১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাড়ির জন্য চিপ তৈরি বন্ধ করছে ইনটেল

নবনিযুক্ত সিইও লিপ বু ট্যান এপ্রিলে বলেছিলেন, ইনটেলকে “আবার পথে ফিরিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে ২০২৫ সালের শেষভাগে কর্মীর আকার কমাতে হবে।”

গাড়ির জন্য চিপ তৈরি বন্ধ করছে ইনটেল
ইনটেলের এই প্রযুক্তি ৫০ মিলিয়নেরও বেশি যানবাহনে ব্যবহার করা হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 03:44 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

চিপ জায়ান্ট ইনটেল গাড়ির প্রসেসর তৈরির ব্যবসা বন্ধ করতে যাচ্ছে। কোম্পানিটি তার কর্মীদের বলেছে, তাদের ‘মূল ক্রেতা’ এবং ‘ডেটা সেন্টার পোর্টফোলিওতে’ মনোযোগ দেওয়ার লক্ষ্যে এই বিভাগের বেশিরভাগ কর্মীকে ছাঁটাই করবে।

কর্মীদের কাছে পাঠানো এক নোটিসে ইনটেল বলেছে, “এ কাজের অংশ হিসেবে আমরা আমাদের ক্লায়েন্ট কম্পিউটিং গ্রুপের মধ্যে অটোমোটিভ ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।”

“আমাদের গ্রাহকদের জন্য একটি মসৃণ পরিবর্তন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বছরের পর বছর ধরে ইনটেল তার অটোমোটিভ ব্যবসায় প্রচুর বিনিয়োগ করেছে। এখানে এমন চিপ তৈরি হয় যা একটি গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও অন্যান্য নিয়ন্ত্রণকে শক্তিশালী করে। 

ইনটেলের এই প্রযুক্তি পাঁচ কোটিরও বেশি যানবাহনে ব্যবহার করা হয়েছে এবং এখন পর্যন্ত মনে হচ্ছে এটি আরও বাড়বে বলে এক প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।

গত বছর কোম্পানিটি গাড়ির জন্য নতুন এআই সমৃদ্ধ চিপ তৈরির ঘোষণা করেছে যা গাড়ির ন্যাভিগেশন সিস্টেম ও ভয়েস সিস্টেম উন্নত করতে সাহায্য করবে। সে সময় গাড়ির জন্য আর্ক জিপিইউ আনার পরিকল্পনাও প্রকাশ করে ইনটেল।

২০১৭ সালে ইনটেল স্ব-চালিত গাড়ি প্রযুক্তি কোম্পানি ‘মোবাইলই’ দেড় হাজার কোটি ডলারে ক্রয় করে। পরবর্তীতে মোবাইলই একটি স্বতন্ত্র কোম্পানি হিসেবে সবার সামনে আসে, তবে ইনটেল এখনও এর সিংহভাগের মালিক।

ইনটেলের নবনিযুক্ত সিইও লিপ বু ট্যান এপ্রিলে বলেছিলেন, “চিপমেকারকে আবার পথে ফিরিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে ২০২৫ সালের শেষভাগে কর্মীর আকার কমাতে হবে।”  

কোম্পানিটি তাদের ফাউন্ড্রি ব্যবসায়ও কর্মীদের ছাঁটাইয়ের বিষয়ে অবহিত করেছে এবং ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক একটি ওয়ার্ন (ওয়ার্কার এডজাস্টমেন্ট অ্যান্ড রিট্রেইনিং নোটিফিকেশন) নোটিশে সান্তা ক্লারা সদর দপ্তরের ১০৭ জন কর্মী ছাঁটাই করার পরামর্শও তখন এসেছিল।  

এ বিষয়ে ইনটেল তাৎক্ষণিক কোনো মন্তব্য প্রকাশ করেনি।