অ্যান্ড্রয়েড ফোনে ‘কাস্টম ফন্টস’ চান? নিয়মটি দেখে নিন
শুধু গুগল প্লে স্টোরের বিশ্বস্ত ডেভেলপারদের তৈরি কিবোর্ডই ইনস্টল করুন। কারণ, ফোনের কিবোর্ড দিয়ে পাসওয়ার্ডসহ সব ধরনের ব্যক্তিগত তথ্য টাইপ করা হয়।
অ্যান্ড্রয়েড ফোনে অনেক ধরনের কাস্টমাইজেশন করা যায় বলে অনেক ব্যবহারকারী আইফোনের বদলে অ্যান্ড্রয়েডের দিকে ঝোঁকেন। হোমস্ক্রিনের ওয়ালপেপার বা কালার থিম বদলানোর পাশাপাশি চাইলে নিজের পছন্দের কাস্টম ফন্টও ইনস্টল করতে পারেন।
প্রক্রিয়াটি বেশ সহজ, যদিও ফোনের মডেলভেদে ধাপে কিছুটা পরিবর্তন থাকতে পারে।
যদি স্যামসাং ফোন ব্যবহার করেন তাহলে সেটিংস > ডিসপ্লে > ফন্ট সাইজ অ্যান্ড স্টাইল > ফন্ট স্টাইল-এ যান। এখানে কিছু ডিফল্ট বিল্ট ইন ফন্ট দেখতে পাবেন। এখানের ডিজাইনগুলো পছন্দ না হলে ‘ডাউনলোড ফন্টস’-এ ট্যাপ করলেই গ্যালাক্সি স্টোর খুলে যাবে। সেখান থেকে পছন্দের ফন্ট ডাউনলোড করতে পারবেন।
প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার লিখেছে, অন্যান্য অ্যান্ড্রয়েড ব্র্যান্ডেও সাধারণত ফন্ট পরিবর্তনের অপশন থাকে। তাই নিজের ফোনের মডেল অনুযায়ী সেটিংসে খুঁজে দেখতে পারেন।
কিবোর্ডের লুকও বদলে ফেলতে পারেন
ফোনের ফন্ট বদলালে যেমন লুক বদলায় ঠিক তেমনি কিবোর্ডের ডিজাইন পরিবর্তন করলেও ফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত হয়ে ওঠে।
স্যামসাং ফোনে ডিফল্ট কিবোর্ড ব্যবহার করলে সেটিংস > জেনারেল ম্যানেজমেন্ট > স্যামসাং কিবোর্ড সেটিংস-এ গিয়ে কিবোর্ডের সাইজ ও রং পাল্টানো যায়।
অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্ট জিবোর্ড ব্যবহার করলে সেটিংস > সিস্টেম অ্যান্ড আপডেট > অন স্ক্রিন কিবোর্ড > জিবোর্ড-এ যান। এখান থেকে কিবোর্ডের রং, ব্যাকগ্রাউন্ড ছবি, নাম্বার রো দেখা যাবে কি না, এমনকি কিবোর্ডের ফন্ট সবই বদলাতে পারবেন।
ডিফল্ট অপশনগুলো ভালো না লাগলে চাইলে থার্ড পার্টি কিবোর্ডও ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে মাইক্রোসফট সুইফটকি-তে ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজেশন, সিম্বল লেআউট পরিবর্তন এমনকি নিচে আলাদা অ্যারো কি যুক্ত করার সুবিধাও আছে।
তবে এখানে সাবধানতা জরুরি, শুধু গুগল প্লে স্টোরের বিশ্বস্ত ডেভেলপারদের তৈরি কিবোর্ডই ইনস্টল করুন। কারণ, ফোনের কিবোর্ড দিয়ে পাসওয়ার্ডসহ সব ধরনের ব্যক্তিগত তথ্য টাইপ করা হয় তাই নিরাপত্তা সব সময় আগে।
