ট্রাম্পের প্রযুক্তি টাইকুনদের রাজকীয় অভ্যর্থনা যুক্তরাজ্যে
যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলে তাদের উপস্থিতি ছিল বেশ ব্যতিক্রম। কারণ এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের যুক্তরাজ্য সফরে এমন প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ধনী ব্যক্তিত্বরা সঙ্গী হননি।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফরে অংশ নিয়েছেন বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানির সফল ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি অগ্রপথিকদেরই প্রতিনিধিত্ব করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আসা বিলিয়নেয়ারদের এ দলটি।
গোটা বিশ্বে ডিজিটাল প্রতিযোগিতায় বিশেষ করে এআইয়ের ক্ষেত্রে সামনের সারিতে রয়েছে এসব কোম্পানি। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলে তাদের উপস্থিতি ছিল বেশ ব্যতিক্রম। কারণ এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের যুক্তরাজ্য সফরে এমন প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ধনী ব্যক্তিরা সঙ্গী হননি।
এ সফরে দুই দেশ মিলে প্রায় তিন হাজার একশ কোটি পাউন্ডের বড় এক প্রযুক্তি সংক্রান্ত চুক্তিও করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র, যা প্রযুক্তি ক্ষেত্রে সমৃদ্ধি আনার ক্ষেত্রে বিশেষ এক বিনিয়োগ পরিকল্পনা।
এ চুক্তি যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির মোট দেড় হাজার কোটি পাউন্ড বিনিয়োগের অংশ। দুই দেশ মিলে প্রযুক্তি খাতে বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগ করে নিজেদের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চাইছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
মঙ্গলবারের রাজকীয় নৈশভোজে ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে অংশ নিয়েছেন প্রযুক্তি বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। যাদের মধ্যে রয়েছেন, মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া’র প্রধান নির্বাহী জেনসেন হুয়াং, আইফোন নির্মাতা অ্যাপলের প্রধান টিম কুক ও ওপেনএআইয়ের রহস্যময় স্বভাবের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
ট্রাম্পের পাশেই ছিলেন তিনজন প্রযুক্তি বিলিয়নেয়ার, যাদের কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য প্রায় সাত ট্রিলিয়ন পাউন্ড। বিশ্ব রাজনীতিতে এআই নিয়ে চলমান প্রতিযোগিতায় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ভূমিকা ক্রমেই বাড়ছে– এ ঘটনা যেন তারই স্পষ্ট প্রতিফলন।
ব্রিটিশ প্রযুক্তি সংগঠন ‘টেকইউকে’-এর প্রধান নির্বাহী জুলিয়ান ডেভিড বলেছেন, “প্রযুক্তিখাতে পারস্পরিক পার্টনারশিপ আরও গভীর করার দিক থেকে ট্রাম্পের এ রাষ্ট্রীয় সফর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জন্য গুরুত্বপূর্ণ এক সুযোগ।
“এআই ক্ষেত্রে নেতৃত্ব দিতে আমাদের দুই দেশই বিশেষভাবে উপযেগী অবস্থানে রয়েছে। দুই দেশের মধ্যে এ প্রযুক্তি চুক্তি এআই, কোয়ান্টাম প্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথ নেতৃত্বকে আরও দৃঢ় করার পাশাপাশি দীর্ঘস্থায়ী এক ডিজিটাল বাণিজ্য কাঠামোর ভিত্তিপ্রস্তরও স্থাপন করতে পারে।”
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এ দলটি যুক্তরাজ্যে পা রাখার সঙ্গে সঙ্গেই প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, যুক্তরাজ্যের এআই খাতে দুই হাজার দুইশো কোটি পাউন্ড বিনিয়োগ করবে তারা। একইসঙ্গে এক হাজার একশ কোটি পাউন্ড বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের অন্যতম বড় চিপ নির্মাতা এনভিডিয়া, যেটিকে যুক্তরাজ্যের ইতিহাসে ‘সবচেয়ে বড় এআই অবকাঠামো সম্প্রসারণ’ বলেও উল্লেখ করেছে কোম্পানিটি।
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই ও এনস্কেল যৌথভাবে যুক্তরাজ্যে নিয়ে আসছে ‘স্টারগেইট’ নামের এক এআই অবকাঠামো প্রকল্প, যার লক্ষ্য স্থানীয় পর্যায়ে কম্পিউটিং সক্ষমতা গড়ে তোলা। যুক্তরাজ্যের ইতিহাসে এআই খাতে এ পর্যন্ত হওয়া সবচেয়ে বড় বিনিয়োগ এটি।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সাত্যিয়া নাদেলা বলেছেন, এআই হবে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে প্রযুক্তিনির্ভর পার্টনারশিপের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে, যেখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় হিসেবে উঠে এসেছে এআই।
এদিকে, যুক্তরাজ্যের দেশীয় প্রযুক্তি ও এআই খাতকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা যেমন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তেমনি রাজনৈতিক দিক থেকেও সমান গুরুত্বপূর্ণ।
বর্তমানে যুক্তরাজ্য মূলত সেবাখাতনির্ভর অর্থনীতির দেশ, যেখানে আইন, আর্থিক সেবা ও অন্যান্য পরিষেবা রপ্তানি করেই অধিকাংশ আয় করে থাকে দেশটি। তবে এআই জগতে এখনও যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে যুক্তরাজ্য।
এআই অত্যন্ত সম্পদনির্ভর ক্ষেত্র ও এতে অগ্রগতি আনতে হলে দুইটি প্রধান খাতে বিনিয়োগ প্রয়োজন। যেমন– কম্পিউটিং সক্ষমতা ও জ্বালানি।
এআই পরিচালনার মূলভিত্তি হল ডেটা সেন্টার, যেখানে লাখ লাখ সার্ভার সংরক্ষিত থাকতে পারে। বর্তমানে যুক্তরাজ্যের তালিকায় মোট চারশ ৮৪টি ডেটা সেন্টার রয়েছে, যার বেশিরভাগই অবস্থান করছে লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহামে।
‘টেকইউকে’-এর গবেষণা বলছে, বর্তমানে এসব ডেটা সেন্টার প্রায় সাড়ে ৪৩ হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করছে এবং ২০৩৫ সালের মধ্যে আরও প্রায় ৫৮ হাজার নতুন চাকরি যুক্তরাজ্যের অর্থনীতিতে যোগ হতে পারে।
এ সপ্তাহে ওয়ালথাম ক্রস এলাকায় নতুন এক ডেটা সেন্টার উদ্বোধন করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। আগামী দুই বছরে যুক্তরাজ্যের এআই চাহিদা পূরণের জন্য পাঁচশ কোটি পাউন্ড বিনিযোগের প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানিটি।
মাইক্রোসফট, ওপেনএআই, এনভিডিয়া ও অন্যান্য কোম্পানি যুক্তরাজ্যের ডেটা সেন্টারে যে কোটি কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে তা থেকে বিশাল শক্তির চাহিদা মেটানোর লক্ষ থাকবে। এ ক্ষেত্রে পরমাণু শক্তিতে বড় ধরনের উন্নয়ন ও মার্কিন পার্টনারশিপের নতুন ‘ল্যান্ডমার্ক’ ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকারও।
এআই ক্ষেত্রে এ চারটি প্রধান মার্কিন কোম্পানির প্রধান নির্বাহীরা গত রাতে উইন্ডসর কাসলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন।
