Published : 29 Sep 2025, 06:34 PM
অ্যাপল ওয়াচে যুক্ত হয়েছে নতুন ‘স্লিপ স্কোর’ সিস্টেম। এটি ব্যবহারকারীর ঘুমের মানকে বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করবে।
অনেক সময় মানুষ নিয়মিত ঘুমালেও সকালে উঠে ক্লান্তি অনুভব করে এবং বুঝতে পারে না আসলে ঘুম কতটা কার্যকর ছিল। এই অবস্থায় সাধারণ ঘুম ট্র্যাকিং গ্রাফ বিশেষ কাজে আসে না। এমন পরিস্থিতির জন্যই অ্যাপল এনেছে স্লিপ স্কোর ফিচার। এটি ঘুমের মানকে একটি সংখ্যা ও রেটিং আকারে দেখাবে।
অ্যাপল ওয়াচ বহু বছর ধরে ব্যবহারকারীদের ঘুম ট্র্যাক করার সুবিধা দিয়ে আসছে। এতে ঘুমের তিনটি মূল ধাপ এবং ঘুম থেকে উঠার সময়ের বিশদ বিশ্লেষণ দেখা যায়। তবে এই গ্রাফিক্স সাধারণ ব্যবহারকারীর জন্য বোঝা কঠিন হয়ে যেত। নতুন স্লিপ স্কোর সিস্টেম সেই জটিলতাকে সহজ করে তুলবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘স্ল্যাশগিয়ার’।
এই ফিচার এসেছে ওয়াচওএস ২৬ আপডেটে এবং পাওয়া যাবে অ্যাপল ওয়াচ সিরিজ ৬, অ্যাপল ওয়াচ এসই ২ ও অ্যাপল ওয়াচ আল্ট্রা সহ পরবর্তী মডেলগুলোতে।
স্লিপ স্কোর ঘুমের প্রতিটি ধাপে কাটানো সময়, মোট ঘুমের স্থায়িত্ব, নিয়মিত ঘুমের সময় মেনে চলা এবং মাঝেমধ্যে জেগে ওঠার হিসাব মিলিয়ে নির্ধারণ করা হবে। এরপর তা একটি সংখ্যায়িত স্কোর ও মান নির্ধারণী রেটিং আকারে দেখাবে।
প্রতিদিন সকালে ব্যবহারকারীরা ওয়াচে স্কোর দেখতে পাবেন যেমন- কারও স্কোর যদি ৮৬ আসে মানে খুব ভালো মানের ঘুম হয়েছে। এটি ব্যবহার শুরু করতে হলে প্রতিদিনের ঘুমের লক্ষ্য ঘণ্টায় এবং ঘুমের সময় সেট করলেই হবে।
অ্যাপল বলছে, এই স্লিপ স্কোর সিস্টেম তৈরির জন্য তারা রাতের ঘুমের ৫০ লাখ সেশন থেকে তথ্য সংগ্রহ করেছে। এরপর বিভিন্ন অ্যালগরিদম প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে আমেরিকান অ্যাকাডেমি অফ স্লিপ মেডিসিন, ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন এবং ওয়ার্লড স্লিপ সোসাইটির নির্দেশনা অনুসরণ করা হয়েছে।
প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার প্রায় ১৫ মিনিট পর ওয়াচ একটি স্লিপ স্কোর দেবে এবং মানও জানাবে। বিশদভাবে ঘুমের মান বিশ্লেষণের জন্য তিনটি বিষয় বিবেচনা করা হবে- ঘুমের মধ্যে কতবার জেগেছেন, মোট ঘুমের স্থায়িত্ব, নির্ধারিত সময়ে ঘুমানো হয়েছে কি না।
এই হিসাব অনুযায়ী ঘুমের মান ০ থেকে ১০০ স্কোরে নির্ধারণ করা হবে। পাশাপাশি ‘অসাধারণ, অনেক ভালো, ভালো, কম, অনেক কম’ এরকম মেসেজের মাধ্যমে কোয়ালিটেটিভ রেটিং দেওয়া হবে।
স্লিপ স্কোরের তথ্য ওয়াচের ‘স্লিপ’ অ্যাপে দেখা যাবে। এ ছাড়া লকস্ক্রিন থেকে সরাসরি ‘স্মার্ট স্ট্যাক’ ব্যবহার করেও পাওয়া যাবে। সব তথ্য আইফোনের ‘হেলথ’ অ্যাপেও সংরক্ষিত থাকবে। এখানে আগের রাত কিংবা গত দুই সপ্তাহের গড় ঘুমের মানের সঙ্গে তুলনা করা যাবে।
প্রযুক্তিগত দিক থেকে, অ্যাপল ওয়াচের বিল্ট-ইন অ্যাক্সিলেরোমিটার ব্যবহার করে নড়াচড়ার তথ্য সংগ্রহের মাধ্যমে ঘুম ট্র্যাক করা হয়। একই কৌশল ব্যবহার করেই অ্যাপলের স্মার্টওয়াচে যুক্ত করা হয়েছে স্লিপ অ্যাপনিয়া শনাক্তকরণ ব্যবস্থা।