১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

আইফোন ও আইপ্যাডের জন্য এবারের আপডেটে সমাধানের তালিকাটি বেশ দীর্ঘ। এবার ছবি, নোট, মেসেজ, অ্যাপ ও অন্যান্য ডেটা অ্যান্ড্রয়েডে ট্রান্সফার করা যাবে।

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল
আইফোনে নতুন আপডেট নোটিফিকেশন এলে অবাক হওয়ার কিছু নেই। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 03:50 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার আপডেট ২৬.৩ এনেছে অ্যাপল। খুব বড় কোনো বাহ্যিক পরিবর্তন না থাকলেও ডিভাইসের দীর্ঘদিনের বেশ কিছু কারিগরি সীমাবদ্ধতার সমাধান দেবে এই আপডেট।

প্রযুক্তি সাইট এনগ্যঅজেট লিখেছে, আপডেটটি আইফোন, আইপ্যাড, ম্যাক ও অ্যাপল ওয়াচের জন্য প্রযোজ্য। ফলে, আইফোনে নতুন আপডেট নোটিফিকেশন এলে অবাক হওয়ার কিছু নেই।

তবে আপডেটটিতে খুব বেশি নতুন ফিচার নেই। এটিকে ছোটখাটো আপডেট হিসেবেই ধরা হচ্ছে, যার মূল লক্ষ্য আগের ছোটখাটো সমস্যা বা ‘বাগ’ সমাধান করা। বিষয়টি রোমাঞ্চকর কিছু নয়, তবে ফোনের নিরাপত্তার জন্য তা গুরুত্বপূর্ণ।

তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, আইফোন ও আইপ্যাডের জন্য এবারের আপডেটে সমাধানের তালিকাটি দীর্ঘ।

‘নাইনটুফাইভম্যাক’-এর প্রতিবেদন অনুসারে, এ আপডেটের মাধ্যমে প্রায় ৩৭টি নিরাপত্তা ঝুঁকি বা সিকিউরিটি ইস্যু সমাধান করেছে অ্যাপল।

আইওএস ২৬.৩ ও আইপ্যাডওএস ২৬.৩-এ ডিভাইস থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে তথ্য পাঠানোর নতুন টুল যোগ করেছে কোম্পানিটি, যা সুবিধাজনক। এ আপডেট ব্যবহারকারীর ছবি, নোট, মেসেজ, অ্যাপ ও অন্যান্য ডেটা অ্যান্ড্রয়েড ফোনে ট্রান্সফার করবে।

তবে হেলথ ডেটা বা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত নোট বা ছবি স্থানান্তর হবে না এ আপডেটে।

এ ছাড়া, আইফোন বা আইপ্যাড থেকে অন্য ডিভাইসে নোটিফিকেশন ফরোয়ার্ডের নতুন অপশনও দিয়েছে অ্যাপল, যা কেবল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।

‘ম্যাকওএস টাহো ২৬.৩’ ও ‘ওয়াচওএস ২৬.৩’ এ দুটি আপডেটেই আগের বিভিন্ন সমস্যার সমাধান ও নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করেছে অ্যাপল।

অ্যাপল কেন এমন ছোট আপডেট আনল তার কারণ সম্ভবত, বড় চমকগুলো পরবর্তী আপডেটের জন্য জমিয়ে রাখা।

এরইমধ্যে গুঞ্জন চলছে, সফটওয়্যার আপডেট ২৬.৪-এ বহু প্রতীক্ষিত সিরি’র নতুন রূপ ও নতুন ইমোজি ফিচার আনতে যাচ্ছে অ্যাপল।