২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি অফিসে রাশিয়ার সাইবার হামলা ‘ঠেকিয়েছে’ যুক্তরাষ্ট্র

“মার্কিন নাগরিকদের স্পর্শকাতর তথ্য চুরি করতে রাশিয়ার সরকার এইসব স্কিম ছাড়ত।”

সরকারি অফিসে রাশিয়ার সাইবার হামলা ‘ঠেকিয়েছে’ যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2024, 03:19 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

রাশিয়ার গোয়েন্দা তৎপরতার উদ্দেশ্যে ব্যবহার করা ৪১টি ইন্টারনেট ডোমেইন ও এদের বিভিন্ন প্রক্সি সাইট জব্দ করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন বিচার বিভাগ বৃহস্পতিবার বলেছে, পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে সাইবার হামলা করার লক্ষ্য নিয়ে রাশিয়া এইসব ডোমেইন ব্যবহার করে আসছে।

এক বিবৃতিতে বিচার বিভাগ আরও যোগ করে, মাইক্রোসফটের সঙ্গে একযোগে কাজ করে তারা ওই একই গ্রুপের ৬৬টি ইন্টারনেট ডোমেইন সরিয়েছে। আর রাশিয়ার ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)’র সঙ্গে এইসব জব্দ হওয়া ডোমেইনের যোগসূত্র থাকতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

“মার্কিন নাগরিকদের স্পর্শকাতর তথ্য চুরি করতে রাশিয়া সরকার এইসব স্কিম ছাড়ত, যেখানে ভুক্তভোগীর সঙ্গে প্রতারণা করে তাদের অ্যাকাউন্টের তথ্য বের করতে এমন ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা হতো, যেগুলো দেখতে আসলের মতোই,” বলেন যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকো।

বিচার বিভাগ বলেছে, হ্যাকাররা এইসব ডোমেইন ব্যবহার করে এমন ‘ফিশিং’ প্রচারণা চালাতো, যা যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি, গোয়েন্দা বিভাগ, প্রতিরক্ষা দপ্তর, স্টেট ডিপার্টমেন্ট ও জ্বালানী মন্ত্রণালয়ের সাবেক ও বর্তমান কর্মীদের তথ্য হাতিয়ে নেওয়ার লক্ষ্যে তৈরি।

জব্দ করা ডোমেইনগুলো ‘ক্যালিস্টো গ্রুপ’ ও তাদের সহযোগীদের আওতাধীন, যাকে এফএসবি’র একটি ইউনিট বলে ব্যাখ্যা করেছে বিচার বিভাগ। হ্যাকার দলটি ‘কোল্ড রিভার’ বা ‘স্টার ব্লিজার্ড’ নামেও পরিচিত, যারা ২০১৬ সালে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরকে শিকার বানানোর পর গোয়েন্দা কর্মকর্তাদের নজরে আসে।

এ বিষয়ে রয়টার্স রাশিয়ার দূতাবাসের মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি।

২০২৩ সালের ডিসেম্বরে কোল্ড রিভারের সঙ্গে সম্পৃক্ত থাকা দুইজন হ্যাকারের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছিল বিচার বিভাগ, যারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেটো সদস্যভুক্ত অন্যান্য দেশ ও ইউক্রেইনের বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কে সাইবার আক্রমণ চালানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ তাদের।