২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ ১১ স্টার্ট মেনুর আকার বদলানোর সুযোগ দিচ্ছে মাইক্রোসফট

স্টার্ট মেনু সেটিংস থেকে ব্যবহারকারী নিজের পছন্দের আকারটি বেছে নিলেই তা সব ডিসপ্লেতে একইভাবে সেট হয়ে থাকবে।

উইন্ডোজ ১১ স্টার্ট মেনুর আকার বদলানোর সুযোগ দিচ্ছে মাইক্রোসফট
আগামী সপ্তাহের মধ্যে ‘এক্সপেরিমেন্টাল’ চ্যানেলে থাকা উইন্ডোজ ইনসাইডারদের জন্য এসব আপডেট চালু হচ্ছে। ছবি: মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 05:43 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

উইন্ডোজ ১১-এর স্টার্ট মেনু ও টাস্কবার ব্যবহারকারীদের পছন্দমতো সাজানোর জন্য কিছু বড় পরিবর্তন নিয়ে পরীক্ষা শুরু করেছে মাইক্রোসফট।

‘উইন্ডোজ ইনসাইডার’দের জন্য নিয়ে আসা এ নতুন আপডেটে স্টার্ট মেনুর আকার ছোট-বড় করার পাশাপাশি স্ক্রিনের যে কোনো প্রান্তে টাস্কবার সরিয়ে নেওয়ার সুবিধাও মিলবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

আগামী সপ্তাহের মধ্যে ‘এক্সপেরিমেন্টাল’ চ্যানেলে থাকা উইন্ডোজ ইনসাইডারদের জন্য এসব আপডেট চালু করছে কোম্পানিটি।

উইন্ডোজ ১১-এর স্টার্ট মেনু আকারে অনেক বড় ও ঘিঞ্জি হয়ে যাওয়া যদি কারো অপছন্দের কারণ হয় তবে এ নতুন ট্রায়ালে মেনুটির জন্য ‘স্মল’ বা ছোট ও ‘লার্জ’ বা বড় সংস্করণের অপশন পাওয়া যাবে।

স্টার্ট মেনু সেটিংস থেকে ব্যবহারকারী নিজের পছন্দের আকারটি বেছে নিলেই তা সব ডিসপ্লেতে একইভাবে সেট হয়ে থাকবে।

এর আগে, ‘উইন্ডোজ লেটেস্ট’ প্রতিবেদনে লিখেছিল, গেল বছরের নভেম্বরে এক আপডেটের পর উইন্ডোজ ১১-এর স্টার্ট মেনু আকারে প্রায় দ্বিগুণ হয়েছে।

ওই সময় মাইক্রোসফট সংবাদমাধ্যমটিকে বলেছিল, তারা বিষয়টি সম্পর্কে জানে এবং এ ফিডব্যাক নিয়ে কাজ করছে।

পাশাপাশি, ইনসাইডারদের জন্য আসা নতুন আপডেটটিতে স্টার্ট মেনুর নির্দিষ্ট কিছু সেকশন বা অংশ, যেমন ‘পিনড’, ‘রেকমেন্ডশন’ ও ‘অল’ আলাদাভাবে চালু বা বন্ধের সুবিধা মিলবে। ফলে মেনুর অপ্রয়োজনীয় বিভিন্ন অংশ লুকিয়ে রেখে স্টার্ট মেনু ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ ও গোছানো যাবে।

যেমন, কেউ যদি ‘রেকমেন্ডেশন’ ও ‘অল’ অপশন দুটি বন্ধ করে দেন তবে স্টার্ট মেনুতে কেবল নিজের পিন করে রাখা অ্যাপগুলোই দেখতে পারেন। এ টগল বা কন্ট্রোল ফিচারগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবার জন্য চালু হবে।

এ ছাড়া ফাইলের সুপারিশ বা রেকমেন্ডেশনের জন্য আলাদা কন্ট্রোলও পাওয়া যাবে, যার মাধ্যমে অন্য কোথাও বন্ধ না করে কেবল স্টার্ট মেনুতেই ফাইল রেকমেন্ডেশন বন্ধ করে রাখা যাবে।

একইসঙ্গে স্ক্রিন শেয়ারের বা লাইভ স্ট্রিমিংয়ের সময় প্রাইভেসি ধরে রাখার জন্য স্টার্ট মেনু থেকে নিজের নাম ও প্রোফাইল ছবি লুকিয়ে রাখার অপশনও যোগ করছে মাইক্রোসফট।

মাইক্রোসফট এবার ব্যবহারকারীকে টাস্কবারটি স্ক্রিনের যে কোনো প্রান্তে উপরে, নিচে, ডানে বা বামে নেওয়ার সুবিধাও দিচ্ছে।

টাস্কবার যখন ডানে বা বামে থাকবে তখন এর বিভিন্ন আইকন উপরের দিকে সারিবদ্ধ থাকবে নাকি মাঝখানে থাকবে তা-ও ব্যবহারকারী বেছে নিতে পারবেন।

টাস্কবারটি যদি স্ক্রিনের উপরে বা নিচে রাখা হয় তবে আইকনগুলো বামে বা মাঝখানে রাখার অপশন পাওয়া যাবে।

মাইক্রোসফটের এ ‘উইন্ডোজ ইনসাইডার’ প্রোগ্রামের অংশ হতে চাইলে ব্যবহারকারীকে নিজের মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে নিবন্ধন করতে হবে।

ইনসাইডাররা কোম্পানির পরীক্ষাধীন সর্বশেষ উইন্ডোজ সংস্করণগুলো সবার আগে ব্যবহারের সুযোগ পান। এর মাধ্যমে তারা এসব পরীক্ষামূলক ফিচার সবার জন্য চালু হওয়ার আগে সেগুলোকে আরও উন্নত করতে কোম্পানিকে নিজেদের মতামত বা ফিডব্যাক পাঠাতে পারেন।