা বলছে, এই আচরণের পেছনে রয়েছে মস্তিষ্কের নির্দিষ্ট এক স্নায়ু প্রক্রিয়া।

সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, অস্বস্তিকর বা চাপের সঙ্গে যুক্ত কাজ শুরু করার সময় মস্তিষ্ক নিজেই আগ্রহ কমিয়ে দেয়, এমনকি কাজটি করলে পুরস্কারের নিশ্চয়তা থাকলেও। 

জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী কেন-ইচি আমেমোরি’র নেতৃতত্বে করা এ গবেষণার উদ্দেশ্য ছিল মস্তিষ্কে এমন কোনো প্রক্রিয়া আছে কি না দেখা, যা চাপ, শাস্তি বা অস্বস্তির আশঙ্কা তৈরি হলে কাজ করার প্রেরণা কমিয়ে দেয়। 

এ নিয়ে ওয়্যার্ড ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন বলছে, সিদ্ধান্ত নেওয়া আর প্রেরণা বোঝার জন্য বিজ্ঞানীরা পরীক্ষার মডেল হিসেবে ব্যবহার করেছেন দুটি ম্যাকাক বানরকে।

পরীক্ষার প্রথম ধাপে বানরদের পানির ওপর সাময়িক নিয়ন্ত্রণ রেখেছেন গবেষকরা। এরপর তারা বারনদের সামনে দুটি হাতল রাখেন। একটি হাতল চাপলে অল্প পরিমাণ পানি পাওয়া গেছে, অন্যটি চাপলে বেশি। এই ধাপের মাধ্যমে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করেছেন, পুরস্কারের পরিমাণ বাড়লে কাজ করার আগ্রহ বদলায় কি না বা কতটা।

পরবর্তী ধাপে পরীক্ষায় তারা যোগ করেন অস্বস্তির উপাদান। বানরদের সামনে আবার দুটি বিকল্প রাখা হয়। একটিতে তারা কোনো বিরূপ অভিজ্ঞতা ছাড়াই মাঝারি পরিমাণ পানি পেয়েছে। অন্যটিতে পানির পরিমাণ বেশি, তবে শর্ত হিসেবে মুখে সরাসরি বাতাসের ঝাপটা লাগে। অর্থাৎ দ্বিতীয় বিকল্পে পুরস্কার বেশি হলেও সেটি অস্বস্তিকর অভিজ্ঞতার সঙ্গে যুক্ত।

বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, এই ধাপে বানরদের আচরণে স্পষ্ট পরিবর্তন দেখা গেছে। বাতাসের ঝাপটা যুক্ত হওয়ার পর তারা কাজটি শুরু করতে আগের তুলনায় অনেক বেশি দেরি করে এবং অনেক ক্ষেত্রে আগ্রহই দেখায় না। এই পর্যবেক্ষণ থেকেই বিজ্ঞানীরা মস্তিষ্কের ভেতরে কাজ করা এক ধরনের ‘ব্রেক’ ব্যবস্থা শনাক্ত করেন।

বিশ্লেষণে দেখা গেছে, এই প্রক্রিয়ায় জড়িত রয়েছে মস্তিষ্কের বেসাল গ্যাংলিয়ার দুটি অংশ। একটি ভেন্ট্রাল স্ট্রায়াটাম, অন্যটি ভেন্ট্রাল প্যালিডাম। এই দুটি অংশ সাধারণত আনন্দ, প্রেরণা আর পুরস্কার ব্যবস্থার সঙ্গে যুক্ত। গবেষণায় দেখা গেছে, অস্বস্তিকর অভিজ্ঞতার আশঙ্কা তৈরি হলে ভেন্ট্রাল স্ট্রায়াটাম সক্রিয় হয় এবং ভেন্ট্রাল প্যালিডামের দিকে এক ধরনের বাধা সংকেত পাঠায়।

ভেন্ট্রাল প্যালিডামের কাজ হলো কোনো কাজ শুরু করার ইচ্ছা বা তাগিদ তৈরি করা। কিন্তু এই বাধা সংকেতের কারণে সেই তাগিদ দুর্বল হয়ে যায়। ফলে কাজ শুরু করতে দেরি হয় বা মানুষ কাজটি এড়িয়ে যায়। গবেষকদের ভাষায়, মস্তিষ্ক আগেভাগেই সম্ভাব্য অস্বস্তির হিসাব কষে নিয়ে গতি কমিয়ে দেয়।

কারেন্ট বায়োলজি জার্নালে প্রকাশিত এই গবেষণায় বিজ্ঞানীরা আরও এক ধাপ এগিয়েছেন। তারা কেমোজেনেটিক পদ্ধতিতে একটি বিশেষ ওষুধ ব্যবহার করে সাময়িকভাবে ভেন্ট্রাল স্ট্রায়াটাম আর ভেন্ট্রাল প্যালিডামের মধ্যে যোগাযোগ বন্ধ করে দিয়ে আবার একই ধরনের পরীক্ষা চালিয়েছেন।

এই ধাপে দেখা গেছে, বাতাসের ঝাপটা থাকার পরও বানররা তুলনামূলক দ্রুত কাজ শুরু করে এবং আগের মতো পিছিয়ে থাকছে না। অর্থাৎ ওই নির্দিষ্ট সংযোগটি বন্ধ থাকলে অস্বস্তিকর কাজের ক্ষেত্রেও প্রেরণা ফিরে আসছে।

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন গবেষকরা। যেখানে পুরস্কারের সঙ্গে কোনো শাস্তি বা অস্বস্তি ছিল না, সেখানে এই ওষুধের কোনো প্রভাব দেখা যায়নি। এতে বোঝা যায়, এই স্নায়ু সার্কিট সার্বিকভাবে প্রেরণা নিয়ন্ত্রণ করে না। এটি বিশেষভাবে তখনই সক্রিয় হয়, যখন কোনো কাজের সঙ্গে অস্বস্তি বা নেতিবাচক অভিজ্ঞতার আশঙ্কা থাকে।

গবেষকদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে এই দুটি অংশের মধ্যে যোগাযোগ যত শক্ত হয়, অপছন্দের কাজ এড়িয়ে যাওয়ার প্রবণতাও তত বাড়ে। এই প্রক্রিয়াই দৈনন্দিন জীবনে প্রোক্রাস্টিনেশন বা কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস গড়ে তুলতে পারে।

এই গবেষণার গুরুত্ব শুধু দৈনন্দিন অভ্যাস বোঝাতেই সীমাবদ্ধ নয়। বিজ্ঞানীরা বলছেন, বিষণ্নতা বা সিজোফ্রেনিয়ার মতো মানসিক সমস্যায় যেসব রোগীর কাজ করার আগ্রহ কমে যায়, এই প্রক্রিয়া সেখানেও ভূমিকা রাখতে পারে।

তবে কেন-ইচি আমেমোরি মনে করেন, এই স্নায়ু সার্কিট পুরোপুরি নেতিবাচক নয়। নেচার সাময়িকীকে দেওয়া মন্তব্যে তিনি বলেন, “অতিরিক্ত কাজ করা খুবই বিপজ্জনক। এই সার্কিট আমাদের বার্নআউট থেকে রক্ষা করে।” তার মতে, মস্তিষ্ক স্বাভাবিকভাবেই নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করে।

এ কারণে তিনি সতর্ক করে বলেন, বাইরে থেকে এই প্রক্রিয়া পরিবর্তনের চেষ্টা করার আগে সাবধানতা দরকার। মস্তিষ্কের স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ না করে কীভাবে এই জ্ঞান ব্যবহার করা যায়, সে জন্য আরও গবেষণা প্রয়োজন।