১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আইফোন, আইপ্যাড ও ম্যাকে নতুন সুরক্ষা ফিচার আনল অ্যাপল

সাধারণ আপডেট সম্পন্ন হতে যেখানে ৫ থেকে ১০ মিনিট সময় লাগে, সেখানে এ আপডেটের ক্ষেত্রে আইফোন রিস্টার্ট হতে এক মিনিটেরও কম সময় নেয়।

আইফোন, আইপ্যাড ও ম্যাকে নতুন সুরক্ষা ফিচার আনল অ্যাপল
অ্যাপলের সাধারণ সফটওয়্যার আপডেটের তুলনায় এ ‘ব্যাকগ্রাউন্ড সিকিউরিটি ইমপ্রুভমেন্ট’ ইনস্টল করা বেশি দ্রুত। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 01:45 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

অ্যাপল ব্যবহারকারীদের জন্য এখন থেকে আইফোন, আইপ্যাড ও ম্যাক ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে বড় সফটওয়্যার আপডেটের জন্য আর অপেক্ষা করতে হবে না। এসব ডিভাইসের জন্য অ্যাপল নিয়ে এসেছে নতুন সুরক্ষা ফিচার।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, এখন থেকে আইওএস, আইপ্যাডওএস ও ম্যাকওএস ডিভাইসে ছোট ছোট নিরাপত্তা আপডেট দিতে শুরু করেছে অ্যাপল।

এ সুরক্ষা ব্যবস্থাকে ‘ব্যাকগ্রাউন্ড সিকিউরিটি ইমপ্রুভমেন্টস’ বলা হচ্ছে, যা বড় সফটওয়্যার আপডেটের মধ্যবর্তী সময়ে ছোটখাটো সিস্টেম আপডেট দেবে।

কোম্পানিটি বলেছে, “সাফারি ব্রাউজার, ওয়েবকিট ফ্রেমওয়ার্ক স্ট্যাক ও অন্যান্য সিস্টেম লাইব্রেরির জন্য হালকা ওজনের নিরাপত্তা পৌঁছে দেওয়াই এই নতুন সুরক্ষা ফিচারের লক্ষ্য, যা নিয়মিত প্যাচ বা সমাধানের মাধ্যমে ডিভাইসকে আরও সুরক্ষিত রাখবে।”

নামের মতোই এসব আপডেট ব্যাকগ্রাউন্ডে বা ফোনের অন্য কাজ চলাকালীন ডাউনলোড হয়ে যাবে। তবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে ডিভাইসটি একবার ‘রিস্টার্ট’ করার প্রয়োজন হবে।

অ্যাপলের সাধারণ সফটওয়্যার আপডেটের তুলনায় এ ‘ব্যাকগ্রাউন্ড সিকিউরিটি ইমপ্রুভমেন্ট’ ইনস্টল করা বেশি দ্রুত।

একটি সাধারণ আপডেট সম্পন্ন হতে যেখানে ৫ থেকে ১০ মিনিট সময় লাগে, সেখানে এ আপডেটের ক্ষেত্রে আইফোন রিস্টার্ট হতে এক মিনিটেরও কম সময় নেয়। বিষয়টি সাধারণ ‘পাওয়ার সাইকেল’ বা দ্রুত রিস্টার্টের মতোই কাজ করে।

‘ওয়েবকিট-এর একটি সমস্যার সমাধান বা প্যাচ নিয়ে বুধবার প্রথম ‘ব্যাকগ্রাউন্ড সিকিউরিটি ইমপ্রুভমেন্ট’ প্রকাশ করেছে অ্যাপল। আইওএস ২৬.১, আইপ্যাডওএস ২৬.১ ও ম্যাকওএস ২৬.১ চালিত বিভিন্ন ডিভাইসে এসব আপডেট কাজ করবে।

ব্যবহারকারীরা চাইলে সেটিংস মেনুর ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ সেকশনে গিয়ে এই আপডেটের বিস্তারিত দেখে নিতে পারবেন।