২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ রক্ষা হল না শূকরের কিডনি বসানো প্রথম ব্যক্তির

‘জেনোট্রান্সপ্ল্যান্ট্যাশন’ বলতে এমন মানব রোগীদের বোঝায়, যারা বেঁচে থাকার জন্য নিজ দেহে প্রাণীদের কোষ, টিস্যু বা অঙ্গ-প্রত্যঙ্গ বসিয়েছেন।

শেষ রক্ষা হল না শূকরের কিডনি বসানো প্রথম ব্যক্তির
ছবি: ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2024, 07:02 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

অস্ত্রোপচারের মাধ্যমে জেনেটিকালি রূপান্তর করা শূকরের কিডনি বসানো বিশ্বের প্রথম ব্যক্তি রিচার্ড ‘রিক’ স্লেম্যান মারা গেছেন।

৬২ বছর বয়সী স্লেম্যান শূকরের কিডনি নিয়ে বেঁচে থাকতে পেরেছেন দুই মাসেরও কম সময়। শনিবার এ খবর প্রকাশ করেছে তার পরিবার ও ‘ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল’।

স্লেম্যানের অস্ত্রোপচার করা দল এক বিবৃতিতে বলেছে, তার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। এ ছাড়া, তার পরিবারকেও সমবেদনা জানান তারা।

তারা আরও বলেন, এ ট্রান্সপ্ল্যান্টের ফলে তার মৃত্যু হতে পারে, তারা এমন কোনও ইঙ্গিত পাননি।

এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া বিশ্বের প্রথম ব্যক্তি ছিলেন ম্যাসাচুসেটসের ওয়েমাউথ শহরের বাসিন্দা স্লেম্যান, যেখানে অস্থায়ীভাবে তার শরীরে মৃত শূকরের কিডনি বসানো হয়েছিল।

এর আগে শূকর থেকে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা দুই ব্যক্তিও এর কয়েক মাসের মধ্যে মারা গেছেন।

ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে স্লেম্যানের কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল ২০১৮ সালে। তবে, গত বছর নিজের ডায়ালাইসিস করাতে সেখানে আবার ফিরে যেতে হয় তাকে। আর যখন তার ডায়ালাইসিসের সমস্যা বেড়ে যাওয়ার লক্ষণ দেখা যায়, তখন ডাক্তাররা তাকে শূকরের কিডনি বসানোর পরামর্শ দেন।

স্লেম্যানের পরিবার এক বিবৃতিতে ডাক্তারদেরকে ধন্যবাদ জানিয়েছে।

“এই জেনোট্রান্সপ্ল্যান্ট নিয়ে তারা যে পরিমাণ কষ্ট করেছেন, তাতে আমাদের পরিবার রিকের সঙ্গে আরও সাত সপ্তাহ বেশি সময় কাটানোর সুযোগ পেয়েছে। আর এ সময় তার সঙ্গে আমরা যে সময় কাটিয়েছি, সে স্মৃতি আজীবন আমাদের মনে গেঁথে থাকবে,” উল্লেখ রয়েছে বিবৃতিতে।

তারা আরও বলেন, স্লেম্যানের সার্জারি মূলত হাজার হাজার এমন ব্যক্তিকে আশা দেখিয়েছে, যাদের বেঁচে থাকতে ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন।

“রিক ওই লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। আর তার এমন আশাবাদী মানসিকতার মৃত্যু হবে না।”

‘জেনোট্রান্সপ্ল্যান্ট্যাশন’ বলতে এমন মানব রোগীদের বোঝায়, যারা বেঁচে থাকার জন্য নিজ দেহে প্রাণীদের কোষ, টিস্যু বা অঙ্গ-প্রত্যঙ্গ বসিয়েছেন। দীর্ঘদিন ধরে এ প্রচেষ্টা ব্যর্থ হয়ে আসছে কারণ অন্যান্য প্রাণীর টিস্যুকে সঙ্গে সঙ্গেই ধ্বংস করে দিত মানুষের ইমিউন সিস্টেম।

এর সাম্প্রতিক প্রচেষ্টা ছিল শূকর নিয়ে, যেখানে এদের বিভিন্ন অঙ্গকে রূপান্তর করে মানুষের মতো বানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে জাতীয়ভাবে ট্রান্সপ্ল্যান্টের অপেক্ষায় আছেন এক লাখের বেশি মানুষ, যাদের সিংহভাগই কিডনি রোগী। প্রতি বছরই হাজার হাজার রোগী ট্রান্সপ্ল্যান্টের সুযোগ পাওয়ার আগেই মারা যান বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ।