১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভিন্ন ধাঁচের ডিসপ্লেসহ আসছে লেনোভোর নতুন ল্যাপটপ

ল্যাপটপটির ডিসপ্লে ল্যান্ডস্কেপ ও পোর্ট্রেট দুই ওরিয়েন্টেশনেই সেট করা সম্ভব। লেনোভো এ প্রজেক্টের নাম দিয়েছে ‘প্রজেক্ট পিভো’।

ভিন্ন ধাঁচের ডিসপ্লেসহ আসছে লেনোভোর নতুন ল্যাপটপ
লেনোভো আগেও অদ্ভুত ও পরীক্ষামূলক ল্যাপটপ তৈরি করেছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 04:11 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

সেপ্টেম্বরেই ইউরোপে আয়োজিত হচ্ছে আইএফএ টেক ট্রেডশো। এতেই সম্ভবত নতুন কিছু চমক দেখানোর প্রস্তুতি নিচ্ছে লেনোভো। 

ফাঁস হওয়া কিছু তথ্য থেকে ধারণা পাওয়া যাচ্ছে কোন কোন পণ্যে এই মুহূর্তে নজর রয়েছে চীনা এ প্রযুক্তি জায়ান্টের।

প্রযুক্তি তথ্য ফাঁসকারীদের মধ্যে নির্ভরযোগ্য নাম ইভান ব্লাস। তিনি যে ছবিটি শেয়ার করেছেন এতে একটি কনসেপ্ট ল্যাপটপ ডিজাইন দেখা গেছে। এর ডিসপ্লে ল্যান্ডস্কেপ ও পোর্ট্রেট দুই ওরিয়েন্টেশনেই সেট করা সম্ভব। লেনোভো এ প্রজেক্টের নাম দিয়েছে ‘প্রজেক্ট পিভো’।

লেনোভো আগেও অদ্ভুত ও পরীক্ষামূলক কিছু ল্যাপটপ তৈরি করেছে যেমন থিংকবুক ট্রান্সপারেন্ট ডিসপ্লে ল্যাপটপ বা থিংকবুক প্লাস জেন ৬-এর রোলএবল ডিসপ্লে।

তবে এসব গবেষণা ও উন্নয়ন বা আরএন্ডডি প্রজেক্ট সবসময় ভোক্তাদের জন্য বাজারে আসে না বলেও প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ। প্রজেক্ট পিভো-এর পোর্ট্রেইট মোড মোড প্রোগ্রামিং বা ওয়েবসাইট ও অ্যাপের মোবাইল ভার্সন দেখার জন্য বেশ কার্যকর হতে পারে কিন্তু এটি আসলেই কেনার মতো প্রোডাক্ট হবে কিনা তা এখনো অনিশ্চিত।

ব্লাসের তথ্যমতে, লেনোভোর ঝোলা থেকে আরও দেখা যাবে লিজিয়ন গো ২ দ্বিতীয় প্রজন্মের গেইমিং হ্যান্ডহেল্ড কন্ট্রোলার, যার ঘোষণা এসেছিল কনজিউমার ইলেকট্রনিক্স শো বা সিইএস-এ। ডিভাইসটি এ বছিই বাজারে আসার কথা। এ ছাড়াও লেনোভোর কিছু ট্যাবলেট ও মটোরোলা ফোনও সম্ভবত প্রদর্শনীতে থাকবে।

আইএফএ ইভেন্টে পণ্যগুলোর দেখা মিললে ধরে নেওয়া যেতে পারে আগামী সপ্তাহেই ডিভাইসগুলোর বিস্তারিত জানা যাবে।