Published : 14 Jul 2026, 11:43 AM
মহাকাশ গবেষণায় বড় মাইলফলক স্পর্শ করেছে চীন। পৃথিবী-নিকটবর্তী এক গ্রহাণুর খুব কাছ থেকে তোলা প্রথম স্পষ্ট ছবি পাঠিয়েছে চীনের এক মহাকাশযান।
গেল বছরের বসন্তে এ গ্রহাণুর উদ্দেশ্যে রওনা হওয়া চীনা মহাকাশযান ‘তিয়ানওয়েন-২’, যা এখন সফলভাবে এর লক্ষ্যে পৌঁছেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
মহাকাশযানটির নির্দিষ্ট গ্রহাণুর কাছাকাছি পৌঁছানোর খবর নিশ্চিত করেছে বেইজিং। বিজ্ঞানীদের কাছে ‘কোয়াসি-মুন’ বা আধা-উপগ্রহ হিসেবে পরিচিত এ গ্রহাণুটি থেকে নমুনা সংগ্রহের লক্ষ্যে সফলভাবে এর কক্ষপথে পৌঁছেছে চীনের তিয়ানওয়েন-২।
সোমবার ‘২০১৬এইচও৩’ নামের ওই গ্রহাণুটির এক ছবি প্রকাশ করেছে চীনের ‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’। ছবিটি গ্রহাণুটির কেবল ২০ কিলোমিটার দূর থেকে তোলা।
বিজ্ঞানীদের পরিকল্পনা অনুসারে, তিয়ানওয়েন-২ আগামী আরও কয়েক মাস এ গ্রহাণুর আশপাশে অবস্থান করবে এবং একপর্যায়ে এর পৃষ্ঠে অবতরণ করে মহাজাগতিক নমুনার টুকরো সংগ্রহ করবে।
সব ঠিক থাকলে ২০২৭ সালের শেষ নাগাদ এর নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসবে মহাকাশযানটি।
মহাকাশের কোনো গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসার এ উচ্চাভিলাষী দৌড়ে চীনই প্রথম নয়। এর আগে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও জাপান সফলভাবে গ্রহাণুর নমুনা পৃথিবীতে এনেছে।
বিজ্ঞানীরা বলছেন, “এ ধরনের প্রাচীন গ্রহাণুর নমুনা আমাদের সৌরজগতের আদিম অবস্থার উপাদান ও সৃষ্টি রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ সূত্র সরবরাহ করে।”
বিজ্ঞানীদের কাছে ‘কামুওআলেওয়া’ নামে পরিচিত ‘২০১৬এইচও৩’ গ্রহাণুটি একটি ‘কোয়াসি-স্যাটেলাইট’ বা আধা-উপগ্রহ, যা ২০১৬ সালে আবিষ্কৃত হয়।
ওই সময় নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির ‘সেন্টার ফর নিয়ার-ইার্থ অবজেক্ট স্টাডিজ’-এর দীর্ঘদিনের ব্যবস্থাপক পল চোডাস গ্রহাণুটির কক্ষপথ সম্পর্কে বলেছিলেন, “আমাদের সূর্যকে প্রদক্ষিণের পাশাপাশি পৃথিবীর আশপাশে লুপ বা চক্কর তৈরি করে ঘোরে এই গ্রহাণু। তবে আমাদের থেকে খুব বেশি দূরে ছিটকে যায় না।”
বিজ্ঞানীদের ধারণা, আগামী কয়েকশ বছর গ্রহাণুটি এভাবেই পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকবে এবং এরপর একসময় ক্রমশ দূরে সরে যাবে।
গবেষকরা বলছেন, ‘২০১৬এইচও৩’ গ্রহাণুটি আকারে অত্যন্ত ছোট। ধারণা করা হচ্ছে, এর ব্যাস ১০০ ফুটের কাছাকাছি।
তবে ‘তিয়ানওয়েন-২’ থেকে পাওয়া নতুন বিভিন্ন পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে খুব শিগগিরই এর আসল ও নিখুঁত আকার পরিমাপ করা সম্ভব হবে।
অভিযানের পরিকল্পনা অনুসারে, আগামী বছর গ্রহাণুটির পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহের কাজ শেষ করবে চীনা মহাকাশযানটি।
এরপর নিজের প্রথম গন্তব্য ছেড়ে ‘৩১১পি’ নামের মেইন-বেল্ট কমেন্ট বা প্রধান গ্রহাণু বেল্টের ধূমকেতুর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।