Published : 05 Nov 2025, 12:41 PM
টেসলা প্রধান ইলন মাস্কের ১ ট্রিলিয়ন ডলার পে প্যাকেজের বিপক্ষে ভোট দেবে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল।
বিশ্বের অন্যতম বড় জাতীয় সম্পদ তহবিলটি বলেছে, ‘মাস্কের দূরদর্শী নেতৃত্বে টেসলার অনেক লাভের’ বিষয়ে প্রশংসা করলেও তার জন্য প্রস্তাবিত বিশাল পারফরম্যান্স বোনাসের পক্ষে ভোট দেবে না তারা।
তহবিল বলছে, “আমরা এই পুরস্কারের মোট পরিমাণ, কোম্পানির শেয়ারের মান কমে যাওয়া এবং একজন ব্যক্তির ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন, যা আমাদের নির্বাহী কর্মকর্তাদের বেতন সম্পর্কিত নীতির সঙ্গে যায় না। আমরা টেসলার সঙ্গে এ নিয়ে ও অন্যান্য বিষয়ে ইতিবাচক আলোচনা চালিয়ে যেতে চাই।”
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান লিখেছে, টেসলার বার্ষিক শেয়ারহোল্ডার সভার ঠিক দুই দিন আগে মাস্কের বেতন প্যাকেজের ব্যাপারে এ অবস্থান প্রকাশ করল টেসলার এই সপ্তম বৃহৎ একক শেয়ারহোল্ডার, যার হাতে রয়েছে মার্কিন ইভি কোম্পানিটির, ১ হাজার ৭০০ কোটি ডলারের শেয়ার।
বৃহস্পতিবার কোম্পানিটির বিনিয়োগকারীরা এমন এক প্রণোদনা প্যাকেজের ওপর ভোট দেবেন, যা মাস্ককে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নেয়ার করে তুলতে পারে।
এক ট্রিলিয়ন ডলারের প্যাকেজ পেতে মাস্ককে আগামী ১০ বছরে টেসলার মূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার থেকে সাড়ে ৮ ট্রিলিয়ন ডলার করতে হবে। এতে কোম্পানিতে মাস্কের শেয়ার ১৬ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশেরও বেশি হবে। ফলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদ হবে ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি।
টেসলার চেয়ারপার্সন রবিন ডেনহোম বলেছেন, ৫৪ বছর বয়সী মাস্ককে কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে রাখার জন্য বিনিয়োগকারীদের ভোটের বিষয়টি গুরুত্বপূর্ণ।
শেয়ারহোল্ডারদের কাছে লেখা এক চিঠিতে ডেনহোম লিখেছেন, মাস্ক চলে গেলে কোম্পানির ‘বড় ধরনের মূল্য’ হারানোর ঝুঁকি রয়েছে।
গত বছর মাস্কের জন্য ওই সময়কার সবচেয়ে বড় মার্কিন কর্পোরেট বেতন প্যাকেজ ৫ হাজার ৬০০ কোটি ডলারের বিপক্ষে ভোট দিয়েছিল নরওয়ের তেল তহবিল। চুক্তিটি একই বছরের জুনে শেয়ারহোল্ডারদের মাধ্যমে অনুমোদিত হলেও ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো তা প্রত্যাখ্যান করে ডেলাওয়্যার আদালত।
নতুন চুক্তি নিয়ে শেয়ারহোল্ডারদের মধ্যে মতের অমিল রয়েছে, যেখানে ‘গ্লাস লুইস’ ও ‘আইএসএস’ নামের দুই প্রভাবশালী শেয়ারহোল্ডার পরামর্শক কোম্পানি মাস্ককে ১ ট্রিলিয়ন ডলার বেতন প্যাকেজের বিপক্ষে ভোট দিতে পরামর্শ দিয়েছে বিনিয়োগকারীদের।
মাস্ক নিজে টেসলার সবচেয়ে বড় একক শেয়ারহোল্ডার। ফলে তিনিও এ প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারবেন।
মাস্কের বেতন প্যাকেজের বিপক্ষে ভোট দেওয়ার বিষয়ে গার্ডিয়ানের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল।
আরও পড়ুন…
'মঙ্গল মিশন' ব্যর্থ হলেও হাজার কোটি ডলারের বেশি বেতন পাবেন মাস্ক?
লক্ষ্য পূরণ করলে মাস্ককে ট্রিলিয়ন ডলার দেবে টেসলা