Published : 25 Nov 2025, 02:37 PM
শিগগিরই কুইক শেয়ারের মাধ্যমে আইফোনে ফাইল পাঠাতে পারবে স্ন্যাপড্রাগন চিপওয়ালা বিভিন্ন ডিভাইস।
সাম্প্রতিক এক ঘোষণায় মার্কিন সার্চ জায়ান্ট গুগল বলেছে, পিক্সেল ১০ স্মার্টফোনের ‘কুইক শেয়ার’ ফিচারটি আইফোনের ‘এয়ারড্রপ’-এর সঙ্গে কাজ করবে।
গুগলের এ ঘোষণার পর কোয়ালকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছে, এ ‘ক্রস-প্ল্যাটফর্ম ফাইল শেয়ারিং’ ফিচারটি তাদের স্ন্যাপড্রাগন চিপওয়ালা ডিভাইসেও মিলবে।
ওই পোস্টে কোয়ালকম বলেছে, “স্ন্যাপড্রাগনে চালুর সঙ্গে সঙ্গে লোকজন ফিচারটি কত দ্রুত ব্যবহার করবেন তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা।”
প্রযুক্তি সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, বিষয়টি একেবারে অপ্রত্যাশিত নয়। কারণ গুগল ঘোষণায় বলেছিল, কুইক শেয়ারের মাধ্যমে বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইস আইফোনের এয়ারড্রপের সঙ্গে কাজ করবে।
এখন স্ন্যাপড্রাগন নিশ্চিত করেছে, এ নতুন সামঞ্জস্য কেবল পিক্সেল স্মার্টফোন বা গুগল টেনসর চিপওয়ালা ডিভাইসেই সীমাবদ্ধ থাকবে না, বরং শিগগিরই স্যামসাং গ্যালাক্সি, ওয়ানপ্লাস ও নাথিং ফোনের মতো স্ন্যাপড্রাগন চিপওয়ালা যে কোনো ফোনে কাজ করবে, অর্থাৎ ব্যবহারকারীরা ফাইল পাঠাতে পারবেন।
কোয়ালকম নির্দিষ্ট করে বলেনি কখন বা কোন কোন স্মার্টফোনে ‘কুইক শেয়ার’ থেকে ‘এয়ারড্রপ’-এর ফিচারটি আসবে। তবে ফিচারটি কেবল স্মার্টফোনেই সীমাবদ্ধ না থেকে ট্যাবলেট বা ল্যাপটপেও আসতে পারে।
এ নতুন ফাইল শেয়ারিং ফিচারের পাশাপাশি এক ঘোষণায় অ্যাপল বলেছে, আইওএস ১৮-এ ‘আরসিএস-সাপোর্ট’ আসছে, যা দীর্ঘদিন ধরে থাকা বিভিন্ন স্মার্টফোন অপারেটিং সিস্টেমের মধ্যে অসুবিধা অনেকটা কমিয়ে দেবে।