২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লক থাকছে, তবে এর নিয়ম পাল্টাচ্ছে এক্স-এ

প্ল্যাটফর্মের মালিক ইলন মাস্ক আগেই জানান দিয়েছেন যে তিনি ব্লক ফিচারের ভক্ত নন। আর এখন, নিজেদের ব্লক ফিচারে পরিবর্তন আনছে এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2024, 02:52 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

এক্স প্ল্যাটফর্মের মালিক ইলন মাস্ক আগেই জানান দিয়েছেন যে তিনি ব্লক ফিচারের ভক্ত নন। আর এখন, নিজেদের ব্লক ফিচারে পরিবর্তন আনছে আগে টুইটার হিসেবে পরিচিত এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

তবে, আপাতত ফিচারটি পুরোপুরি বন্ধ করায় মাস্কের ইচ্ছা সম্ভবত কার্যকর হচ্ছে না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

ব্লক করার পরে একটি পোস্টের রিপ্লাই কতটা বা কীভাবে করা যাবে অথবা যাবে না, সেখানেই আসলে পরিবর্তন আনছে এক্স। এর আগে একজন ব্যবহারকারী প্ল্যাটফর্মে কাউকে ব্লক করার পরও ব্লক করা ব্যক্তির পোস্টের রিপ্লাই দিতে পারতেন। তবে, যাকে ব্লক করা হয়েছে তিনি রিপ্লাইটি দেখতে পারতেন না বা জানতেও পারতেন না। পরিবর্তন আসছে এই নিয়মেই। নতুন নিয়মে একজন ব্যবহারকারীকে ব্লক করে দিলেও, তার কমেন্ট বা রিপ্লাই দেখতে পারবেন পোস্টদাতা।

“জনসমাগমের ভার্চুয়াল স্থান হিসেবে আমাদের বিভিন্ন নীতির সঙ্গে ব্লক ফিচারটির সমন্বয় করার জন্য চলমান প্রতিশ্রুতির অংশই এ পরিবর্তন।” – এক্স-এর ইঞ্জিনিয়ারিং বিভাগের দেওয়া এক পোস্টে বলেছে কোম্পানিটি।

প্ল্যাটফর্মটিতে ব্যবহৃত অন্যতম এ ফিচারটিতে আরও পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে কোম্পানিটি।

“আমাদের লক্ষ্য হল ব্যবহারকারীদের পোস্ট সবার জন্য দৃশ্যমান করা ও তাদের অভিজ্ঞতা আরও নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া,” – বলেছে কোম্পানিটি।

এটি সম্ভবত মাস্কের আগের মন্তব্যের সঙ্গে মিলে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট। এ মার্কিন ধনকুবের একাধিক অনুষ্ঠানে বলেছেন, “পাবলিক ফেইসিং’ ব্লক ফিচার অর্থহীন ও ইনবক্স বাদে আলাদা ফিচার হিসেবে সরিয়ে ফেলা হবে ব্লক।”

তবে, ব্লক ফিচারের নতুন পরিবর্তনটি ততটা কঠিন নয়। প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা কার সম্পর্কে কী বলছে সেটি জানতে চাওয়া ব্যবহারকারীরা এ ফিচারকে স্বাগত জানাতেও পারেন। তবে, যেহেতু এক্স ব্লক ফিচারের পরিবর্তন শুরু করেছে তাই এটি আরও উল্লেখযোগ্য পরিবর্তনের লক্ষণও হতে পারে।