১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পেন্টাগন নিষেধাজ্ঞার পরই অ্যাপ স্টোরে শীর্ষে ‘ক্লড’

গ্রাহকরা সম্ভবত সরকারের সঙ্গে চুক্তি ভেঙে যাওয়াকে গ্রাহক স্বার্থ ও নৈতিকতার প্রশ্নে অ্যানথ্রপিকের আপসহীন অবস্থানের প্রমাণ হিসাবেই দেখছেন।

পেন্টাগন নিষেধাজ্ঞার পরই অ্যাপ স্টোরে শীর্ষে ‘ক্লড’
খবরের শিরোনামে আসায় অ্যানথ্রপিক উল্টো লাভবান হচ্ছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 10:38 AM

Updated : 26 Aug 2026, 03:04 PM

মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের কঠোর অবস্থান ও ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা চেষ্টার পরও চ্যাটজিপিটিকে ছাড়িয়ে অ্যাপল স্টোরের সবচেয়ে জনপ্রিয় ফ্রি অ্যাপের তালিকার শীর্ষে উঠে এসেছে অ্যানথ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ক্লড।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, শনিবার রাতে অ্যাপলের আমেরিকার ‘টপ ফ্রি অ্যাপ’ চার্টে শীর্ষস্থানে ছিল ক্লড। অ্যানথ্রপিকের প্রযুক্তি সরকারি বিভিন্ন সংস্থাতে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন, যার কেবল একদিন পরই অ্যাপটির জনপ্রিয়তায় এ উল্লম্ফন দেখা গেল।

জনপ্রিয়তার এই বৃদ্ধিতে ইঙ্গিত মেলে, খবরের শিরোনামে আসায় অ্যানথ্রপিক উল্টো লাভবান হচ্ছে। নিজেদের এআই মডেলগুলোকে গণ নজরদারি বা সম্পূর্ণ অটোনমাস মরণঘাতী অস্ত্র তৈরিতে ব্যবহার করতে দিতে অস্বীকার করায় আলোচনায় আসে অ্যানথ্রপিক।

গ্রাহকরা সম্ভবত সরকারের সঙ্গে চুক্তি ভেঙে যাওয়াকে গ্রাহক স্বার্থ ও নৈতিকতার প্রশ্নে অ্যানথ্রপিকের আপসহীন অবস্থানের প্রমাণ হিসাবেই দেখছেন।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প লিখেছেন, “অ্যানথ্রপিকের এই বামপন্থী পাগলরা যুদ্ধ বিভাগকে চাপে ফেলার চেষ্টা করে ভয়াবহ ভুল করেছে। আমাদের সংবিধানের বদলে তাদের নিজস্ব ‘টার্মস অফ সার্ভিস’ মানতে বাধ্য করতে চায় তারা।”

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, অ্যানথ্রপিককে জাতীয় নিরাপত্তার জন্য ‘সাপ্লাই চেইন ঝুঁকি’ হিসেবে তালিকাভুক্ত করার অনুরোধ করেছেন তিনি। ফলে আমেরিকার কোনো প্রতিরক্ষা ঠিকাদার তাদের কাজে অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার করতে পারবে না।

এক বিবৃতিতে অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই বলেছেন, “নিজেদের লক্ষ্য ও আদর্শের সঙ্গে মিল রেখে ঠিকাদার নির্বাচন করা সম্পূর্ণভাবে প্রতিরক্ষা বিভাগের নিজস্ব এখতিয়ার। তবে আমাদের প্রযুক্তি সশস্ত্র বাহিনীকে যে সুবিধা ও গুরুত্ব দেয় তা বিবেচনা করে আমরা আশা করি তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন।”

সাধারণ ব্যবহারকারীদের কাছে অন্যান্য এআই চ্যাটবটের তুলনায় ক্লড জনপ্রিয়তায় পিছিয়েই ছিল। তবে শনিবারের র‍্যাঙ্কিংয়ে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ২ ও গুগলের জেমিনাই ৪ নম্বরে রয়েছে।

অ্যানালিটিক্স কোম্পানি ‘সেন্সর টাওয়ার’-এর তথ্য অনুসারে, ফেব্রুয়ারি থেকে অ্যাপল স্টোরে ক্লড অ্যাপটির জনপ্রিয়তা বাড়ছে। ৩০ জানুয়ারি অ্যাপ স্টোরে আমেরিকায় ১৩১তম অবস্থানে ছিল ক্লড। তবে ফেব্রুয়ারির বেশিরভাগ সময় সেরা ২০-এর মধ্যেই ঘোরাঘুরি করেছে অ্যাপটি। এদিকে, ফেব্রুয়ারির অধিকাংশ সময় এক নম্বর স্থানে ছিল চ্যাটজিপিটি।

অ্যানথ্রপিকের একজন মুখপাত্র ইমেইলে বলেছেন, জানুয়ারি থেকে তাদের ফ্রি ব্যবহারকারীর সংখ্যা ৬০ শতাংশের বেশি বেড়েছে। গত নভেম্বর থেকে প্রতিদিন নতুন ব্যবহারকারীর সাইন আপের হার তিনগুণ এবং এ সপ্তাহে তারা রেকর্ড ভেঙেছে। এ বছরে তাদের পেইড সাবস্ক্রাইবার বা প্রিমিয়াম ব্যবহারকারীর সংখ্যাও দ্বিগুণের বেশি হয়েছে।

২০২১ সালে ওপেনএআইয়ের সাবেক কর্মীদের হাত ধরে প্রতিষ্ঠিত হওয়া অ্যানথ্রপিক গত এক বছরে কোডিং ও কর্পোরেট ব্যবহারের ক্ষেত্রে মডেল সরবরাহকারী হিসেবে ক্রমশ শক্ত ভিত্তি তৈরি করেছে।

অন্যদিকে, চ্যাটজিপিটির সপ্তাহে ৯০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। অ্যানথ্রপিকের এই ব্যবসায়িক উত্থানের মোকাবিলা করতে ওপেনএআই এখন ‘অ্যাকসেঞ্চুয়ার’ ও ‘ক্যাপজেমিনাই’-এর মতো বড় বড় কনসাল্টিং ফার্মের সঙ্গে পার্টনারশিপ করছে।

শুক্রবার রাতে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছেন, তারা মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে নিজেদের এআই মডেলগুলো ব্যবহারের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন।

এর কয়েক ঘণ্টা পরই পপ গায়িকা কেটি পেরি অ্যানথ্রপিক-এর ‘প্রো সাবস্ক্রিপশন’-এর এক স্ক্রিনশট পোস্ট করেছেন, যার ওপর হার্ট ইমোজি বা ভালোবাসার চিহ্ন জুড়ে দিয়েছেন তিনি।