১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এ বছর পরিবেশবান্ধব বিদ্যুৎ খাতে ১০ প্রবণতার আভাস দিল হুয়াওয়ে

পিভি, উইন্ড পাওয়ার ও ইএসএস’কে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রধান শক্তির উৎস হিসেবে দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ ও বাস্তবমুখী দিকনির্দেশনা তুলে ধরেছে হুয়াওয়ে।

এ বছর পরিবেশবান্ধব বিদ্যুৎ খাতে ১০ প্রবণতার আভাস দিল হুয়াওয়ে
শিল্পের মানসম্মত উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিয়েছে কোম্পানিটি। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 03:28 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

এ বছর স্মার্ট পিভি বা ফোটোভোলটাইক ও এনার্জি স্টোরেজ সিস্টেম বা ইএসএস-এর ক্ষেত্রে পরিবেশবান্ধব বিদ্যুৎ খাতের ১০টি প্রবণতার বিষয়ে পূর্বাভাস দিয়েছে হুয়াওয়ে।

চীনা কোম্পানিটির ডিজিটাল পাওয়ার শীর্ষক এক অনুষ্ঠানে এসব ট্রেন্ড বা প্রবণতা প্রকাশ করেছে হুয়াওয়ে। এ অনুষ্ঠানটির  প্রতিপাদ্য ‘অল সিনারিও গ্রিড ফর্মিং, আনলিশিং এআই অ্যান্ড ফর্জিং এক্সেলেন্স: অ্যাডভান্স রিনিউএবলস অ্যাজ মেইন এনার্জি সোর্সেস’।

এ অনুষ্ঠানে শীর্ষ ১০টি ট্রেন্ড ও সংশ্লিষ্ট হোয়াইট পেপার উন্মোচন করেছেন হুয়াওয়ে ডিজিটাল পাওয়ারের স্মার্ট পিভি ও ইএসএস প্রোডাক্ট লাইনের ভাইস প্রেসিডেন্ট ও চিফ মার্কেটিং অফিসার এরিক ঝং।

এতে পিভি, উইন্ড পাওয়ার ও ইএসএস’কে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রধান শক্তির উৎস হিসেবে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও বাস্তবমুখী দিকনির্দেশনা তুলে ধরেছে কোম্পানিটি। পাশাপাশি শিল্পের মানসম্মত উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছে তারা।

ঝং বলেছেন, গত এক দশকে পিভি, উইন্ড পাওয়ার ও ইএসএস খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে পরিবেশবান্ধব শক্তির ব্যবহার দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদন, গ্রিড ব্যবস্থাপনা এবং ব্যবহারের ক্ষেত্রে ভারসাম্য ও স্থিতিশীলতা রক্ষা করার বিষয়টি নতুন চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে।

শিল্পখাত এখন উন্নয়নকে আরও একধাপ এগিয়ে নেওয়ার পর্যায়ে রয়েছে, যেখানে একক উদ্ভাবন থেকে সরে এসে সমন্বিত অগ্রগতির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পিভি ও এনার্জি স্টোরেজ খাতে অভিজ্ঞতার ভিত্তিতে হুয়াওয়ের প্রকাশিত শীর্ষ ১০টি ট্রেন্ডের মধ্যে রয়েছে চারটি ব্যবহারভিত্তিক বা সিনারিওনির্ভর ও ছয়টি প্রযুক্তিকেন্দ্রিক উদ্ভাবন।

এক নজরে প্রবণতাগুলো দেখে নেওয়া যাক–

১. পিভি, উইন্ড আর ইএসএস একসঙ্গে ব্যবহার করলে নবায়নযোগ্য বিদ্যুৎ আরও নিয়মিত, নিয়ন্ত্রণ করা সহজ এবং স্থিতিশীল হবে।

২. ইএসএস গ্রিড ফর্মিং প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ গ্রিডকে ভারসাম্যপূর্ণ ও স্থির রাখতে সহায়তা করবে।

৩. বিদ্যুৎ তৈরি, সরবরাহ, ব্যবহার ও সংরক্ষণ একসঙ্গে পরিকল্পনা করলে স্থানীয়ভাবে স্বনির্ভর হওয়া সহজ হবে এবং বিশ্বজুড়ে বিদ্যুৎ ব্যবস্থার সমন্বয় আরও শক্ত হবে।

৪. বাড়ির পিভি ও ইএসএস ব্যবস্থায় শুধু এআই যুক্ত সিস্টেম নয়, পুরোপুরি এআইনির্ভর সিস্টেমে রূপান্তর হবে, ফলে ব্যবহারকারীরা আরও ভালো অভিজ্ঞতা পাবেন।

৫. উচ্চ ফ্রিকোয়েন্সি ও উচ্চ ঘনত্বের পিভি ও ইএসএস ডিভাইস বেশি বিদ্যুৎ সংরক্ষণ ও সরবরাহ করতে পারবে।

৬. উচ্চ ভোল্টেজ ও নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহার করলে বিদ্যুতের গড় উৎপাদন খরচ বা এলসিওই কমবে।

৭. ইএসএস শুধু ব্যাটারি নয়, পুরো সিস্টেমকে নিরাপদ ও স্থিতিশীলভাবে চালাতে ব্যাটারির সঠিক ব্যবস্থাপনা খুবই জরুরি।

৮. উন্নত গ্রিড ফর্মিং প্রযুক্তি পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে সাহায্য করবে।

৯. এআই এজেন্ট ব্যবহার করলে পরিবেশবান্ধব বিদ্যুৎকেন্দ্র স্বয়ংক্রিয়ভাবে চালানো সম্ভব হবে।

১০. নিরাপত্তার নির্দিষ্ট ও পরিমাপযোগ্য মান ঠিক করলে এনার্জি স্টোরেজ খাতে সামগ্রিক নিরাপত্তা বাড়বে।

সব ধরনের পরিস্থিতিতে গ্রিডফর্মিং প্রযুক্তি ব্যবহার, এআইয়ের ক্ষমতা কাজে লাগানো এবং ধারাবাহিক উৎকর্ষ গড়ে তোলা শুধু প্রযুক্তিগত উন্নতির দিকনির্দেশনা নয়, এগুলো টেকসই উন্নয়নেরও ভিত্তি হিসেবে কাজ করবে।

হুয়াওয়ে পিভি ও ইএসএস শিল্পকে আরও শক্তিশালী করতে ডিজিটাল শিল্পের অংশীদার এবং বিভিন্ন খাতের পেশাজীবীদের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।