সামাজিক মাধ্যমের ফিডে ভিডিও ‘অটোপ্লে’ বন্ধ করবেন যেভাবে
অটোপ্লে বন্ধ করে নেওয়া মানে শুধু ডেটা সাশ্রয় নয় বরং নিজের ফিডকে নিজের মতো করে নিয়ন্ত্রণে রাখা।
সামজিক মাধ্যমে স্ক্রল করার সময় হঠাৎই ভিডিও বা জিফ চালু হয়ে গেলে অনেকেরই বিরক্ত লাগে। কারও কাছে এটি অতিরিক্ত ডেটা খরচের কারণ, আবার কেউ কেউ চান না ভাইরাল কোনো কনটেন্ট আচমকা সামনে চলে আসুক।
প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, চাইলে সহজ কিছু ধাপ অনুসরণ করে ফেইসবুক ও ইনস্টাগ্রামে অটোপ্লে বন্ধ করা সম্ভব।
ফেইসবুকে সমাধানটা বেশ সহজ। প্রোফাইল ছবির আইকনে ট্যাপ করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ মেনুতে যেতে হবে। সেখান থেকে ‘প্রেফারেন্সেস’ এবং পরে ‘মিডিয়া’ অপশনে ক্লিক করলে ‘ভিডিও প্লেব্যাক’ নামে একটি অপশন পাওয়া যাবে। এখানে ‘নেভার’ নির্বাচন করলেই নিউজফিডে আর কোনো ভিডিও নিজ থেকে চালু হবে না।
অন্যদিকে ইনস্টাগ্রামে সরাসরি অটোপ্লে বন্ধের সুবিধা নেই তবে বিকল্প ব্যবস্থা আছে। প্রোফাইলে গিয়ে উপরের ডান দিকের তিন দাগের মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি’ খুলতে হবে। সেখান থেকে ‘ইওর অ্যাপ অ্যান্ড মিডিয়া’ এবং পরে ‘মিডিয়া কোয়ালিটি’-তে গেলে ‘ইউজ লেস সেলুলার ডেটা’ টগল চালু করা যাবে। এতে ভিডিও ধীরগতিতে লোড হবে এবং ডেটাও সাশ্রয় হবে। পাশাপাশি, ইনস্টাগ্রামে অডিও নিজে থেকে চালু হবে না যতক্ষণ না ব্যবহারকারী ক্লিক করেন।
ফেইসবুক ও ইনস্টাগ্রামের মত চাইলে এক্স-এও অটোপ্লে বন্ধ করা সম্ভব। প্রথমে প্রোফাইল ছবির আইকনে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ মেনুতে যেতে হবে। এরপর ‘এক্সেসিবিলিটি, ডিসপ্লে, অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস’ থেকে ‘ডেটা ইউজেস’ অপশনে গেলে ভিডিও অটোপ্লে বন্ধ করার টগল পাওয়া যাবে। আরও এক ধাপ এগিয়ে চাইলে ‘ডিসপ্লে অ্যান্ড সাউন্ড’ মেনুতে গিয়ে ‘মিডিয়া প্রিভিউস’ অফ করে দেওয়া যায়। এতে শুধু অটোপ্লে নয়, ভিডিওর প্রিভিউ ছবিও আর ফিডে চোখে পড়বে না।
তবে থ্রেডসের ক্ষেত্রে ব্যবহারকারীদের এখনও অপেক্ষায় থাকতে হচ্ছে। মেটার এই প্ল্যাটফর্ম এখনও অটোপ্লে বন্ধ করার অপশন আসেনি। ব্যবহারকারীরা আশা করছেন ভবিষ্যতের আপডেটে এই ফিচার যুক্ত হবে।
অটোপ্লে বন্ধ করে নেওয়া মানে শুধু ডেটা সাশ্রয় নয় বরং নিজের ফিডকে নিজের মতো করে নিয়ন্ত্রণে রাখা। তাই যাদের অটোপ্লে ঝামেলার কারণ তাদের জন্যই এই সেটিং হতে পারে বড় স্বস্তি।
