অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংক যোগ হচ্ছে ইউটিউব ভিডিওতে
এর মাধ্যমে ইউটিউবের যোগ্য নির্মাতারা এখন থেকে নিজেদের তৈরি ভিডিওতে সরাসরি অ্যামাজনের পণ্যের লিংক বা তালিকা জুড়ে দিতে পারবেন।
ইউটিউব নির্মাতাদের আয়ের ঝুলিতে যোগ হচ্ছে নতুন সুবিধা। এখন থেকে ভিডিওতে সরাসরি অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংক যোগ করে বাড়তি কমিশনের সুযোগ পাবেন কনটেন্ট নির্মাতারা।
অনলাইন কেনাকাটার জনপ্রিয় কোম্পানি অ্যামাজনকে নিজেদের ‘ইউটিউব শপিং অ্যাফিলিয়েট’ প্রোগ্রামে যোগ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল মালিকানাধীন ইউটিউব।
নতুন এ সহযোগিতার আওতায় ইউটিউবের যোগ্য নির্মাতারা এখন থেকে নিজেদের তৈরি ভিডিওতে সরাসরি অ্যামাজনের পণ্যের লিংক বা তালিকা জুড়ে দিতে পারবেন প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় এ সিদ্ধান্তের কথা বলেছেন ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নিল মোহান।
নিয়মিত ভিডিও ছাড়াও ইউটিউব শর্টস ও সরাসরি সম্প্রচারিত লাইভস্ট্রিমেও অ্যামাজনের বিভিন্ন পণ্য ট্যাগ করা যাবে। নির্মাতাদের দেওয়া এসব লিংকে প্রবেশ করে দর্শকরা কোনো পণ্য কিনলে সেই বিক্রির একাংশ কমিশন হিসেবে পাবেন সংশ্লিষ্ট কনটেন্ট নির্মাতা।
বাজার বিশ্লেষকরা বলছেন, খুচরা বিক্রয় খাতে অ্যামাজনের বড় ব্যাপ্তি ও জনপ্রিয়তার কারণে এ পদক্ষেপ বিশ্বজুড়ে কনটেন্ট নির্মাতাদের আয়ের নতুন পথ খুলে দেবে। প্রিয় নির্মাতাদের পরামর্শে যারা কেনাকাটা করতে ভালোবাসেন সেসব দর্শকের জন্যও পছন্দের পণ্যটি সরাসরি খুঁজে নেওয়ার প্রক্রিয়া এখন আগের চেয়ে সহজ হবে।
ই-কমার্স ব্যবস্থার আওতা বাড়াতে ও অধিক সংখ্যক কনটেন্ট নির্মাতাকে আয়ের সুযোগ করে দিতে গেল মার্চে সাবস্ক্রাইবার সীমার শর্ত শিথিল করেছিল ইউটিউব।
বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বলেছে, এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি নির্মাতা ‘ইউটিউব শপিং’ প্রোগ্রামে যুক্ত হয়েছেন। পাশাপাশি সম্প্রতি আর্জেন্টিনা, মেক্সিকো ও যুক্তরাজ্যেও চালু হয়েছে বহুল প্রতিক্ষিত অ্যাফিলিয়েট প্রোগ্রাম।
