Published : 13 Sep 2025, 02:19 PM
প্রতিবন্ধী যাত্রীদের প্রতি বৈষম্যের অভিযোগে উবারের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
বৃহস্পতিবার উবারের বিরুদ্ধে মামলাটি করেছে সংস্থাটি। মামলার নথি অনুসারে উবারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, প্রতিবন্ধী যাত্রীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে রাইড শেয়ারিং কোম্পানিটি।
যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর এক ফেডারেল আদালতে দায়ের করা মামলার অভিযোগপত্র বলছে, “প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন পরিষেবার বিষয়টি যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, কয়েকটি গুরুত্বপূর্ণ দিক থেকে তাদেরকে সেবার পূর্ণ ও সমান সুবিধা দিচ্ছে না উবার।”
মার্কিন বিচার বিভাগের অভিযোগ, উবার ও তাদের চালকেরা ‘নিয়মিতভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা দিতে অস্বীকার করছে, বিশেষ করে যারা সার্ভিস অ্যানিমেল বা সহায়ক প্রাণী নিয়ে ভ্রমণ করেন বা ভাঁজ করা যায় এমন হুইলচেয়ার ব্যবহার করেন’ তাদের বেলায়।
অভিযোগে আরও রয়েছে, উবার অবৈধভাবে অতিরিক্ত চার্জ আরোপ করছে। যেমন– সহায়ক প্রাণীর কারণে পরিষ্কার করার ফি ও যাত্রীদের যাত্রা বাতিল করার জন্য জরিমানা, অথচ এসব যাত্রীকে তারা নিজেরাই অন্যায়ভাবে সেবা দিতে অস্বীকার করেছে।
অনেক সময় “প্রতিবন্ধী ব্যক্তিদের অপমান ও অসম্মানজনক ভাষা ব্যবহার করে বা তাদেরকে অনুপযোগী ও আপত্তিকর প্রশ্ন করেন” উবারের চালকরা।
এক বিবৃতিতে উবার বলেছে, “কোনো ধরনের বৈষম্য বা নিয়ম লঙ্ঘনের বিষয়ে আমরা সঙ্গে সঙ্গেই কড়া ব্যবস্থা নিই। এক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং বিচার বিভাগের অভিযোগের সঙ্গে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছি।”
উবার বলেছে, তাদের কমিউনিটি গাইডলাইনে বৈষম্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ বছরের শুরুতে সহায়ক প্রাণীসহ যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন একটি ফিচার চালু করেছে তারা। যার মধ্যে চালকদের জন্য একটি ভিডিও রয়েছে, যেখানে কোম্পানির বিভিন্ন নীতিমালা ভালোভাবে ব্যাখ্যা করেছে তারা।
সংস্থাটি উবারের বিরুদ্ধে আরও অভিযোগ এনেছে, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য এড়াতে নিজেদের নীতিমালা ও কার্যপ্রণালী ‘যথাযথভাবে উন্নয়ন’ করতে অস্বীকার করেছে কোম্পানিটি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার চাইছে উবারের বিরুদ্ধে একটি জুরি ট্রায়াল হোক। যাতে ভবিষ্যতে এমন আচরণ থেকে দূরে থাকে কোম্পানিটি। পাশাপাশি উবারের কারণে যেসব প্রতিবন্ধী যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ও ‘আমেরিকান উইথ ডিজঅ্যাবিলিটি অ্যাক্ট’ বা এডিএ আইন লঙ্ঘনের জন্য উবারকে জরিমানার বিষয়টিও রয়েছে।
এডিএ আইনটিতে ১৯৯০ সালের ২৬ জুলাই স্বাক্ষর করেছেন সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ।