২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ফাঁস হয়েছে কিনা জানার উপায়

যদি কোনো পাসওয়ার্ড ফাঁস হয়ে থাকে ‘কম্প্রমাইজড পাসওয়ার্ডস’ অংশে সেই সব ওয়েবসাইটের তালিকা দেখা যাবে।

গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ফাঁস হয়েছে কিনা জানার উপায়
সবচেয়ে সহজ ও দ্রুত পদ্ধতি হলো গুগলের পাসওয়ার্ড চেকআপ টুল ব্যবহার করা। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 10:51 AM

Updated : 26 Aug 2026, 05:18 PM

গুগলের সফটওয়্যার পণ্য এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। এপ্রিল ফুলের রসিকতা থেকে শুরু হওয়া জিমেইল এখন ২০ বছরের বেশি সময় ধরে বিশ্বের অন্যতম শীর্ষ ব্যবহৃত ইমেইল সেবা।

শুধু জিমেইল নয়, গুগল ফটোস, ডকস, ম্যাপস, ইউটিউব, ক্রোম এসব পরিষেবা মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে এতটাই জড়িত যে এগুলোয় অভ্যস্ত লোকজন এই সেবাগুলো ছাড়া স্বাভাবিকভাবে কাজ চালানো কঠিন মনে করেন। মানুষের অনলাইন উপস্থিতি এবং ডিজিটাল পরিচয়ের বড় অংশই আজ গুগল অ্যাকাউন্টের ওপর নির্ভরশীল।

একটি অ্যাকাউন্ট দিয়েই গুগলের সব সেবা ব্যবহার করা যায়। ফলে জিমেইলে সাইন আপ করলে আলাদা করে অন্য সেবায় অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়ে না। তবে এই সুবিধার সঙ্গে ঝুঁকিও আছে। কারও জিমেইল লগইন তথ্য হ্যাকিংয়ের শিকার হলে পুরো গুগল অ্যাকাউন্টই বিপদের মুখে পড়তে পারে। তাই জিমেইলের ইউজার আইডি ও পাসওয়ার্ড সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবু সব সতর্কতা সত্ত্বেও পাসওয়ার্ড ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়। বড় ধরনের ডেটা ব্রিচ এখন নিয়মিত ঘটনা এবং অনেক ক্ষেত্রেই পাসওয়ার্ড ফাঁস হওয়ার পেছনে ব্যবহারকারীর কোনো দোষ থাকে না। 

প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার লিখেছে, নিজের জিমেইল এবং গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফাঁস হয়েছে কি না তা যাচাই করার বেশ কয়েকটি উপায় রয়েছে। গুগলের নিজস্ব টুল ছাড়াও থার্ড পার্টির সেবা ব্যবহার করে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

গুগলের ‘পাসওয়ার্ড চেকআপ’ টুল ব্যবহার করা

সবচেয়ে সহজ ও দ্রুত পদ্ধতি হলো গুগলের পাসওয়ার্ড চেকআপ টুল ব্যবহার করা। টুলে প্রবেশের পর ‘চেক পাসওয়ার্ডস’ এ ক্লিক করলে লগইন করে পরিচয় নিশ্চিত করতে বলা হবে। লগইন করার পর গুগল স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ডগুলো স্ক্যান করবে যা কয়েক সেকেন্ড সময় নেয়।

যদি কোনো পাসওয়ার্ড ফাঁস হয়ে থাকে ‘কম্প্রমাইজড পাসওয়ার্ডস’ অংশে সেই সব ওয়েবসাইটের তালিকা দেখা যাবে। নিজের জিমেইল পাসওয়ার্ড ফাঁস হয়েছে কি না জানতে তালিকায় ‘জিমেইল ডট কম’ ডোমেইন এবং জিমেইল ঠিকানা খুঁজে দেখতে হবে।

যদি ফাঁস হওয়া অ্যাকাউন্ট ওই তালিকায় থাকে তবে ঠিক পাশেই ‘চেইঞ্জ পাসওয়ার্ড’ অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলে গুগলের পাসওয়ার্ড রিসেট পেইজে নিয়ে যাবে। নতুন, শক্তিশালী পাসওয়ার্ড সেট করে অ্যাকাউন্টের নিরাপত্তা সঙ্গে সঙ্গে বাড়ানো সম্ভব।

পাসওয়ার্ড পরিবর্তনের পাশাপাশি গুগলের অতিরিক্ত নিরাপত্তা সুবিধা ‘টু স্টেপ অথেন্টিকেশন’ এবং গুগল পাসকি ব্যবহার করতে পারেন। একই টুলেই অন্যান্য ফাঁস হওয়া পাসওয়ার্ডের তালিকাও পাবেন, সেগুলো পরিবর্তন করাও জরুরি।

থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে যাচাই

যাদের একাধিক জিমেইল ঠিকানা আছে তাদের দ্রুত যাচাইয়ের জন্য বেশ কিছু থার্ড পার্টির সাইটও ব্যবহার করা যায়। উল্লেখযোগ্য সেবাগুলোর মধ্যে আছে- হ্যাভ আই বিন পওনড, এভাস্ট হ্যাক চেক, লিকচেজ, স্কেটার্ড সিক্রেটস এবং এফ-সিকিওর আইডেন্টিটি থেফট চেকার। 

এ সাইটগুলো ব্যবহার করা খুবই সহজ। শুধু ইমেইল ঠিকানা লিখে সার্চ দিলেই জানিয়ে দেবে ব্যবহারকারীর তথ্য কোনো ডেটা ব্রিচে ফাঁস হয়েছে কি না।

এসব টুল জিমেইল ছাড়াও আইক্লাউড, ইয়াহু মেইল, আউটলুকসহ অন্য সব ইমেইল সেবার তথ্য যাচাই করতেও ব্যবহার করা যায়।

যদি ড্যাশলেন, ওয়ানপাসওয়ার্ড, বিটওয়ার্ডেন বা নর্ডপাস এর মতো কোনো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন তাহলে সেখানেও বিল্ট-ইন ব্রিচ চেকার থাকে। অ্যাপ খুলে পাসওয়ার্ড ব্রিচ সেকশনে গেলেই জানা যাবে জিমেইল আইডি কোনো ডেটা লিকের শিকার হয়েছে কি না।