আগুন জ্বালাতে পারে অদ্ভুতুড়ে এই স্মার্টফোন
ফোনের ‘ইলেকট্রিক কয়েল’টি অনেকটা ১৯৮৭ সালের দিককার গাড়ির সিগারেট লাইটারের মতো উত্তপ্ত হয়, যা বের করে একটি অ্যাপের মাধ্যমে চালু করতে হবে।
স্মার্টফোনের বাজারে সবাই এখন স্লিম বা পাতলা ডিজাইনের পেছনে ছুটছে। তবে ওকিটেল নিয়ে এল সম্পূর্ণ উল্টো এক স্মার্টফোন। অদ্ভুত এ ফোনটি কেবল মজবুতই নয়, বরং তা দিয়ে আক্ষরিক অর্থেই আগুন জ্বালানো যায়।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, বিষয়টি স্যামসাং ‘গ্যালাক্সি নোট ৭’-এর মতো কোনো দুর্ঘটনা বা বিপর্যয় নয়। ওকিটেল-এর ‘ডব্লিউপি৬৩’ নামের স্মার্টফোনটি আসলে আগুন জ্বালানোর জন্যই তৈরি হয়েছে।
এতে বিল্ট-ইন ইলেকট্রিক ইগনিটার রয়েছে, যা ক্যাম্পিং বা জরুরি অবস্থার কথা মাথায় রেখে যোগ করেছে কোম্পানিটি। এতে করে ব্যবহারকারী দিয়াশলাই নিতে ভুলে গেলেও এ শক্তিশালী ফোনটি দিয়ে আগুন জ্বালাতে পারবেন।
ফোনটিতে রয়েছে ২০ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, একটি লাউডস্পিকার এবং অন্য ডিভাইস চার্জিংয়ের জন্য বিল্ট ইন ইউএসবি-সি কেবলের মতো বেশ কিছু বৈশিষ্ট্য।
ফোনের ‘ইলেকট্রিক কয়েল’টি অনেকটা ১৯৮৭ সালের দিককার গাড়ির সিগারেট লাইটারের মতো উত্তপ্ত হয়। ডিভাইসের উপরের দিকে এক সুরক্ষা আবরণের নিচে লুকানো রয়েছে এ লাইটার, যা বের করে একটি অ্যাপের মাধ্যমে চালু করতে হবে।
ওকিটেল-এর একজন মুখপাত্র এ দিয়ে একটি পাকানো কাগজ জ্বালিয়ে দেখিয়েছেন। এ সময় আগুন জ্বালানোর বিষয়টি শান্ত ও নিয়ন্ত্রিত ছিল, যা অবাক করার মতোই।
অন্য একজন মুখপাত্র বলেছেন, স্মার্টফোনের এ লাইট মোমবাতি জ্বালানোর কাজে ব্যবহার করা যাবে না। এর কারণ সম্ভবত ফোনটি তাপ তৈরি করে, শিখা নয়। ওই তাপে কাগজে আগুন ধরে।
ফোনটির দাম হবে প্রায় ৫০০ ডলারের কাছাকাছি। পাতলা ফোনের বর্তমান প্রবণতাকে সম্পূর্ণ উপেক্ষা করে এ ফোনটি ২৭ মিলিমিটার পুরু।
