Published : 21 Sep 2025, 06:54 PM
এবার বাক প্রতিবন্ধী বা কথা বলার সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য মস্তিষ্কে চিপ বসানোর পরিকল্পনা করছে ইলন মাস্কের নিউরোটেকনোলজি কোম্পানি নিউরালিংক।
অক্টোবরে কোম্পানিটি এমন এক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, যেখানে মানুষের মস্তিষ্ক থেকে ভাবনা ধরে নিয়ে তা লিখিত আকারে প্রকাশ করবে নিউরালিংক, বিশেষ করে যারা কথা বলতে পারেন না বা কথা বলার সমস্যায় ভুগছেন তাদের বেলায়। এর মাধ্যমে তাদের চিন্তা লেখার মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
এ সপ্তাহে সিউলে ‘কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’তে নিউরালিংকের প্রেসিডেন্ট ডংজিন সিও বলেছেন, এ গবেষণার লক্ষ্য, এমন মানুষদের সাহায্য করা যারা কথা বলার সক্ষমতা হারিয়েছেন। এতে কোনো ‘কিবোর্ড বা টাইপিংয়ের প্রয়োজন ছাড়াই তারা কিছু চিন্তা করলে তা কণ্ঠে প্রকাশ পাবে’।
সিও বলেছেন, “মস্তিষ্কে চিপ বসানোর মাধ্যমে আপনি যদি কিছু বলার কথা মনে করেন, আমরা তা তুলে ধরতে পারব।”
নিউরালিংক বলেছে, বাক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোম্পানিটির কথা বলার এ ডিভাইসকে ‘যুগান্তকারী’ বলে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফডিএ। আর এ মর্যাদা ডিভাইটির উন্নয়ন, পরীক্ষা ও পর্যালোচনার কাজের গতি বাড়াবে।
নতুন ডিভাইস নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি নিউরালিংক।
প্রথমদিকে ২০২২ সালে এফডিএ-এর অনুমোদন না পেলেও নিরাপত্তাবিষয়ক সমস্যা সমাধানের পর সংস্থাটির অনুমোদন মিলেছে। ২০২৪ সাল থেকে ব্রেইন চিপ নিয়ে মানুষের ওপর পরীক্ষা শুরু করে কোম্পানিটি।
গত মাসে নিউরালিংক বলেছে, গোটা বিশ্বে ১২ জন মানুষ নিজেদের মস্তিষ্কে কোম্পানিটির চিপ বসিয়েছেন এবং এখন পর্যন্ত এসব চিপ ব্যবহৃত হয়েছে ১৫ হাজার ঘণ্টার বেশি।
মস্তিষ্কে চিপ বসানোর বিষয়টি নিউরালিংকএমন মানুষদের জন্য তৈরি করেছে, যারা স্পাইনাল কর্ডে আঘাতের মতো সমস্যায় ভুগছেন। প্রথম রোগী এ চিপ ব্যবহার করে ভিডিও গেইম খেলেছেন, ইন্টারনেট ব্রাউজ করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের পাশাপাশি কার্সর নাড়িয়ে ল্যাপটপও ব্যবহার করেছেন।
নিউরালিংকের প্রতিদ্বন্দ্বী কোম্পানি ‘সিঙ্ক্রোন ইনকর্পোরেটেড’ও এমন এক ব্রেইন ইমপ্লান্টের পরীক্ষা চালাচ্ছে, যা চলাফেরার সমস্যায় থাকা মানুষদের কম্পিউটারে টাইপ করতে সাহায্য করবে।
আরও পড়ুন
এফডিএ'র বিশেষ স্বীকৃতি পেল মাস্কের নিউরালিংক
মানবদেহে 'ব্রেইন চিপ' বসিয়েছে নিউরালিংক: ইলন মাস্ক
দ্বিতীয় রোগীর মস্তিষ্কে চিপ বসানোর প্রস্তুতি নিচ্ছে নিউরালিংক
অনলাইনে দাবা খেলেছেন ব্রেইন চিপ বসানো প্রথম রোগী: নিউরালিংক