২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাঙ্গ নোবেল’ পুরস্কার এবার জিতল ধনীর মনস্তত্ব, চুমুর সংজ্ঞা

“অ-আগ্রাসী মিথস্ক্রিয়া, যা নির্দেশিত, একই প্রজাতির মধ্যে মৌখিক-মৌখিক স্পর্শের সঙ্গে ঠোঁট বা মুখের নড়াচড়ার মাধ্যমে হয় এবং যেখানে কোনো খাবার আদান-প্রদান হয় না।”

‘ব্যাঙ্গ নোবেল’ পুরস্কার এবার জিতল ধনীর মনস্তত্ব, চুমুর সংজ্ঞা
উচ্চবিত্তরা তুলনামূলকভাবে নেতিবাচক আচরণের প্রবণতা বেশি দেখান। ছবি: ম্যাগনিফিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 10:08 AM

Updated : 19 Sep 2026, 02:25 PM

ধনী শ্রেণির লোকজন কি সাধারণ মানুষের তুলনায় একটু বেশি অসৎ? সম্প্রতি ‘ইগ নোবেল’ পুরস্কার পাওয়া এক মনস্তাত্ত্বিক গবেষণায় এমনসব প্রশ্নের উত্তর উঠে এসেছে।

নোবেল পুরস্কারের আভিজাত্যের বিপরীতে বিজ্ঞান নিয়ে ভিন্নধর্মী, কৌতূহল জাগানিয়া আর মজাদার গবেষণার স্বীকৃতি দিতে ১৯৯১ সাল থেকে চলে আসছে ‘ইগ নোবেল পুরস্কার’। পুরস্কারটির এ বছরের অনুষ্ঠান আয়োজিত হল সম্প্রতি।

প্রতি বছরের মতো এবারও এমন কিছু গবেষণাকে এ পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে, যা প্রথমে মানুষকে হাসায় ও পরে গভীরভাবে ভাবতে বাধ্য করে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

মূল নোবেল পুরস্কার ঘোষণার ঠিক আগে আয়োজিত এ অনুষ্ঠানে সত্যিকারের নোবেল জয়ীরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় বিজয়ীরা তাদের গবেষণা নিয়ে আকর্ষণীয় ‘২৪/৭’ লেকচার দেন, যেখানে কেবল ২৪ সেকেন্ডে ও পরবর্তীতে সাতটি শব্দে নিজেদের কাজের বিবরণ তুলে ধরতে হয়।

এ বছরের ইগ নোবেল বিজয়ীদের মধ্যে অর্থনীতি ও বায়োমেকানিক্স ক্যাটেগরির উল্লেখযোগ্য দুটি গবেষণা হচ্ছে– 

১. অর্থনীতি: ধনী ব্যক্তিরা কি বেশি খারাপ আচরণ করেন?

সাধারণ মানুষের তুলনায় ধনীরা কি সত্যিই বেশি অসদাচরণ করেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মনোবিজ্ঞানীরা দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রমাণ পেয়েছেন, উচ্চবিত্তরা তুলনামূলকভাবে বেশি নেতিবাচক আচরণের প্রবণতা দেখান।

রাস্তায় অন্যান্য চালকদের প্রতি উদাসীন থাকা, কর্মক্ষেত্রে মিথ্যা বলা ও শিশুদের জন্য নির্ধারিত চকোলেট বা মিষ্টি হাতিয়ে নেওয়ার মতো বিষয়গুলো এর মধ্যে রয়েছে।

অর্থনীতি ক্যাটেগরিতে এ পুরস্কার জয়ী ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, আরভাইন’-এর সামাজিক মনোবিজ্ঞানী ড. পল পিফ বলেছেন, “আমি কলেজ জীবন থেকেই ইগ নোবেল অনুসরণ করে আসছি। কখনো ভাবিনি আমি নিজেও জয়ী হব।”

ড. পিফ ও তার সহকর্মীদের এ গবেষণায় উঠে এসেছে, উচ্চবিত্ত গাড়িচালকরা মোড়ে অন্যান্য গাড়ি কেটে এগিয়ে যাওয়া ও পথচারীদের উপেক্ষা করার প্রবণতা বেশি দেখান।

এ ছাড়া বিত্তশালী ব্যক্তিরা কর্মক্ষেত্রে মিথ্যা বলতেও কম কুণ্ঠাবোধ করেন। গবেষণায় স্বেচ্ছাসেবকদের এমন এক মিষ্টির পাত্রের সঙ্গে একা রাখা হয়েছিল, যার মিষ্টিগুলো শিশুদের জন্য বরাদ্দ ছিল। গবেষকরা ফিরে এসে দেখেন ধনীরা দরিদ্রদের তুলনায় প্রায় দ্বিগুণ মিষ্টি খেয়ে ফেলেছেন।

ড. পিফ বলেছেন, “মানুষের সাধারণ প্রবণতা হচ্ছে, সম্পদ ও ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে আপনি অন্যদের প্রয়োজন সম্পর্কে কম সংবেদনশীল হয়ে পড়েন এবং সামাজিক সম্পর্কের দায়বদ্ধতাকেও তেমন পাত্তা দেন না।

“শিশুদের কাছ থেকে মিষ্টি কেড়ে নেওয়া হয়ত আমাদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় নয়। তবে এটা নিজের প্রয়োজনকে অন্যদের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার মানসিকতারই প্রতীক।”

২. বায়োমেকানিক্স: চুমুর বৈজ্ঞানিক সংজ্ঞা

বায়োমেকানিক্স ক্যাটেগরিতে পুরস্কার জিতে যুক্তরাজ্যের মুখ উজ্জ্বল করেছেন ‘ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড’-এর গবেষকরা।

গবেষণাদলের সদস্য ড. মাটিল্ডা ব্রিন্ডল বলেছেন, “পুরো দল এ সাফল্যে রোমাঞ্চিত।”

তিনি ও তার সহকর্মীরা চুমুর বিবর্তন নিয়ে গবেষণা করতে গিয়ে এ আচরণের সুনির্দিষ্ট এক বৈজ্ঞানিক সংজ্ঞা নির্ধারণের প্রয়োজনীয়তা অনুভব করেন।

দীর্ঘ পর্যালোচনার পর তারা চুমুর সংজ্ঞা দিয়েছেন এভাবে– “অ-আগ্রাসী মিথস্ক্রিয়া, যা নির্দেশিত, একই প্রজাতির মধ্যে মৌখিক-মৌখিক স্পর্শের সঙ্গে ঠোঁট বা মুখের নড়াচড়ার মাধ্যমে হয় এবং যেখানে কোনো খাবার আদান-প্রদান হয় না।”

প্রজননবহির্ভূত যৌন আচরণ নিয়ে বই লিখছেন ড. ব্রিন্ডল। এর আগে, তিনি হস্তমৈথুনের বিবর্তন নিয়েও গবেষণা করেছেন, যা তাকে একাধিকবার ইগ নোবেল জিতে মেরি কুরির সমান হওয়ার দৌড়ে শক্ত অবস্থানে রেখেছে।

এ বিষয়ে তিনি বলেছেন, “আমরা কেবল লিঙ্গ, সেগুলোর কাজ ও কেন সেগুলো গুরুত্বপূর্ণ তা নিয়েই বেশি ব্যস্ত থাকি, অথচ এ ধরনের অন্যান্য যৌন আচরণও সমান গুরুত্বপূর্ণ।”

৩. পদার্থবিজ্ঞান: ছিটকে-পড়া-রোধী মূত্র

কানাডার ‘ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’র কাভি থুরাইরাজার নেতৃত্বাধীন একদল শিক্ষার্থী গবেষণা করে দেখেছেন, কমোডে প্রস্রাবের ধারা যদি ৩০ ডিগ্রির চেয়ে কম কোণে আঘাত করে তবে তা ছিটকে আসার প্রবণতা প্রায় পুরোপুরি দূর করা সম্ভব।

এরপর তারা এমন এক ইউরিনালের নকশা তৈরি করেছেন, যার আকৃতি ব্যবহারকারীর নিশানা যাই হোক না কেন, তরল সম্ভাব্য সবচেয়ে কম ছিটবে।

ল্যাবটির পরিচালক ড. ঝাও প্যান বলেছেন, “আমি খুব গর্বিত।”

৪. শান্তি: শত্রুকে ঘায়েল করতে বন্ধু যখন সহায়ক

মানুষ সাধারণত এমন বন্ধু পছন্দ করে যারা তাদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করে। তবে বন্ধুরা বিশ্বের অন্যান্য মানুষের সঙ্গে যেভাবে মেশেন তা তাদের জীবনেও প্রভাব ফেলতে পারে।

‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস’-এর ড. জেইমি ক্রেমস গবেষণায় দেখিয়েছেন, আমাদের বন্ধু মহলে একটু আক্রমণাত্মক স্বভাবের মানুষ থাকাও কাজের হতে পারে, যদি তারা কেবল আমাদের অপছন্দের মানুষগুলোকে টার্গেট করে।

এ বিষয়ে তিনি বলেছেন, “মাঝেমধ্যে আমরা চাই আমাদের বন্ধুরা আমাদের শত্রুদের সঙ্গে আচরণের ক্ষেত্রে একটু বেশি কঠোর ও উদাসীন হোক। অনেক সময় আমার হয়ে অন্য কেউ যখন আমার রাগ বা ঘৃণা প্রকাশ করে ও আমার পাশে দাঁড়ায় তখন তাদের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়।”

৫. জীববিজ্ঞান: সাপ মাড়ানোর পেছনের বিজ্ঞান

আত্মরক্ষার খাতিরে বিষাক্ত সাপ মানুষকে কেন ছোবল দেয় তা জানতে ব্রাজিলের কিছু গবেষক পায়ে নিরাপত্তা বুট পরে বিভিন্ন সাপের দেহে আলতোভাবে পা দিয়ে পরীক্ষা চালান।

তাদের গবেষণায় বুঠে এসেছে, সাপের মাথায় চাপ পড়লেই সবচেয়ে বেশি ছোবল দেওয়ার ঘটনা ঘটে।

তবে পশুর ওপর এ ধরনের পরীক্ষা চালানোর জন্য প্রয়োজনীয় অনুমতি না থাকায় ‘সায়েন্টিফিক রিপোর্টস’ নামের জার্নাল থেকে গবেষণাটি পরে প্রত্যাহার করে নেওয়া হয়।

৬. ইগ পুরস্কারে সম্মানিত অভিনব আরও আবিষ্কার

এবারের আসরে আরও বেশ কিছু অদ্ভুত গবেষণার জন্য পুরস্কার দেওয়া হয়েছে। যেমন, তেলাপোকার দুধে গরুর দুধের তুলনায় তিন গুণ শক্তি থাকে বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক একদল গবেষক।

গন্ধের ওপর গবেষণা করে বিজ্ঞানীরা দেখেছেন, মা-বাবার কাছে নবজাতক শিশুদের গন্ধ দারুণ লাগলেও টিনএজারদের ক্ষেত্রে বিষয়টি এমন হয় না।

এ ছাড়া, মশার শুঁড়কে থ্রিডি প্রিন্টিংয়ের ছোট নজেলে রূপান্তর, নাক ঝাড়ার সঠিক বায়ু গতিবিদ্যা বের করা ও মাটির মান পরীক্ষার জন্য অন্তর্বাস মাটির নিচে পুঁতে রাখার মতো অদ্ভুত সব বিষয়ের জন্য গবেষকদের ইগ নোবেল মিলেছে।