২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যতে ‘পালস’ ফিচারে বিজ্ঞাপন নিয়ে সতর্ক ওপেনএআই

ওপেনএআইয়ের তৈনি নতুন এক ফিচার চ্যাটজিপিটি পালস, যেখানে ব্যবহারকারীদের জন্য ‘পার্সোনালাইজেশন’ আরও উন্নত করেছে কোম্পানিটি।

ভবিষ্যতে ‘পালস’ ফিচারে বিজ্ঞাপন নিয়ে সতর্ক ওপেনএআই
ওপেনএআইয়ের কর্মীরা বলেছেন, চ্যাটজিপিটি পালস-এর মধ্যে বিজ্ঞাপন দেখানোর বিষয়টি নিয়ে ভাবছেন তারা। ছবি: ওপেনএআই

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 05:14 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

চ্যাটজিপিটি পালস-এ এখনই কোনো বিজ্ঞাপনের পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে অ্যাপটিতে বিজ্ঞাপন যোগের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান।

সোমবার যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে কোম্পানিটির ‘ডেভডে’ ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অল্টম্যান বলেছেন, সম্প্রতি চালু হওয়া চ্যাটজিপিটি পালস ফিচারটি তার ‘খুবই পছন্দের ফিচারগুলোর’ মধ্যে একটি। তবে ভবিষ্যতে অ্যাপটিতে বিজ্ঞাপন থাকবে কি না তা অল্টম্যান স্পষ্ট করেননি বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।

ওপেনএআইয়ের তৈনি নতুন এক ফিচার চ্যাটজিপিটি পালস, যেখানে ব্যবহারকারীদের জন্য ‘পার্সোনালাইজেশন’ আরও উন্নত করেছে কোম্পানিটি।

চ্যাটজিপিটিকে ব্যবহারকারীর আলাপ ও এতে সংযোগ রয়েছে এমন বিভিন্ন অ্যাপ থেকে শেখার সুযোগ দেয় এ নতুন ফিচারটি। এরপর চ্যাটজিপিটি রাতভর ব্যবহারকারীর নানা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে এবং সকালে তার কাছে ‘ডেইলি পালস’ বা দৈনিক সারসংক্ষেপ উপস্থাপন করে।

চ্যাটজিপিটি পালস-এর মধ্যে রয়েছে প্রতিদিনের জন্য ব্যক্তিগত ব্যায়ামের রুটিন, ভাষা শেখার ছোট ছোট পাঠ, গুরুত্বপূর্ণ খবরের সারসংক্ষেপ এবং ব্যবহারকারী যে রেস্তোরাঁয় যাচ্ছেন সেখানে তিনি কী খেতে পারেন এমন সব বিষয়ে সুপারিশ।

ওপেনএআই বলেছে, ফিচারটির মূল উদ্দেশ্য ব্যবহারকারীর সকাল যেন চ্যাটজিপিটির সঙ্গে শুরু হয় এবং এটি ধীরে ধীরে যেন ব্যক্তিগত সহকারী বা গাইডের মতো হয়ে ওঠে।

ওপেনএআইয়ের কর্মীরা বলেছেন, চ্যাটজিপিটি পালস-এর মধ্যে বিজ্ঞাপন দেখানোর বিষয়টি নিয়ে ভাবছেন তারা। তবে স্যাম অল্টম্যান বলেছেন, এখনই বিজ্ঞাপন চালানোর ‘সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই’।

অল্টম্যান বলেছেন, ইনস্টাগ্রামের বিজ্ঞাপন তার ভালো লাগে এবং ভবিষ্যতে যদি চ্যাটজিপিটি পালস-এ তেমনভাবে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানো যায় তবে তেমনটা হতেও পারে।

এদিকে, শুরুতে চ্যাটজিপিটি পালস ফিচারটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দিতে চেয়েছিল ওপেনএআই। তবে ফিচারটি অনেক কম্পিউটিং শক্তি ব্যবহার করায় আপাতত এটি কেবল প্রো ব্যবহারকারীদের জন্যই চালু করেছে কোম্পানিটি।

বিজ্ঞাপন প্রসঙ্গে অল্টম্যান আরও বলেছেন, “যতটা সম্ভব আমরা ব্যবহারকারীদের জন্য এমন কিছু করার চেষ্টা করি, যা তাদের সত্যিই কাজে আসবে। যদি এমন কোনো উপায় মেলে, যেখানে বিজ্ঞাপন ব্যবহারকারীর উপকারে আসবে তখন সেই পথ বেছে নিতে পারি আমরা।” 

“তবে এটি স্পষ্ট যে, বিজ্ঞাপন নিয়ে আমরা খুব সতর্কভাবে এগিয়ে যাচ্ছি।”