Published : 07 Nov 2025, 02:53 PM
ইতিহাসের সবচেয়ে বড় কর্পোরেট পারিশ্রমিকের অনুমোদন পেয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
রয়টার্স লিখেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে বিনিয়োগকারীরা মাস্কের সেই স্বপ্নেই আস্থা রাখলেন, যেখানে টেসলাকে কেবল বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও রোবোটিক্সের এক শক্তিশালী প্রযুক্তি কোম্পানিতে রূপান্তরিত করতে চাইছেন মার্কিন এই ধনকুবের।
মাস্কের পারিশ্রমিকের প্রস্তাবটি ৭৫ শতাংশেরও বেশি সমর্থনে অনুমোদিত হয়েছে। এরপর টেক্সাসের অস্টিনে টেসলার কারখানায় অনুষ্ঠিত এ বার্ষিক সভার মঞ্চে উচ্ছ্বসিত হয়ে ওঠেন মাস্ক, আর তার সঙ্গে ছিল নাচতে থাকা রোবটও।
এরইমধ্যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক আগামী এক দশকে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের শেয়ার পেতে পারেন। তবে বিভিন্ন প্রয়োজনীয় পরিশোধ বাদ দিলে এর মোট মূল্য দাঁড়াবে প্রায় ৮৭ হাজার ৮০০ কোটি ডলারে।
এই ভোট টেসলার ভবিষ্যৎ ও এর বাজারমূল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেসলার ভবিষ্যৎ এখন নির্ভর করছে মাস্কের সেই দৃষ্টিভঙ্গির ওপর, যেখানে তিনি স্বচালিত গাড়ি তৈরি, যুক্তরাষ্ট্রজুড়ে রোবোট্যাক্সি নেটওয়ার্ক গড়ে তোলা এবং হিউম্যানয়েড রোবট বিক্রির পরিকল্পনা নিয়েছেন।
এ বছর মাস্কের কট্টর ডানপন্থী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য টেসলার ব্র্যান্ডের ওপর কিছুটা নেতিবাচক প্রভাবও ফেলেছে।
এর আগে টেসলার পরিচালনা পর্ষদ সতর্ক করে বলেছিল, ইলন মাস্ক এই পারিশ্রমিক প্যাকেজ না পেলে কোম্পানি ছেড়ে যেতে পারেন। কিছু বিনিয়োগকারী এটিকে অত্যন্ত ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় বলে মনে করেলেও অনেকেই আবার ধারণা করেছেন, মাস্ককে টেসলায় ধরে রাখার কার্যকর উপায় হতে পারে এই পারিশ্রমিক। তাদের অনুমান, এই প্যাকেজে নির্ধারিত বিভিন্ন টার্গেট পূরণ হলে শেয়ারহোল্ডাররাও যথেষ্ট লাভবান হবেন।
শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে উচ্ছ্বসিত মাস্ক বলেছেন, “আমরা যা শুরু করতে যাচ্ছি, তা টেসলার ভবিষ্যতের কেবল নতুন অধ্যায়ই নয়, বরং সম্পূর্ণ নতুন এক যুগ বা নতুন দিকের সূচনা।”
এরপর মঞ্চে দাঁড়িয়ে মাস্ক একের পর এক প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এপ্রিল থেকেই নিজেদের দুই সিটের স্টিয়ারিংবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’-এর উৎপাদন শুরু করবে কোম্পানি। পাশাপাশি তিনি বলেছেন, শিগগিরই নিজেদের পরবর্তী প্রজন্মের বিদ্যুচ্চালিত স্পোর্টস কার ‘রোডস্টার’ উন্মোচন করবে টেসলা।
মাস্ক আরও বলেছেন, এআই চিপ তৈরিতে টেসলার এক ‘বিরাট চিপ উৎপাদন কারখানা’ প্রয়োজন হবে এবং এ কাজে ইনটেলের সঙ্গে কাজ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
টেসলার আট সদস্যের পরিচালনা পর্ষদের তিনজন সদস্যকেও পুনর্নির্বাচিত করেছেন বিনিয়োগকারীরা। সব বোর্ড সদস্যের জন্য এখন থেকে বার্ষিক নির্বাচন হবে, যেখানে প্রতি বছর নতুনভাবে ভোট দিয়ে বোর্ড গঠন হবে টেসলায়।
এদিকে, মাস্কের আগের বেতন পরিকল্পনা, যা আদালতে স্থগিত রয়েছে তার বদলে নতুন এক বেতন পরিকল্পনাও অনুমোদন করেছেন বিনিয়োগকারীরা।
আরও পড়ুন…
লক্ষ্য পূরণ করলে মাস্ককে ট্রিলিয়ন ডলার দেবে টেসলা
মাস্কের ট্রিলিয়ন ডলার পুরস্কারে ভিটো দেবে নরওয়ের তহবিল