১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চাকরি খোঁজার এআইনির্ভর প্ল্যাটফর্ম বানানোর ঘোষণা ওপেনএআইয়ের

‘ওপেনএআই জবস প্ল্যাটফর্ম’ নামের চাকরির প্লাটফর্মটিতে এআই ব্যবহার করে উপযোগী চাকরিপ্রার্থী ও কোম্পানির মধ্যে সংযোগ ঘটানো হবে।

চাকরি খোঁজার এআইনির্ভর প্ল্যাটফর্ম বানানোর ঘোষণা ওপেনএআইয়ের
এ উদ্যোগের মাধ্যমে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের লিংকডইন-এর প্রতিযোগী হয়ে দাঁড়াতে পারে ওপেনএআই। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 02:51 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

এবার চাকরির এআইনির্ভর প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। কোম্পানিটির বৃহত্তর পরিকল্পনার অংশ এটি, যার উদ্দেশ্য মানুষের মধ্যে এআই সম্পর্কে জানাশোনা বাড়ানো ও এআইয়ের ব্যবহার শেখানো। 

সেই ধরাবাহিকতায় ওপেনএআই এখন আরও বেশি করে সাধারণ ব্যবহারকারী ও ব্যবসার জন্য এআইনির্ভর সেবা চালু করছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

‘ওপেনএআই জবস প্ল্যাটফর্ম’ নামের এমন এক চাকরির প্লাটফর্ম তৈরি করছে কোম্পানিটি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে উপযোগী চাকরিপ্রার্থী ও কোম্পানির মধ্যে সংযোগ করানো হবে বলে দাবি তাদের। 

এ উদ্যোগের মাধ্যমে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের লিংকডইন-এর প্রতিযোগী হয়ে দাঁড়াতে পারে ওপেনএআই।

ওপেনএআই ও মাইক্রোসফটের মধ্যকার সম্পর্কটা একদম সহজ বলা যায় না। গত বছর বাৎসরিক প্রতিবেদনে ওপেনএআইকে ‘সার্চ ও নিউজ বিজ্ঞাপনের ক্ষেত্রে নিজেদের প্রতিদ্বন্দ্বী’ হিসেবে উল্লেখ করেছিল মাইক্রোসফট।

এরপরও ওপেনএআইতে সবচেয়ে বড় বিনিয়োগকারী মাইক্রোসফটই। এখন পর্যন্ত কোম্পানিটিতে প্রায় এক হাজার তিনশ কোটি ডলার বিনিয়োগ করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্টটি।

এআই চাকরির প্লাটফর্ম তৈরির খবরটি বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ঘোষণা করেছেন কোম্পানিটির অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ‘ইনস্টাকার্ট’-এর সাবেক প্রধান ফিদজি সিমো।

সিমো বলেছেন, “গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চাকরির প্ল্যাটফর্ম কেবল বড় বিভিন্ন কোম্পানির জন্য বেশি দক্ষ জনবল পাওয়ার উপায় হবে না, বরং এর একটি আলাদা অংশ থাকবে, যা স্থানীয় বিভিন্ন ব্যবসাকে প্রতিযোগিতা করতে সাহায্য করবে এবং স্থানীয় প্রসাশনকে এমন এআই দক্ষ মানুষ খুঁজে পেতে সহায়তা করবে যারা মার্কিন নাগরিকদের আরও ভালো সেবা দিতে পারবেন।”

প্ল্যাটফর্মটি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি সিমো। তবে কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এই সেবা চালুর আশা করছে ওপেনএআই।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে নতুনভাবে সাজানো রোজ গার্ডেনের এ উদ্বোধনী অনুষ্ঠানে দুই ডজনেরও বেশি নামকরা প্রযুক্তি ও ব্যবসা খাতের প্রধানকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া।

নৈশভোজের আগে ফার্স্ট লেডি বক্তব্য রাখেন, যেখানে তিনি শিক্ষায় এআইয়ের গুরুত্ব ও আমেরিকার অগ্রগতিতে এর ভূমিকা তুলে ধরে বলেছেন, “এআইয়ের বিকাশ অবশ্যই দায়িত্বশীলভাবে পরিচালনা করতে হবে।”

এ অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা প্রধান মার্ক জাকারবার্গ, অ্যাপলের সিইও টিম কুক, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান।