Published : 22 Aug 2026, 08:16 PM
জাপানের ওসাকায় আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা রোবোরেইভ ওসাকার ‘অন্ট্রাপ্রুনারশিপ চ্যালেঞ্জ’ এ বিশ্বের ১৯ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ‘টিম অ্যাটলাস’।
জাপানের ওসাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে গত ১০ থেকে ১২ অগাস্ট এ প্রতিযোগিতা হয়েছে।
টিম অ্যাটলাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় তারা ‘হাইড্রাজ’ নামে এআইচালিত স্মার্ট অ্যাকুয়াকালচার প্ল্যাটফর্ম উপস্থাপন করে। আইওটি, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ও কম্পিউটার ভিশন প্রযুক্তির সমন্বয়ে এ সিস্টেম তৈরি করা হয়েছে, যা দিয়ে মাছের খামারের পানির মান, মাছের আচরণ ও খাদ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা যায়। সেইসঙ্গে সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরামর্শও দেয়।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ম্যাকাও, মিশর, ফিলিপাইন, ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, তিউনিসিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, পোল্যান্ড, গ্রিস, কানাডা, যুক্তরাষ্ট্র ও স্লোভাকিয়া অংশগ্রহণ করে।
টিম অ্যাটলাসের সদস্যরা হলেন- সানি জুবাযের, জান্নাতুল ফেরদৌস ফাহিম, আরাফাত আহমেদ খাঁন আরহাম, মো. শাহরিয়ার হাসান ও অরণী সাহা।