২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনএ রোবট, ন্যানো ডাইনোসর: বিশ্বকে বদলে দিতে পারে যে প্রযুক্তি

এইসব ন্যানোস্কেল কাঠামো আকারে খুবই ছোট, যার কয়েকটি মাত্র দেড়শ ন্যানোমিটার চওড়া, যা মানুষের চুলের চেয়েও প্রায় হাজার গুণ পাতলা।

ডিএনএ রোবট, ন্যানো ডাইনোসর: বিশ্বকে বদলে দিতে পারে যে প্রযুক্তি
ছবি: ইউনিভার্সিটি অফ সিডনি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2024, 03:47 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

ডিএনএ থেকে ছোট ছোট প্রোগ্রামযোগ্য প্রাণের কাঠামো বানিয়ে ন্যানো প্রযুক্তি খাতে রোমাঞ্চকর উদ্ভাবনের সম্ভাবনা দেখাচ্ছেন অস্ট্রেলিয়ার গবেষকরা।

‘ইউনিভার্সিটি অফ সিডনি ন্যানো ইনস্টিটিউট’ পরিচালিত এ গবেষণায় উঠে এসেছে, এইসব ‘ডিএনএ অরিগামি’র নকশা মেডিসিন, পদার্থবিজ্ঞান এমনকি রোবটিক খাতে বিপ্লব বয়ে আনতে পারে।

বিজ্ঞানভিত্তিক জার্নাল সায়েন্স রোবটিক্স-এ প্রকাশিত এই গবেষণা নতুন এক ভবিষ্যতের সম্ভাবনা দেখাচ্ছে, যেখানে বিভিন্ন আণবিক মেশিন দিয়ে নানা কাজ করা যাবে, বিশেষ করে, যেগুলো এখন কল্পনাতীত।

ডিএনএ অরিগামি কী?

ডিএনএ অরিগামি এমন এক পদ্ধতি, যেখানে ডিএনএ থেকে ন্যানো পর্যায়ের সুনির্দিষ্ট কয়েকটি আকার তৈরি করা যায়। আর একে একটি শৈল্পিক প্রকল্প হিসেবেও কল্পনা করা যেতে পারে, যেখানে গবেষকরা বিভিন্ন জটিল ও কার্যকরী নকশা তৈরির জন্য কাগজের পরিবর্তে ডিএনএ’র আণবিক কাঠামো ব্যবহার করেছেন।

এ পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা ৫০টিরও বেশি ছোট ছোট কাঠামো তৈরি করেছেন। এর মধ্যে রয়েছে নাচতে পারা রোবট, ন্যানো আকারে তৈরি করা অস্ট্রেলিয়ার মানচিত্র এমনকি একটি মিনিয়েচার ডাইনোসরও! 

এইসব ন্যানোস্কেল কাঠামো আকারে খুবই ছোট, যার কয়েকটি মাত্র দেড়শ ন্যানোমিটার চওড়া, যা মানুষের চুলের চেয়েও প্রায় হাজার গুণ পাতলা। তবে, এমন আকার থাকার পরও বড় বড় কাজ করার সম্ভাবনা দেখাচ্ছে এগুলো।

ড. মিনহ ট্রি লু ও ড. শেলি উইকহ্যামের নেতৃত্বে গবেষণা দলটি ৩ডি ডিএনএ কাঠামো নির্মাণের নতুন এক পদ্ধতির উন্নয়ন করেছে, যেখানে তারা ‘ভক্সেল’ নামের একটি মডিউলার উপাদান ব্যবহার করেছেন।

ভক্সেল অনেকটা ৩ডি পিক্সেলের মতো কাজ করে, যেখানে এগুলো নিখুঁতভাবে সমন্বিত হয়। আর গবেষকরা এগুলো থেকে বিভিন্ন জটিল আকার ও সিস্টেম তৈরির সুযোগ পান।

এইসব কাঠামোর বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে গবেষণা দলটি ‘ভেলক্রো ডিএনএ’ নামের প্রযুক্তি ব্যবহার করেছে। এতে ভক্সেলের পৃষ্ঠে অতিরিক্ত ডিএনএ যোগ করা হয়, যা অনেকটা ‘ভিন্ন ভিন্ন রঙের’ বেল্টের মতো কাজ করে। তবে, একে সমন্বিত অবস্থায় রাখতে একই ধরনের ডিএনএ লাগে। এর ফলে, ডিএনএ’র টুকরার সংযোগ স্থাপনের ব্যবস্থাটি নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ মেলে।

এ পদ্ধতিতে কাস্টমাইজড ন্যানো কাঠামোও তৈরি করা সম্ভব, যেগুলোকে নানা কাজে ব্যবহার করা যেতে পারে।

ছোট রোবটগুলো কী করতে পারে?

এ প্রযুক্তি ব্যবহারের সবচেয়ে সম্ভাবনাময় একটি হচ্ছে স্বাস্থ্যখাত। গবেষকরা এমন ন্যানোস্কেল রোবট তৈরির লক্ষ্য নিয়েছেন, যা শরীরের সুনির্দিষ্ট কিছু অংশে সরাসরি ওষুধ পৌঁছে দিতে পারে।

এইসব ন্যানোবট এমনভাবেও নকশা করা যেতে পারে, যেখানে বিভিন্ন জৈবিক সংকেতের বিপরীতে সাড়া দেওয়া সম্ভব। ফলে, বিভিন্ন ওষুধ কেবল প্রয়োজনের সময়ই প্রয়োগ করার নিশ্চয়তা মিলবে।

উদাহরণ হিসেবে, ন্যানোবট কোনো ক্যান্সার কোষকে লক্ষ্যবস্তু বানিয়ে সেখানে ওষুধ পৌঁছে দিতে পারে, তাও স্বাস্থ্যবান কোষগুলোতে প্রভাব না ফেলেই। এতে করে ওষুধ প্রয়োগের পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কমে আসার পাশাপাশি চিকিৎসার উন্নত ফলাফল দেখার সম্ভাবনাও রয়েছে।

মিনি ডাইনোসর থেকে শুরু করে মেডিকাল ন্যানোবটের সম্ভাবনা অপার। এমনকি রোবটিক খাত ও আণবিক প্রকৌশলের সম্ভাবনা আমাদের প্রচলিত ধারণাতেও এ প্রযুক্তি বড় পরিবর্তন আনার পথ দেখাচ্ছে বলে উঠে এসেছে নোরিজের প্রতিবেদনে।