২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইলন মাস্কের নিয়ন্ত্রণে রয়েছে এই ৭ কোম্পানি

আর্থিক লেনদেন কোম্পানি পেপাল দিয়ে নিজের ব্যবসায়িক যাত্রা শুরু করেছিলেন মাস্ক এবং ২০১৫ সালে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা হন তিনি।

ইলন মাস্কের নিয়ন্ত্রণে রয়েছে এই ৭ কোম্পানি
পথে অনেক ব্যর্থতা থাকলেও প্রচুর সাফল্য ও অর্থ উপার্জন করেছেন মার্কিন এই ধনকুবের। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 10:40 AM

Updated : 26 Aug 2026, 02:25 PM

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ইলন মাস্ক নানা পরিচয়ে পরিচিত। একাধারে মাস্ক একজন দক্ষ ও অভিজ্ঞ উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী, যিনি নানা সময়ে নতুন নতুন উদ্যোগ নিয়ে সামনে এসেছেন।

অনলাইনে আর্থিক লেনদেন কোম্পানি পেপাল দিয়ে নিজের ব্যবসায়িক যাত্রা শুরু করেছিলেন মাস্ক এবং ২০১৫ সালে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা হন তিনি। তবে ২০১৮ সালে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ ছাড়েন মাস্ক। পথে অনেক ব্যর্থতা থাকলেও প্রচুর সাফল্য অর্জন করেছেন তিনি, যা আর্থিক বিচারে তাকে নিয়ে গেছে সাফল্যের একেবারে শীর্ষে। 

কয়েকটি কোম্পানি বিক্রি বা ছেড়ে দেওয়ার পর বর্তমানে সাতটি কোম্পানি তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট স্ল্যাশগিয়ার। আসুন দেখে নেওয়া যাক তালিকাটি– 

টেসলা

মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা টেসলার জন্য সবেচেয়ে বেশি পরিচিত মাস্ক। তবে এক সময় এ কোম্পানিটিই আইফোন নির্মাতা অ্যাপলের কাছে বিক্রির চেষ্টা করেছিলেন তিনি।

টেসলা প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে। অনেকেই মনে করেন টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক। তবে আসলে কোম্পানিটি প্রতিষ্ঠা করেননি তিনি। টেসলায় মাস্ক ছিলেন মূলত একজন প্রাথমিক বিনিয়োগকারী। পরে ২০০৮ সালে কোম্পানিটির সিইও হিসেবে দায়িত্ব নেন মাস্ক। টেসলা প্রতিষ্ঠা করেছিলেন মার্টিন এবারহার্ড ও মার্ক তারপেনিং নামের দুইজন ব্যক্তি। পরবর্তী সময়ে তাদের ছাপিয়ে কোম্পানির মুখ্য ব্যক্তিত্ব হয়ে ওঠেন মাস্ক।

বর্তমানে পাঁচটি প্রধান মডেল বাজারে নিয়ে এসেছে টেসলা। যার মধ্যে রয়েছে, স্পোর্টি ও উচ্চ ক্ষমতাওয়ালা গাড়ি মডেল এস, তুলনামূলক সাশ্রয়ী ও সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরি মডেল ৩, মাঝারি আকারের ক্রসওভার গাড়ি মডেল ওয়াই, জনপ্রিয় বিলাসবহুল গাড়ি মডেল এক্স ও সাইবারট্রাক। এ ছাড়া ২০২২ সাল থেকে ইভি সেমি-ট্রাকও সরবরাহ শুরু করেছে টেসলা।

টেসলা কেবল একটি গাড়ি নির্মাতা কোম্পানিই নয়, তথ্যপ্রযুক্তিভিত্তিক কোম্পানিও বটে। বর্তমানে টেসলাতে আটশ’র বেশি সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার কাজ করছেন।

অনেকেই মনে করেন টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক। তবে আসলে কোম্পানিটি প্রতিষ্ঠা করেননি তিনি। ছবি: রয়টার্স

অনেকেই মনে করেন টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক। তবে আসলে কোম্পানিটি প্রতিষ্ঠা করেননি তিনি

টেসলার অধীনে আরও কয়েকটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়, যেমন– রোবটিক্স, পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ ও ইলেকট্রিক গাড়ির চার্জিং সেবা। এসব খাত থেকে ২০২৩ সালে টেসলা প্রায় দেড় হাজার কোটি ডলার আয় করেছে।

স্পেসএক্স

নাম থেকেই বোঝা যায় মাস্কের এ কোম্পানির মূল লক্ষ্য মহাকাশ নিয়ে গবেষণা। স্পেসএক্স গত দশকে অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। যার মধ্যে অন্যতম হচ্ছে পুনরায় ব্যবহারযোগ্য রকেট ডিজাইন, উৎক্ষেপণ ও নিরাপদে তা অবতরণ করানো। এসব রকেটে সলিড ফিউয়েল বা শুকনো জ্বালানি ব্যবহার করেছে কোম্পানিটি, যা অন্য গ্রহে মানুষের বসতি নির্মাণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মাস্কের ব্যক্তিগত লক্ষ্য, তার জীবদ্দশায় মানুষের মঙ্গল গ্রহে বসতি গড়ার বিষয়টি নিশ্চিত করা। তার ধারণা, কয়েকশ বছরের মধ্যে মানুষ বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়বে আমাদের এই পৃথিবী।

স্পেসএক্সের সর্বশেষ রকেট মডেল ফ্যালকন ৯। স্পেসএক্স আরও কিছু পরিষেবা দেয়, যেমন– গ্রাহকদের জন্য স্যাটলাইট উৎক্ষেপণ, মানুষকে মহাকাশে পাঠানোর ব্যবস্থা, ইন্টারনেট অবকাঠামো সরবরাহ এবং মহাকাশযান উন্নয়ন। স্পেসএক্সের তৈরি স্টারলিংক ওয়্যারলেস ইন্টারনেট সিস্টেমও জনপ্রিয়।

ড্রাগন মহাকাশযানের উন্নয়নেও কাজ করছে কোম্পানিটি, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মালামাল ও নভোচারি পাঠাতে ব্যবহৃত হয়। স্পেসএক্সের মোট শেয়ারের ৫৪ শতাংশের মালিক মাস্ক। তবে অভ্যন্তরীণ নীতিমালা ও কাঠামোর মাধ্যমে কোম্পানিটির ৭৮ শতাংশ ভোট নিয়ন্ত্রণ করেন তিনি।

এক্স

টেসলার মতোই টুইটার প্রতিষ্ঠা করেননি মাস্ক। কোম্পানিটি শুরু হওয়ার কয়েক বছর পর ২০২২ সালে তিনি তা অধিগ্রহণ করেছেন। এ অধিগ্রহণের পুরো প্রক্রিয়াটি ছিল জটিল এবং এতে জড়িয়ে ছিল অনেক পক্ষ।

২০২২ সালের এপ্রিলে প্রতি শেয়ার ৫৪.২০ ডলারে টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক, যার মোট মূল্য দাঁড়ায় প্রায় চার হাজার চারশ কোটি ডলার। শুরুতে সব পক্ষ এ চুক্তিতে রাজি ছিল। তবে শেষ পর্যায়ে মাস্ক চুক্তি থেকে সরে আসতে চেয়েছিলেন। তার অভিযোগ ছিল, চুক্তির শর্ত লঙ্ঘন করেছে টুইটার। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই।

ডেলাওয়্যার আদালত মাস্ককে চূড়ান্ত নির্দেশ দিয়েছিল যাতে তিনি আগের চার হাজার চারশ কোটি ডলারের চুক্তি অনুসারে প্লাটফর্মটি কিনে নেন। আদালতের এ আদেশের পর মাস্ক আর পিছিয়ে আসতে পারেননি এবং তাকে চুক্তি সম্পূর্ণ করতেই হয়।

এরপর নিজেকে টুইটারের নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি প্লাটফর্মটির নাম বদলে এক্স রাখেন মাস্ক। টুইটারের দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহেই মাস্ক বেশ কিছু নাটকীয় সিদ্ধান্ত নেন। তার এসব পদক্ষেপের মধ্যে ছিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ ভাঙা, কনটেন্ট পর্যবেক্ষণ বা মডারেশন দলের সক্ষমতা কমানো এবং কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ বাতিল করা।

তবে তার সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত ছিল ‘ব্লু টিক’ অর্থের বিনিময়ে দেওয়ার নিয়ম চালু। আগে এই ‘ব্লু টিক’ কেবল তারকা, জনপ্রিয় ব্র্যান্ড ও গণ্যমান্য ব্যক্তিদের জন্যই ছিল। এসব পরিবর্তনের পর ২০২৪ সালের মধ্যে এক্স-এর শেয়ারের দাম কমে যায়।

এক্সএআই

মাস্কের এআই চ্যাটবট গ্রক-এর নির্মাতা কোম্পানি এক্সএআই, যা ২০২৩ সালে চালু হয়। স্টার্টআপটির প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকো বে এলাকাতে অবস্থিত। এক্সএআইয়ের উদ্দেশ্য ‘বিশ্বের প্রকৃত স্বরূপকে বোঝা’।

এক্সএআই কোনও লিমিটেড কোম্পানি বা শেয়ারভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গঠিত হয়নি, বরং এটি গড়ে তোলা হয়েছে ‘পাবলিক বেনিফিট কর্পোরেশন’ বা জনস্বার্থে কাজ করা কোম্পানি হিসেবে।

মাস্কের ব্যক্তিগত লক্ষ্য, আমাদের জীবদ্দশায় মানুষের মঙ্গল গ্রহে বসতি গড়ার বিষয়টি নিশ্চিত করা। ছবি: রয়টার্স

মাস্কের ব্যক্তিগত লক্ষ্য, আমাদের জীবদ্দশায় মানুষের মঙ্গল গ্রহে বসতি গড়ার বিষয়টি নিশ্চিত করা

এক্সএআইয়ের সবচেয়ে বিতর্কিত বিষয় হল, ২০২৫ সালের শুরুতে মাস্ক নিজেই ‘এক্স’ কোম্পানিটি এক্সএআই’কে বিক্রি করে দেন। এই লেনদেন অনুযায়ী, এক্স-এর দাম ধরা হয় আট হাজার কোটি ডলার। অন্যদিকে এক্সএআইয়ের দাম ধরা হয় তিন হাজার ৩০০ কোটি ডলার।

নিউরালিংক

মাস্কের সবচেয়ে ‘বিপ্লবী ও খানিকটা ভীতি জাগানিয়া কোম্পানি হচ্ছে নিউরালিংক। এ কোম্পানিটি কাজ করছে ‘ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইস’ বা বিসিআই তৈরির ওপর।

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, নিউরালিংকের ব্রেইন চিপ বসানো ব্যক্তিরা এই ডিভাইস ব্যবহার করে কৃত্রিম রোবটিক হাত-পা নিয়ন্ত্রণ করতে পারেন। পাশাপাশি কম্পিউটারের মাউসও চালাতে পারেন।

নিউরালিংকের বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে এই চিপ সরাসরি মানুষের মস্তিষ্কে বসানো যাবে। যার মাধ্যমে স্নায়ুবিক অসুস্থতায় আক্রান্ত মানুষদের আরও স্বাধীনতা ও নিয়ন্ত্রণ সক্ষমতা দেওয়া সম্ভব হবে।

কোম্পানিটির প্রোটোটাইপের নাম ‘এন১’, যেটি প্রায় দশমিক তিন ইঞ্চি ব্যাসের এবং মস্তিষ্কের খুলির মধ্যে বসানো হয়। এ ডিভাইসের ভেতরে থাকা বিভিন্ন সেন্সর নিউরনের কার্যকলাপ পড়ার চেষ্টা করে, যা মস্তিষ্ক থেকে উৎপন্ন বিদ্যুচ্চালিত সিগনালকে ধরতে পারে। প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে এই চিপ বসানো হয়েছে ২০২৪ সালে।

বোরিং কোম্পানি

২০১৭ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানিই সেই প্রতিষ্ঠান, যেটি একসময় টেসলার মডেল এক্স গাড়িকে লস অ্যাঞ্জেলসের সাবার্বান এলাকার এক সুড়ঙ্গ দিয়ে নিয়ে গিয়েছিল, যার মাধ্যমে চালানো হয়েছিল রোমাঞ্চকর এক পরীক্ষা। ‘দ্য বোরিং কোম্পানি’র সংক্ষিপ্ত নাম টিবিসি। এটি মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যা ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা নিয়ে কাজ করে।

টেসলা মডেল এক্স গাড়িটিকে সুড়ঙ্গের মধ্যে চালানোর এ কাজটি ছিল ভবিষ্যতে ট্রাফিক মুক্ত ভীড়বিহীন সুড়ঙ্গের মাধ্যমে দ্রুত গাড়ি চলাচল ধারণার এক পরীক্ষা। মূল পরিকল্পনা ছিল শাটল পড ব্যবহার করা, যা সুড়ঙ্গের ভেতর দিয়ে চলবে। তবে যখন পরীক্ষামূলক সংস্করণ তৈরি হল তখন শাটল পড ব্যবহার সম্ভব হয়নি। তাই বিকল্প হিসেবে টেসলার এসব গাড়ি ব্যবহৃত হয়েছে।

কোম্পানির আরেকটি ধারণা হল ‘দ্য লুপ’, যা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক মনোযোগ পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এক হাইপারলুপ প্রকল্প তৈরির পরিকল্পনা ছিল, যা শহরটিকে ঘিরে তৈরি হবে। এ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল বোরিং।

২০২৩ সালে এ কোম্পানির দাম ধরা হয়েছিল প্রায় ৭০০ কোটি ডলার। তবে এখন পর্যন্ত কোনো বাস্তবসম্মত ও বড় পরিসরে ব্যবহারের যোগ্য সমাধান উপস্থাপন করতে পারেনি বোরিং।

মাস্ক ফাউন্ডেশন 

মাস্ক ফাউন্ডেশন হচ্ছে এক দাতব্য প্রতিষ্ঠান, যা মাস্কের বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে। এটি প্রতিষ্ঠিত হয়েছে ২০০২ সালে মাস্ক ও তার ভাই কিম্বল মাস্কের যৌথ উদ্যোগে।

মাস্ক ফাউন্ডেশনে কোনো নিয়মিত কর্মী নেই। ফলে এটি পরিচালনার বিভিন্ন সিদ্ধান্তে জনসাধারণের কোনো পর্যবেক্ষণ নেই। ২০২২ সাল পর্যন্ত এ ফাউন্ডেশনে মোট ২৫ কোটি ৭০ লাখ ডলার অনুদান দিয়েছেন মাস্ক। 

সম্প্রতি মাস্ক ফাউন্ডেশনের অনুদান নিয়ে জনসাধারণের মধ্যে সমালোচনা বেড়েছে। কারণ এখান থেকে নিজের বিভিন্ন কোম্পানিকে মোটা অংকের অর্থ দান করছেন বলে মাস্কের বিরুদ্ধে অনেক সমালোচনা ও অভিযোগ উঠেছে।