Published : 11 Nov 2025, 01:34 PM
অ্যাপলের সর্বশেষ আইফোন আপডেটে এমন এক পরিবর্তন এসেছে, যা ‘লিকুইড গ্লাস’ ডিজাইনটি পছন্দ করেন না এমন ব্যবহারকারীদের জন্য ভালো খবর। অনেকের অভিযোগ ছিল, এই আধা-স্বচ্ছ ডিজাইনটির কারণে স্ক্রিনের লেখা ঠিকভাবে পড়া যায় না।
এ সমস্যা সমাধানে আইওএস ২৬-এর চতুর্থ বিটা সংস্করণে অ্যাপল এনেছে ‘ফ্রস্টেড’ লুক, যার সঙ্গে রয়েছে ‘রিডিউস ট্রান্সপারেন্সি’ নামের অপশন, যেটি ডিভাইসের ‘অ্যাক্সেসিবিলিটি’ সেটিংসের ভেতরে রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
এখন নতুন আইওএস ২৬.১ সংস্করণে অ্যাপল সেই ‘লিকুইড গ্লাস’ টগলটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, যাতে ব্যবহারকারীরা নিজের পছন্দমতো স্ক্রিনের চেহারা ঠিক করতে পারেন।
‘লিকুইড গ্লাস’ কী?
২০২৫ সালে নিজেদের ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভলপার্স ইভেন্ট’-এ লিকুইড গ্লাসের বড় ভিজুয়াল বা দৃষ্টিনন্দন পরিবর্তনটির কথা জানিয়েছিল অ্যাপল। এ নতুন ডিজাইনের সঙ্গে ‘উইন্ডোজ ভিস্তা’র তুলনা করেছেন অনেকেই।
এ নতুন নকশায় ডিভাইসের সুইচ, স্লাইডার, সাইডবার থেকে শুরু করে বিভিন্ন প্যানেল– সবকিছুই কাচের মতো স্বচ্ছ দেখাবে, যাতে ব্যবহারকারীরা রং ও কনটেন্টের আভাস দেখতে পারেন।
কিছু ব্যবহারকারী এই ডিজাইনের নতুনত্বের প্রশংসা করলেও অন্যরা বলেছেন, এ স্বচ্ছ লুকের কারণে লেখা পড়তে অসুবিধা হয়, অ্যানিমেশনের কারণে ফোন কিছুটা ধীর ও দীর্ঘ সময় ব্যবহার করলে চোখে ক্লান্তি আসে।
লিকুইড গ্লাসের প্রভাব যেভাবে কমাবেন
নতুন লিকুইড গ্লাস ব্যবহার করতে চাইলে আগে নিশ্চিত হতে হবে ব্যবহারকারীর আইফোনে আইওএস ২৬.১ ইনস্টল রয়েছে কি না। বিষয়টি যাচাই করতে ডিভাইসের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে থাকা সফটওয়্যার আপডেট দেখুন, না থাকলে তা করে নিন।
সর্বশেষ আইওএস সংস্করণে থাকলে আবার ফোনের সেটিংসে এ ফিরে গিয়ে ‘ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস’ অপশনে যান। সেখানে নতুন লিকুইড গ্লাস সেটিংসটি পাবেন। এরপর সেখানে ‘ক্লিয়ার’ ও ‘টিনটেড’ নামের দুটি বিকল্প থাকবে।
‘ক্লিয়ার’ অপশনটি অ্যাপলের মূল ডিজাইন, যেখানে স্ক্রিনের বিভিন্ন কন্ট্রোল স্বচ্ছ থাকে ও নিচের রং বা কনটেন্ট দেখা যায়। অন্যদিকে, ‘টিনটেড’ অপশনটি ‘স্বচ্ছতা কিছুটা কমিয়ে দেয় ও রঙের কনট্রাস্ট বাড়ায়’। ফলে ‘স্ক্রিনের লেখা আরও স্পষ্টভাবে দেখা যায়’।
লিকুইড গ্লাস সেটিংসে গিয়ে ‘ক্লিয়ার’ ও ‘টিনটেড’-এর মধ্যে কোনটা বেছে নেবেন তা ঠিক করার আগে এ দুটি বিকল্পের মধ্যে পার্থক্য আগে থেকে দেখে নিতে পারবেন ব্যবহারকারীরা।
‘টিনটেড’ অপশনটি চালু করলে আইওএস বিটা সংস্করণে ‘ফ্রস্টেড লুক’-এর মতো প্রভাব দেখা যাবে। ফলে যেসব প্যানেল বা অংশে লিকুইড গ্লাস ডিজাইনের ব্যবহার হয়েছে, সেখানে ব্যাকগ্রাউন্ড আরও স্পষ্ট দেখাবে।
তবে মনে রাখা জরুরি, এখানে কেবল দুটি অপশনই রয়েছে। অ্যাপল এখনও স্বচ্ছতার মাত্রা নিয়ন্ত্রণের জন্য কোনো স্লাইডার যোগ করেনি।
ধারণা করা হচ্ছে, ধীরে ধীরে নিজেদের বিভিন্ন অপারেটিং সিস্টেমে আরও কাস্টমাইজেশনের দিকে ঝুঁকবে অ্যাপল, যার সাম্প্রতিক উদাহরণ কোম্পানিটির নতুন ‘স্প্যাশিয়াল সেন্সেস’ ফিচার।