১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্যামসাং, আইফোন এয়ারের চেয়েও পাতলা ফোন আনছে মটোরোলা

স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ-এর ৫ দশমিক ৮ মিমি মিলিমিটার ও আইফোন এয়ার-এর ৫ দশমিক ৬ মিলিমিটারের চেয়েও পাতলা মটোরোলার নতুন ফোনটি।

স্যামসাং, আইফোন এয়ারের চেয়েও পাতলা ফোন আনছে মটোরোলা
নতুন ও জনপ্রিয় হতে থাকা ‘অতিপতলা বা আল্ট্রা-থিন স্মার্টফোন’ ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ এক প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করছে ফোনটি। ছবি: মটোরোলা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 11:59 AM

Updated : 26 Aug 2026, 02:30 PM

আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগে চীনে নিজেদের নতুন ফোনের তালিকা প্রকাশ করেছে লেনোভোর মালিকানাধীন স্মার্টফোন ব্র্যান্ড মটোরোলা।

‘মটোরোলা এক্স ৭০ এয়ার’ নামের এ নতুন ফোনটি আন্তর্জাতিক বাজারে ‘এজ ৭০’ নামে আসতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট জিএসএমঅ্যারেনা। 

ফোনটি মটোরোলার সর্বশেষ সংযোজন, যা নতুন ও জনপ্রিয় হতে থাকা ‘অতিপতলা বা আল্ট্রা-থিন স্মার্টফোন’ ক্যাটেগরিতে গুরুত্বপূর্ণ এক প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করছে।

যা যা থাকছে এই ফোনে 

ফোনটির ডিজাইনের সেরা দিক হলো এর পুরুত্ব অনেক কম, যা কেবল ৫ দশমিক ৩ মিলিমিটার। তুলনা করে বললে, মটোরোলার ফোনটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ-এর ৫ দশমিক ৮ মিমি মিলিমিটার ও আইফোন এয়ার-এর ৫ দশমিক ৬ মিলিমিটারের চেয়েও পাতলা।

ফোনটিতে আছে আইপি৬৯ মানের পানি ও ধুলা প্রতিরোধ সক্ষমতা, যা আইফোন এয়ারের আইপি৬৮ মানের সুরক্ষার চেয়ে উন্নত। ফলে ফোনটি কঠিন পরিবেশেও তুলনামূলকভাবে বেশি টেকসই হবে।

ফোনটির ওজন একশ ৫৯ গ্রাম, যা এর প্রতিদ্বন্দ্বী বিভিন্ন স্মার্টফোনের মডেলের চেয়েও হালকা, এমনকি অনেক সাধারণ ফ্ল্যাগশিপ ফোনের চেয়েও এটি হালকা। এত পাতলা ও হালকা ডিজাইন ধরে রেখেও এতে রয়েছে চার হাজার ৮০০ এমএএইচ ব্যাটারি, যা এই শ্রেণির মধ্যে সবচেয়ে বড়। ফোনটিতে ৬৮ ওয়াট তারওয়ালা ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে।

ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ৬ দশমিক ৭ইঞ্চির পিওএলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট একশ ২০ হার্টজ ও সর্বোচ্চ সাড়ে চার হাজার নিট উজ্জ্বলতা। ফোনটি চলবে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর চিপসেটেরে মাধ্যমে, যার সঙ্গে থাকছে অ্যাডরেনো ৭২২ জিপিইউ। ফোনটি সর্বোচ্চ ৫১২জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। এর ক্যামেরা সেটআপে রয়েছে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনটি কেন গুরুত্বপূর্ণ

অতিপতলা ফোনপ্রেমীদের জন্য সবচেয়ে বড় সমস্যার বিষয় ফোনের ব্যাটারির সক্ষমতা। সেই সমস্যারই সমাধান করেছে ‘মটোরোলা এক্স৭০ এয়ার’। ফোনটি ব্যবহারকারীদের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়ার চিন্তা থেকে মুক্তি দেবে এবং চার্জিং গতি নিয়েও এতে কোনো সমস্যা হবে না।

মটোরোলা তাদের এ ফোনের ব্যাটারির ব্যবহার সময়ের সমস্যাটি ঠিক করেছে চার হাজার আটশ এমএএইচ সক্ষমতার প্রায় স্বাভাবিক আকারের ব্যাটারি দিয়ে, যা মিড-রেঞ্জ ক্যাটেগরি ফোনের জন্য যথেষ্ট বড়। এই ব্যাটারি বিভিন্ন প্রিমিয়াম ফোনের চেয়ে বেশি সময় ধরে চার্জ ধরে রাখতে পারবে। কারণ এতে ব্যবহৃত চিপসেটটি তুলনামূলকভাবে কম শক্তিশালী।

৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় স্যামসাং ও অ্যাপলের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে মটোরোলার নতুন ফোনটি।

এ ছাড়া, মটোরোলা ফোনটি ক্যামেরার সমস্যাও সমাধান করেছে। আইফোন এয়ারে কেবল একটিই পেছনের ক্যামেরা রয়েছে, তাতে দামটা অনেক বেশি, সেখানে মটোরোলাে এক্স৭০ এয়ারে রয়েছে তিনটি লেন্সের ক্যামেরা সেটআপ। এর মধ্যে প্রধান ক্যামেরার রেজুলিউশন ৫০ মেগাপিক্সেল, সেলফি ও ভিডিও কলের জন্যও রয়েছে আলাদা ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।

প্রযুক্তি সাইট ভার্জ প্রতিবেদনে লিখেছে, চীনে ৩১ অক্টোবর থেকে ফোনটির বিক্রি শুরু হবে। আর ইউরোপে ‘এজ’ মডেল হিসেবে ফোনটির বিক্রি শুরু হবে ৫ নভেস্বর। ধারণা করা হচ্ছে, আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্রেও আসবে ফোনটি, যেখানে এটি পাতলা ফোন ক্যাটেগরিতে বড় ব্যাটারি সক্ষমতা ও সাশ্রয়ী দাম নিয়ে ভোক্তাদের প্রত্যাশা বদলে দিতে পারে। এখনও আনুষ্ঠানিকভাবে ফোনের দাম নিশ্চিত করেনি মটোরোলা।