সোশাল মিডিয়া থেকে বিরতি চান? সময় বাঁচানোর কিছু সহজ উপায়
সোশাল মিডিয়ায় কাটানো সময় নিয়ন্ত্রণ করতে চাইলে ফোনের সেটিংয়েই আছে কিছু দরকারি টুলস।
সোশাল মিডিয়ায় অনেকেই সময় কাটান নিয়মিত। কিন্তু এই অভ্যাস কখনো কখনো অকারণ দুশ্চিন্তা, সময়ের অপচয় আর বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। শিশু-কিশোরদের জন্য যেমন মানসিক স্বাস্থ্যের জন্য সোশাল মিডিয়া কম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, তেমনি বড়দের ক্ষেত্রেও এটি কার্যকর হতে পারে।
সম্পূর্ণভাবে সোশাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার দরকার নেই। তবে একটু নিয়ম মেনে চললেই সময় বাঁচিয়ে নিজের জন্য ভালো কিছু করা সম্ভব। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব পরামর্শ উঠে এসেছে।
সোশাল মিডিয়ায় কাটানো সময় নিয়ন্ত্রণ করতে চাইলে ফোনের সেটিংয়েই আছে কিছু দরকারি টুল।
নোটিফিকেশন বন্ধ করুন: আইফোন বা আইপ্যাডে সেটিংস> নোটিফিকেশনস-এ গিয়ে যে অ্যাপগুলোর বার্তা কম পেতে চান, সেগুলো বন্ধ করে দিন।
অ্যান্ড্রয়েড ফোনেও সেটিংস> নোটিফিকেশনস > অ্যাপ নোটিফিকেশনস-এ গিয়ে এই কাজ করা যায়।
ফোকাস মোড বা ‘ডুনট ডিস্টার্ব’ চালু করুন: আইওএস ১৮- এ সেটিংস> ফোকাস এবং অ্যান্ড্রয়েড ১৫-এ ডিজিটাল ওয়েলবিয়িং-এ গিয়ে কাজের সময় বা ঘুমানোর সময় সোশাল মিডিয়া অ্যাপগুলো সাইলেন্ট রাখা যায়।
অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ করুন: আইওএস-এ সেটিংস> স্ক্রিন টাইম> অ্যাপ লিমিটস-এ গিয়ে নির্দিষ্ট অ্যাপে প্রতিদিন কত সময় ব্যয় করবেন, তা ঠিক করে দিতে পারবেন।
অ্যান্ড্রয়েডে ডিজিটাল ওয়েলবিয়িং অপশন ব্যবহার করে সময় বেঁধে দেওয়া যায়।
অ্যাপ মুছে ফেলুন, অভ্যাস কমবে
শুধু অ্যাপ ডিলিট করলেই সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় না। তবে অ্যাপ না থাকলে ফোন থেকে ঢোকার অভ্যাস কমে যায়।
আইফোনে: অ্যাপ আইকনে চাপ দিয়ে ধরে রাখুন > রিমুভ অ্যাপ > ডিলিট অ্যাপ।
অ্যান্ড্রয়েডে: প্লে স্টোর> প্রোফাইল আইকন > ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইসেস> ম্যানেজ> আনইনস্টল।
বিরতি নিতে পারেন
সোশাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিতে চাইলে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। এতে আপনার প্রোফাইল অস্থায়ীভাবে হাইড হয়ে যাবে।
কিছু প্ল্যাটফর্ম, যেমন এক্স (সাবেক টুইটার) বা স্ন্যাপচ্যাট, ৩০ দিনের মধ্যে ফেরত না এলে অ্যাকাউন্ট চিরতরে মুছে দেয়।
ফেইসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে সময়সীমা ছাড়াই ফিরে আসা যায়।
একেবারেই বিদায় চাই?
ডিলিট করার মানে চিরতরে চলে যাওয়া। তবে অ্যাকাউন্ট মুছে ফেলার আগে চাইলে নিজের ছবি, ভিডিও, পোস্ট ইত্যাদি ডাউনলোড করে রাখতে পারেন।
ফেইসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক বা ইউটিউবে সব প্ল্যাটফর্মেই ডাউনলোডের নিয়ম থাকে।
গুগল টেইকআউট টুল দিয়ে ইউটিউব ভিডিওসহ অন্যান্য তথ্যও সংরক্ষণ করা যায়। একবার ডিলিট হয়ে গেলে তথ্য ফেরত আনা সম্ভব নয়।
সময় বাঁচাতে আর নিজের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সোশাল মিডিয়ায় কাটানো সময় কমিয়ে আনা জরুরি হতে পারে। আপনি চাইলে দিনে ১-২ ঘণ্টা ঠিক করে রাখতে পারেন, চাইলে বড় একটা বিরতি নিতে পারেন এটা একান্তই আপনার সিদ্ধান্ত।
