ইনস্টাগ্রামের ব্রডকাস্ট চ্যানেলের মতো টিকটকে এল ‘বুলেটিন বোর্ড’
ফিচারটি আপাতত যেসব ক্রিয়েটরের বয়স অন্তত ১৮ বছর এবং অনুসারী সংখ্যা ৫০ হাজার বা তার বেশি তাদের জন্য চালু হচ্ছে।
ইনস্টাগ্রামের ‘ব্রডকাস্ট চ্যানেলস’ ফিচারের আদলে নতুন এক সুবিধা চালু করেছে টিকটক। এর মাধ্যমে ব্র্যান্ড ও ক্রিয়েটররা তাদের অনুসারীদের উদ্দেশে একমুখী ‘পাবলিক মেসেজ’ পাঠাতে পারবেন।
প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, ‘বুলেটিন বোর্ড’ নামের এ ফিচারটি মূলত ইনস্টাগ্রামের ২০২৩ সালে চালু করা ব্রডকাস্ট চ্যানেলসের টিকটক সংস্করণ।
টিকটকের বুলেটিন বোর্ডে শুধু কোনো ক্রিয়েটর বা ব্র্যান্ড পোস্ট করতে পারবেন। অনুসারীরা সেখানে কেবল ইমোজি দিয়ে রিঅ্যাকশন দিতে পারবে। এই বুলেটিন বোর্ডে লেখা, ছবি আর ভিডিও সব ধরনের পোস্ট করা যাবে।
ফিচারটি আপাতত যেসব ক্রিয়েটরের বয়স অন্তত ১৮ বছর এবং অনুসারী সংখ্যা ৫০ হাজার বা তার বেশি তাদের জন্য চালু হচ্ছে।
টিকটক বলছে, ক্রিয়েটর ও কোম্পানিগুলো যেন সহজে কমিউনিটি গড়ে তুলতে পারে এবং খবর, আপডেট বা এক্সক্লুসিভ কনটেন্ট সরাসরি অনুসারীদের পাঠাতে পারে সেই লক্ষ্যেই এই ফিচার।
টিকটকের স্টোরি বা সাধারণ পোস্টের বদলে ক্রিয়েটররা এখন এসব আপডেট নিজেদের বুলেটিন বোর্ডে দিতে পারবেন। পাশাপাশি, বুলেটিন বোর্ডের মাধ্যমে কোনো কনটেন্ট সরাসরি অনুসারীদের কাছে পাঠিয়ে তা প্রচারের সুযোগও থাকবে।
চালু হওয়া এ ফিচারকে খুব একটা ‘অপ্রত্যাশিত’ বলছে না টেকক্রাঞ্চ। এর কারণ জুন মাসে ফিচারটির পরীক্ষামূলক ব্যবহার দেখা গিয়েছিল।
বেটা পরীক্ষার সময় শিল্পী ও সংগীতশিল্পীরা নতুন গান প্রকাশের খবর অনুসারীদের দিয়েছেন আবার আগামী গান মুক্তির জন্য ‘প্রি সেইভ’ করার আমন্ত্রণও জানিয়েছেন। পিপল ম্যাগাজিন ও জনপ্রিয় পারি সঁ-জার্মা ফুটবল ক্লাবও ফিচারটি ব্যবহার করে তাদের আপডেট শেয়ার করেছে।
টিকটক এক ব্লগপোস্টে লিখেছে, “প্ল্যাটফর্মের অন্য সব কনটেন্টের মত বুলেটিন বোর্ডেও অবশ্যই টিকটকের কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে। এসব নিয়ম প্রযুক্তি ও মানুষের পর্যবেক্ষণের সমন্বয়ে প্রয়োগ করা হবে।
“একইসঙ্গে মিউট, ব্লক ও রিপোর্ট এই নিরাপত্তা টুলগুলো বুলেটিন বোর্ডেও সক্রিয় থাকবে যেন কমিউনিটি নিরাপদ ও ইতিবাচক থাকে।”
ক্রিয়েটররা ইনবক্সে গিয়ে নির্দিষ্ট অপশন থেকে বুলেটিন বোর্ড চালু করতে পারবেন। ‘শো অন প্রোফাইল’ সেটিং চালু বা বন্ধ করে বোর্ডের দৃশ্যমানতা ঠিক করা যাবে। এ ছাড়া তারা চাইলে বোর্ডের নামও নির্ধারণ করতে পারবেন।
ব্যবহারকারীরা কোনো ক্রিয়েটরের প্রোফাইলে গিয়ে বায়োর নিচে থাকা বুলেটিন বোর্ডের নাম ট্যাপ করে তাতে যোগ দিতে পারবেন। যোগ দেওয়ার পর ক্রিয়েটর নতুন কিছু পোস্ট করলেই অনুসারীরা ইনবক্সে নোটিফিকেশন পাবেন।
