২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে ফিরলো ‘পোক’ ফিচার, এবার আরও বড় আকারে

মেটা এবার শুধু পোক করায় সীমাবদ্ধ থাকছে না বরং ব্যবহারকারীদের মধ্যে বাড়তি এনগেজমেন্ট তৈরির জন্য সামনে আনছে পোক কাউন্ট।

ফেইসবুকে ফিরলো ‘পোক’ ফিচার, এবার আরও বড় আকারে
সাম্প্রতিক সময়ে আবারও ফিরছে পোক। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 02:03 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

ফেইসবুকের প্রথম দিকে অন্যতম জনপ্রিয় একটি ফিচার ছিল ‘পোক’। একে ভার্চুয়াল খোঁচাও বলা হয়ে থাকে। সে সময়ে এটি ছিল বন্ধুদের দৃষ্টি আকর্ষণের সবচেয়ে সাধারণ একটি উপায়।

এবার সেই ফিচার আবারও ফিরিয়ে আনছে ফেইসবুক।

মূলত হঠাৎই তরুণ ব্যবহারকারীদের মধ্যে ‘পোক’ এর ব্যবহার আবারও বাড়তে শুরু করেছে। আর সেটিই ফেইসবুককে বাধ্য করেছে ফিচারটিকে নতুন করে আরও বড় আকারে সামনে আনতে।

এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি কারও ফেইসবুক প্রোফাইল থেকে বিশেষ ‘পোক’ বাটন চাপতে পারবেন। যার কাছে এই পোক যাবে তিনি তাৎক্ষণিক নোটিফিকেশন পাবেন।

এখানেই শেষ নয়, নির্দিষ্ট পাতায় গিয়ে দেখতে পারবেন কে কাকে পোক করেছে, মোট কতবার করছে, কারণ, প্রতিবার পোক করার সঙ্গে সঙ্গে এর সংখ্যাও বাড়তে থাকবে। তবে যদি কারও পোক ভালো না লাগে তাহলে তা এড়িয়ে যাওয়ার সুযোগও রয়েছে।

নতুন এই পোক-ট্র্যাকিং সিস্টেম মূলত তরুণ প্রজন্মকে লক্ষ্য করেই সাজানো। কারণ, আজকের সোশাল মিডিয়া ব্যবহারকারীরা অভ্যস্ত গেমিফিকেশন ফিচার যেমন স্ন্যাপচ্যাট ও টিকটকের স্ট্রিকসে। এগুলো বন্ধুদের সঙ্গে যোগাযোগ ধরে রাখার মজার উপায় হলেও এর কারণে আসক্তি তৈরি হওয়া নিয়ে সমালোচনা এমনকি মামলা পর্যন্ত হয়েছে।

মেটা এবার শুধু পোক করায় সীমাবদ্ধ থাকছে না বরং ব্যবহারকারীদের মধ্যে বাড়তি যোগাযোগ তৈরির জন্য সামনে আনছে পোক কাউন্ট। বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে যতবার পোক করা হবে ততবার নামের পাশে ভিন্ন ভিন্ন আইকন দেখানো হবে যেমন কোথাও জ্বলবে আগুনের ইমোজি অথবা ১০০ চিহ্ন।

তবে এবারই নতুন নয়, ফেইসবুক এর আগে ২০২৪ সালের মার্চে ঘোষণা করেছিল পোক পেইজকে সার্চের মাধ্যমে আরও সহজে খুঁজে পাওয়া যাবে এবং কারো নাম সার্চ করলে তাকে পোক করার অপশনও সঙ্গে সঙ্গেই দেখানো হবে। মেটার দাবি, এই ছোট্ট পরিবর্তনগুলোই এক মাসের মধ্যে পোক ব্যবহার ১৩ গুণ বাড়িয়েছে।

পোক কেন ব্যবহার করা হয় এর উত্তরে ফেইসবুক কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি। তাই বিষয়টি থেকে গেছে পুরোপুরি ব্যবহারকারীদের ব্যাখ্যার ওপর। কারো কাছে এটি মনোযোগ আকর্ষণের মাধ্যম, কারো কাছে হয়তো খুনসুটির অজুহাত, আবার কারো কাছে নিছক বিরক্ত করার কৌশল, সবটাই নির্ভর করছে যার যার ব্যবহার করার ইচ্ছায়।

প্রযুক্তি সাইট ভার্জ লিখেছে, ‘পোক’ হয়ত কখনোই স্ন্যাপচ্যাটের স্ট্রিকসের মত জনপ্রিয় হয়ে উঠবে না তবে এর মাধ্যমে মেটা স্পষ্ট করে দিয়েছে যে তারা ফেইসবুকের এনগেজমেন্ট বাড়ানোর কৌশল খুঁজছে। 

তরুণদের কাছে ফেইসবুকের আবেদন ক্রমেই ফিকে হয়ে যাচ্ছেে এমন অভিযোগ বহুদিন ধরেই, বিশেষত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের মধ্যে। হারানো সেই তরুণ প্রজন্মকে টানতে মেটা নানান উদ্যোগ নিয়েছে যেমন শুধু কলেজ শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছিল ‘ফেইসবুক ক্যাম্পাস’ যা ২০২২ সালে বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে আবার তারা জেন জি-কেন্দ্রিক রিডিজাইন নিয়ে এসেছে যাতে তরুণদের আগ্রহ ফেরানো যায়।