১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতে ওপেনএআইয়ের ডেটা সেন্টার নির্মাণ পরিকল্পনা?

ব্যবহারকারী সংখ্যার দিক থেকে ওপেনএআইয়ের দ্বিতীয় বৃহত্তম বাজার হচ্ছে ভারত, যেখানে নিজেদের ব্যবসা ও কাজকর্ম বাড়াচ্ছে কোম্পানিটি।

ভারতে ওপেনএআইয়ের ডেটা সেন্টার নির্মাণ পরিকল্পনা?
সেপ্টেম্বরে ভারত সফরে গিয়ে এ সম্পর্কে ঘোষণা দিতে পারেন কোম্পানিটির সিইও স্যাম অল্টম্যান। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 07:31 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

ভারতে কম করে হলেও এক গিগাওয়াট ক্ষমতাওয়ালা এক ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।

সোমবার এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, ভারতে এই ডেটা সেন্টার নির্মাণের জন্য স্থানীয় অংশীদার খুঁজছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি।

তবে এ প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওপেনএআই।

ভারতের মধ্যে একটি কোম্পানি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সমর্থিত এই এআই কোম্পানিটি। এরইমধ্যে দেশটিতে একটি স্থানীয় দল গঠনের কাজ শুরু করেছে তারা। 

অগাস্টে ওপেনএআই বলেছে, এ বছরের শেষ নাগাদ দিল্লিতে নিজেদের প্রথম ভারতীয় অফিস চালুর পরিকল্পনা রয়েছে তাদের। কারণ ব্যবহারকারী সংখ্যার দিক থেকে ওপেনএআইয়ের দ্বিতীয় বৃহত্তম বাজার হচ্ছে ভারত, যেখানে নিজেদের ব্যবসা ও কাজকর্ম বাড়াচ্ছে তারা।

ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, ভারতে বড় আকারের নতুন এই ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা ওপেনএআইয়ের জন্য এশিয়ায় বড় এক অগ্রগতি হতে পারে। কারণ এই ডেটা সেন্টারটি তাদের ‘স্টারগেইট’ নামে পরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো সম্প্রসারণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বছরের জানুয়ারিতে ‘স্টারগেইট’ প্রকল্পের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যাতে এআইচালিত অবকাঠামোর জন্য বেসরকারি খাতে ৫০ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এ বিনিয়োগে অর্থায়ন করছে সফটব্যাংক, ওপেনএআই ও ওরাকল।

ব্লুমবার্গের প্রতিবেদনে আরও উঠে এসেছে, ওপেনএআইয়ের প্রস্তাবিত ভারতে এ ডেটা সেন্টার নির্মাণ প্রকল্পের অবস্থান ও সময়সূচি এখনও নিশ্চিত নয়। সেপ্টেম্বরে ভারত সফরে গিয়ে এ সম্পর্কে ঘোষণা দিতে পারেন কোম্পানিটির প্রধান স্যাম অল্টম্যান।