যুক্তরাজ্যের নতুন আইন নিয়ে উইকিমিডিয়ার মামলা খারিজ
আদালত উইকিমিডিয়ার মামলা খারিজ করে দিলেও তার এ রায়ের মানে এই নয় যে, যুক্তরাজ্যের সরকার ও অফকম যা খুশি তা করতে পারবে।
যুক্তরাজ্যের নতুন এক আইনের কিছু ধারার বিরুদ্ধে আদালতে মামলা করেছিল উইকিমিডিয়া ফাউন্ডেশন। তাদের দাবি ছিল, ওই আইনের কিছু নিয়ম ইন্টারনেটে স্বাধীনভাবে মানুষের তথ্য প্রকাশে বাধা দিতে পারে।
তবে সোমবার যুক্তরাজ্যের ‘রয়াল কোর্ট অফ জাস্টিস’ আদালত উইকিপিডিয়ার এমন দাবি খারিজ করে দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
যুক্তরাজ্যের ‘অনলাইন সেইফটি অ্যাক্ট’ নামের ওই আইনের কিছু ধারার বিরুদ্ধে লন্ডনের হাইকোর্টে মামলা করেছিল উইকিপিডিয়া পরিচালক সংস্থা ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন’।
মামলায় তাদের যুক্তি ছিল, যুক্তরাজ্যের এ আইনের অধীনে তৈরি করা কিছু ধারা উইকিপিডিয়ার ওপর যে কঠোর ধরনের দায়িত্ব চাপাবে, তা উইকিপিডিয়ার স্বাধীনতা ও কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করবে।
মামলায় উইকিমিডিয়া ফাউন্ডেশন বলেছে, তাদের ওপর যদি ‘ক্যাটেগরি ১’ বা অনলাইন সেইফটি অ্যাক্ট-এর সবচেয়ে কঠোর নিয়মের একটি অংশ প্রয়োগ করা হয় তবে প্লাটফর্মটির ব্যবহারকারী ও অবদানকারীদের পরিচয় যাচাই করতে বাধ্য হবে তারা। যার ফলে অনেক ব্রিটিশ ব্যবহারকারী আর উইকিপিডিয়া ব্যবহার করতে বা এতে অংশ নিতে চাইবেন না।
সোমবার উইকিমিডিয়া ফাউন্ডেশনের এ মামলা খারিজ করে দিয়েছেন বিচারক জেরেমি জনসন। তবে তিনি বলেছেন, অনলাইন যোগাযোগে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা অফকম যদি ভবিষ্যতে অবৈধভাবে উইকিপিডিয়াকে ‘ক্যাটেগরি ১’ হিসেবে ঘোষণা করে তবে এই পুনরায় মামলা আবার করতে পারবে উইকিমিডিয়া।
বিচারক স্পষ্ট করে বলেছেন, আদালত উইকিমিডিয়ার মামলা খারিজ করলেও তার এ রয়ের মানে এই নয় যে, যুক্তরাজ্যের সরকার ও অফকম যা খুশি তাই করতে পারবে। তারা যদি উইকিপিডিয়ার স্বাধীনতা বা কার্যকারিতায় গুরুতর বাধা দেয় তবে সেটিও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
এ রায়ের প্রতিক্রিয়ায় উইকিমিডিয়া ফাউন্ডেশন বলেছে, রায়ে “উইকিপিডিয়ার জন্য আমরা যে তাৎক্ষণিক আইনি সুরক্ষা চেয়েছিলাম তা মেলেনি”। তবে তারা আদালতের কিছু মন্তব্যকে স্বাগত জানিয়েছে, যেখানে আদালত বলেছে, “উইকিপিডিয়াকে সঠিকভাবে সুরক্ষা দেওয়া অফকম ও যুক্তরাজ্য সরকারের দায়িত্ব”।
এ বিষয়ে রয়টার্সের কোনও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ব্রিটেনের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি বিভাগ।
অন্যদিকে, যুক্তরাজ্যের যোগাযোগ ও মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা অফকম বলেছে, “কোন অনলাইন প্ল্যাটফর্মে কোন ধরনের নিয়মের প্রয়োগ হবে, সে সংশ্লিষ্ট কাজ” চালিয়ে যাবে তারা।
২০২৩ সালে যুক্তরাজ্যে আইন হিসেবে পাশ হয়েছে ‘অনলাইন সেইফটি অ্যাক্ট’ এবং এ বছর থেকে ধাপে ধাপে তার প্রয়োগ শুরু হয়েছে দেশটিতে।
এদিকে, এ মাসের শুরুতে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স এই আইনের তীব্র সমালোচনা করে বলেছে, আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন।
মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করা দল ও কনটেন্ট নির্মাতারা অভিযোগ করে বলেছেন, এ আইনের বিভিন্ন নিয়ম অনেক বেশি বিস্তৃতভাবে প্রয়োগ করা হয়েছে। ফলে অনেক সময় ঠিকঠাক ও বৈধ কনটেন্টও সরিয়ে ফেলতে হচ্ছে। এতে স্বাধীন মত প্রকাশে বাধা পড়ছে এবং সৃজনশীল কাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
