২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

এবার পেওয়াল টপকে মার্কিন ভোটার তথ্যে ঢুকল অ্যানথ্রপিকের ক্লড

অ্যানথ্রপিকের এআই মডেলের এমন কর্মকাণ্ডের মধ্যে ফিলাডেলফিয়া পুলিশ বিভাগে অমীমাংসিত এক হত্যাকাণ্ডের বিষয়ে ভুয়া তথ্য জমা দেওয়ার ঘটনাও রয়েছে।

এবার পেওয়াল টপকে মার্কিন ভোটার তথ্যে ঢুকল অ্যানথ্রপিকের ক্লড

কোম্পানিটি বর্তমানে শেয়ার বাজারে ১.৫ ট্রিলিয়ন ডলার মূল্যে তালিকাভুক্তির পথে আছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 07:18 PM

Updated : 27 Oct 2026, 07:18 PM

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ভোটার ডেটা বা তথ্য ভাণ্ডারে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অননুমোদিত প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন এআই কোম্পানি অ্যানথ্রপিক।

এই ঘটনাকে এআই প্রযুক্তির অনিয়ন্ত্রিত ও অননুমোদিত আচরণের সাম্প্রতিকতম উদাহরণ হিসেবে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

মার্কিন ভোটার তথ্যে প্রবেশ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত হলেও সাধারণত ফি বা নির্দিষ্ট অর্থ দেওয়ার পর প্রবেশাধিকার মেলে। তবে, তথ্যের নাগাল পেতে প্রযুক্তিগত বাধা বা ‘পেওয়াল’ ডিঙাতে পেরেছে ক্লড।

অ্যানথ্রপিকের পরিচালিত অভ্যন্তরীণ এক পরিসংখ্যান প্রকল্পের কাজ করার সময় ভোটের এ সার্বিক পরিসংখ্যান সংগ্রহ করেছে এআই মডেলটি। আর এর নির্মাতা কোম্পানিটি বর্তমানে ১.৫ ট্রিলিয়ন ডলার মূল্যের শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রস্তুতি গ্রহণ করেছে।

এ নিয়ে অ্যানথ্রপিক বলেছে, “ক্লড জর্জিয়ার ভোটার রেজিস্ট্রেশন সিস্টেমে প্রবেশ করেনি, কোনো ভোটের তথ্য পরিবর্তন করেনি বা কোনো স্বতন্ত্র ভোটারের ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করেনি।”

অঙ্গরাজ্যের সংশ্লিষ্ট সরকারি সংস্থার ওয়েবসাইটটির এক পুরনো সংস্করণে নিরাপত্তা ফাঁক খুঁজে পেয়েছে ক্লড।

ওয়েবসাইটটিতে প্রবেশকারীদের জন্য ডিজিটাল এন্ট্রি পাস বা ‘অ্যাক্সেস টোকেন’ ইস্যু করার মেকানিজমটি শনাক্ত করার পর ক্লড নিজে থেকে টোকেনের জন্য অনুরোধ পাঠায় ও তথ্যের নাগাল পেয়ে যায়।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সে লক্ষ্যে এরইমধ্যে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা জোরদার করার কথা বলেছে অ্যানথ্রপিক।

ঘটনাটি প্রথম প্রকাশ্যে আনে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

এ মাসের শুরুতে এক ব্লগ পোস্টে নিজেদের তৈরি এআই প্রযুক্তিটির এমন অননুমোদিত আচরণের কথা স্বীকার করেছিল অ্যানথ্রপিক।

ওই পোস্টে বলা হয়েছিল, ফি বা টোকেন দিয়ে সংরক্ষিত তথ্য সংগ্রহে ক্লডের ‘বাধা বা নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার’ কিছু ঘটনা তাদের চোখে পড়েছে, যার মধ্যে মার্কিন সরকারি সংস্থা পরিচালিত কয়েকটি ওয়েবসাইটও ছিল।

তবে ওই সময় ঘটনাগুলোর ‘বাস্তব প্রভাব নগণ্য’ বলে দাবি করেছিল কোম্পানিটি।

অ্যানথ্রপিকের এআই মডেলের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের মধ্যে ফিলাডেলফিয়া পুলিশ বিভাগে এক অমীমাংসিত হত্যাকাণ্ডের বিষয়ে ভুয়া তথ্য জমা দেওয়ার ঘটনাও রয়েছে।

পাশাপাশি, এ মাসেই মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, অ্যানথ্রপিকের একটি এআই মডেল গেল অগাস্টে ১৯টি ভিসার আবেদন ফাইল করেছিল।

স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদনে সক্ষম এআই মডেল পরিচালিত প্রোগ্রাম বা ‘এআই এজেন্টদের’ এমন অননুমোদিত ও বেপরোয়া আচরণের ঘটনা ক্রমশ বাড়ছে।

এ বছরের জুলাইয়ে চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানি ওপেনএআই প্রথম প্রকাশ করেছিল, তাদের এআই চ্যাটবটগুলো একটি এআই স্টার্টআপে হ্যাকিং চালিয়েছে।

এরপর থেকে একে একে বেশ কিছু এমন ঘটনা সামনে আসে। ওপেনএআইয়ের একটি এজেন্ট অস্ট্রেলিয়ান স্বাস্থ্যসেবা সিস্টেমে সাইবার হামলা চালিয়েছিল।

এ ছাড়া, যুক্তরাজ্যের ‘এআই সিকিউরিটি ইনস্টিটিউট’ বলেছে, সাইবার নিরাপত্তা পরীক্ষার সময় বাস্তব মানুষদের লক্ষ্য করে হ্যাকিং অভিযান চালিয়েছিল অ্যানথ্রপিকের এজেন্টরা।

এ মাসেই যুক্তরাজ্যের এআই মন্ত্রী অস্ট্রেলিয়ার হ্যাকিংয়ের মতো এআইচালিত সাইবার হামলার আশঙ্কা ‘অনিবার্য না হলেও প্রবল’ বলে মন্তব্য করেছেন।

মন্ত্রী কানিস্ক নারায়ন বলেছেন, সরকার ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স বিল’কে এআই নিরাপত্তা সংক্রান্ত বিধিমালা চালুর প্রধান মাধ্যম হিসেবে ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে, যার মধ্যে এআই সংক্রান্ত যে কোনো নিরাপত্তা দুর্ঘটনা রিপোর্ট করা বাধ্যতামূলক করার বিধান থাকবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে এআই উন্নয়ন তদারকিতে নিয়োজিত হোয়াইট হাউসের নবগঠিত ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ দেশের সব এআই কোম্পানিকে তাদের প্রযুক্তিসংশ্লিষ্ট যে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা আবশ্যিকভাবে রিপোর্ট করার নির্দেশ জারি করেছে।